২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আমার বন্ধু আবদুল মান্নান সৈয়দ

আবদুস সেলিম আবদুস সেলিম

Published : 05 Sep 2015, 08:44 PM

Updated : 22 Nov 2023, 08:33 PM

Image
mannan-syed.jpg

সমমনা মানুষদের সাথে ঘনিষ্ট হতে সময় নেয় না। সেই সাথে তাদের সঙ্গও হয় স্বর্গস্পর্শি। তেমনটাই হয়েছিল মান্নান অর্থাৎ আবদুল মান্নান সৈয়দ-এর সাথে আমার।
এই নামটির সাথে পরিচয় ছিল আগে থেকেই – যেকথা আমি অনেকবার উচ্চারণ করেছি, লিখেছিও। সেটা হয়েছিল তার ছোটগল্প সঞ্চলন "সত্যের মত বদমাশ" গ্রন্থের মাধ্যমে যেটি তদানিন্তন পাকিস্তান সরকার নিষিদ্ধ করেছিল।
এই মানুষটিকে দেখার এবং তারসাথে পরিচিত হবার ইচ্ছা ছিল বইটি পড়ার পর থেকেই । কিন্তু তখন আমি সখের লেখালেখি করতাম এখনও তাই করি- কিন্তু বর্তমানে কিছু লোক অন্তত আমার পরিচিতি জানে, তখন কেউই জানত না।
সুযোগ এলো সিলেট এম.সি.কলেজে অধ্যাপনার জন্য যোগদানের মাধ্যমে। এই বিষয়টি নিয়ে মান্নান তার নির্বাচিত প্রবন্ধ গ্রন্থ আমাকে প্রতিপাদ্য করে একটি প্রবন্ধও লিখেছে।
প্রসঙ্গত মনে পড়ছে সাহিত্য জগতে আমার পরিচিতি মান্নানের মাধ্যমেই। সুযোগ পেলেই মান্নান তার লেখায় আমার কথা লিখত এবং আমার সাথে দেখা হলে অভিযোগ করত "আপনি কিন্তু আমাকে নিয়ে তেমন লেখেন না"। সত্যি বলতে কি আমি নিজেকে লেখকই মনে করতাম না-আর ঠিক এ কারনেই মান্নানকে নিয়ে কিছু লেখার ব্যাপারে আমার গভীর দ্বিধা ছিল।
মনে পড়ছে যখন জীবনের এই প্রান্তসীমায় আবার আমরা মান্নান, সেলিম সারোযার, খালিকুজ্জামান ইলিয়াস, আজফার হোসেন এবং আমি নর্থ সাউথ ইউনিভার্সির্টিতে একত্রে কর্মরত ছিলাম তখন প্রায়শঃ তার অফিস ঘরে কিবা বনানীর ক্যাম্পাসের দোতলার খোলা বারান্ডায় বসে আড্ডা দিতাম আর সেই স্বর্গস্পর্মীসুখ বয়ে যেত মনের গভীরে ।
সেই সময় ইত্তেফাক এ একটি লেখায় মান্নান আমার কথা উল্লেখ করেছিল এবং আমাকে বাধ্য করেছিল হেনরিক ইবসেন ও রবীন্দ্রনাথ-এর নাটকে বাস্তবতার উপস্থাপনা নিয়ে একটি তুলনামূলক প্রবন্ধ লিখতে যেটি মুদ্রিত হয়েছিল মান্নানের কারণেই ইত্তেফাক পত্রিকায়।
মান্নানের সাথে আমার স্মৃতি দীর্ঘ। শুধু 'শিল্পকলা' বা 'চারিত্র্যে'-র যৌথ সম্পাদনার কারনে নয়, জীবনের অনেক খুঁটিনাটি বিষয়ের অংশিদারিত্বের কারণেও। মান্নান স্বভাবে ছিল আত্মকেন্দ্রিক কিন্তু গভীরে ছিল বহির্মূখী। মান্নান দেশ-বিদেশ সফরের কাঙ্খা প্রকাশ করেছে বহুবার কিন্তু শেষ পর্যন্ত তা হয়ে উঠেনি।
প্রথম বিদেশ যাওয়া হয়েছিল আমারই কারণে কোলকাতায়। আমার ফুপাতো ভাইয়ের সহপাঠী বুদ্ধদেব বাবুর বাসায় উঠেছিলাম আমরা। সকাল থেকে সন্ধ্যা বাইরে বাইরে ঘুরতাম। আমদের অন্যতম গন্তব্য ছিল পাবলিক লাইব্রেরী।
তখন মান্নানের জীবনানন্দ আচ্ছন্নতা ছিল অস্বাভাবিক। সেই পাবলিক লাইব্রেরিতে বসে আমরা জীবনানন্দ-এর ট্রাম দুর্ঘটনার সংবাদ পুরোনো সংবাদপত্র অনুসন্ধান করে বের করেছিলাম। খুঁজে বের করেছিলাম তার বড়ভাই অশোকানন্দের বাড়ি।
সেখানেই আলোচনা হয়েছিল জীবনানন্দ-এর লেখা উপন্যাস মাল্যবান-এর পান্ডুলিপি আবিষ্কারের বিষয়। দেখা করেছিলাম সুনীল, বুদ্ধদেব বসু, প্রতিভা বসু এবং আবু সায়ীদ আইয়ূব-এর সাথে। 'দেশ' পত্রিকার অফিসেও গেছিলাম আমরা সুনীল-এর সাথে।
এরা সবাই মান্নানকে চিনত তখন তার লেখার মাধ্যমে। সেই সময়ই মান্নান তৈরি করে তার কোলকাতা উপন্যাসের প্লট আমার সাথে বারংবার আলোচনা করে। উপন্যাসের দুই বন্ধুর চরিত্র আসলে আমাদের দু'জনের চরিত্রেরই প্রচ্ছায়া। কলকাতার অন্য একটি হাল্কা দিক ছিল। আমরা প্রায় প্রতিদিনই একটি করে সিনেমা দেখতাম।
অমিতাভ বচ্চনের একটি চলচ্চিত্রের কথা মনে পড়ছে "মুকাদ্দার কি সিকান্দার"। আর একটি ছবি খুব খোলামেলা দৃশ্যের জন্যে মনে আছে, "সত্যম শিবম সুন্দরম।" কুরুসাওয়ার একটি ছবিও দেখেছিলাম,"হাই অ্যান্ড লো।" মান্নান তার চলো যাই পরোক্ষে গল্পগ্রন্থের শেষ প্রচ্ছদের জন্য একটি প্রবেশক লিখিয়েছিল আমাকে দিয়ে।
তারই প্রতিদানে আমিও আমার প্রথম অনুবাদ গ্রন্থ "গ্যালিলিও"-র শেষ প্রচ্ছদে মান্নানকে দিয়ে লিখিয়ে নিয়েছিলাম। মান্নান-এর অনুপ্রেরণাতেই আমার সিলেকটেড পোয়েমস ফ্রম বাংলাদেশ অনুবাদ বইয়ের প্রকাশ।
একথা মানতেই হবে আবদুল মান্নান সৈয়দ বাংলাদেশের যত কবি সাহিত্যিকদের নিয়ে আলোচনা করেছে আর কেউ তা করে নি।
এই মানুষটি যার যা প্রাপ্য তা দেবার আন্তরিক চেষ্টা করেছে সারা জীবন। আজ আক্ষেপ হয় মান্নান বেঁচে থাকতে আমি কেন তার সাথে কাটান সময়গুলোর স্মৃতিকথা লিপিবব্ধ করিনি। মান্নান ঠিকই বলতো আমি ওকে নিয়ে কমই লিখেছি।

Image
Flag Counter