কুমিল্লা-১০: মোবাশ্বেরের ভোটের পথ খুলল, হচ্ছেন বিএনপির প্রার্থী
এই আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে তাকে প্রতীক দিতে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে বিএনপি।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনে বিএনপির মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছে হাই কোর্ট।
এর ফলে প্রথমে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে মনোনয়নপত্র দাখিল করা এই নেতার নির্বাচনের পথ খুলল।
এই আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে তাকে প্রতীক দিতে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে বিএনপি বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
রোববার রাতে কুমিল্লার সুয়াগাজীতে বিএনপির নির্বাচনি সমাবেশে মোবাশ্বের আলম বক্তব্যও দেন। সমাবেশে দলের চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।
এর আগে রোববার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের বেঞ্চ মোবাশ্বের আলমের বিষয়ে ইসির আদেশ স্থগিত করার আদেশ দেয় বলে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বলা হয়।
মোবাশ্বেরের পক্ষে শুনানি করেন আইনজীবী জমির উদ্দিন সরকার। নির্বাচন কমিশনের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মিজানুর রহমান।
শুরুতে লালমাই ও নাঙ্গলকোট উপজেলা নিয়ে কুমিল্লার এই আসনে মোবাশ্বের আলমকে মনোনয়ন না দিয়ে আবুদল গফুর ভূঁইয়াকে মনোনয়ন দেয় বিএনপি।
তবে মোবাশ্বেরও মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাইয়ে ঋণ খেলাপের অভিযোগে মনোনয়নপত্র বাতিল হয় তখনও বিএনপির তালিকায় নাম না থাকা এই ‘বিদ্রোহীর’।
মোবাশ্বের রির্টানিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলেও সেটি নামঞ্জুর করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি হাই কোর্টে রিট আবেদন করেন।
এদিকে দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপন করায় আপিলে নির্বাচন কমিশনে প্রার্থিতা বাতিল হয় বিএনপির প্রার্থী গফুর ভঁইয়ার।
নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে তার দায়ের করা রিট আবেদন গেল ২২ জানুয়ারি খারিজ করে দিয়েছে হাই কোর্ট।
বিএনপির সাবেক এই এমপির প্রার্থিতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) প্রার্থী কাজি নুরে আলম ছিদ্দিকি।
গেল ১৮ জানুয়ারি ঢাকায় নির্বাচন ভবনে উভয় পক্ষের আপিল শুনানি শেষে গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দেয় ইসি।
এরপর ২১ জানুয়ারি তিনি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করেছিলেন।
