১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

গাজার হাসপাতালে হামলা নিয়ে উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যের পথে বাইডেন

গাজার হাসপাতালে ইসরায়েলের নজিরবিহীন হামলার জেরে আরব দেশের নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পিত শীর্ষ বৈঠক বাতিল হয়েছে।

গাজার হাসপাতালে হামলা নিয়ে উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যের পথে বাইডেন

ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2023, 11:00 AM

Updated : 18 Oct 2023, 11:00 AM

ফিলিস্তিনের গাজা নগরীর হাসপাতালে প্রাণঘাতী হামলা নিয়ে উত্তেজনার মধ্যেই হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে সমর্থন জানাতে দেশটিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

বাইডেন বুধবার ইসরায়েলের উদ্দেশে রওনা হয়েছেন, কিন্তু গাজার হাসপাতালে ইহুদি রাষ্ট্রটির নজিরবিহীন হামলার জেরে আরব দেশের নেতাদের সঙ্গে তার পরিকল্পিত শীর্ষ বৈঠক বাতিল হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, আল-আহলি আল-আরাবি হাসপাতালে ইসরায়েলের বিমান হামলায় কয়েকশ মানুষ নিহত হয়েছেন।

হাসপাতালে বিস্ফোরণের জন্য ইসরায়েল ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গোষ্ঠীর ব্যর্থ রকেট উৎক্ষেপণকে দায় দিয়েছে, কিন্তু গোষ্ঠীটি তা অস্বীকার করেছে।

রযটার্স জানিয়েছে, তারা হাসপাতালে হামলায় নিহতের সংখ্যা ও এর দায় নিয়ে পরস্পরবিরোধী দাবি তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা জানিয়েছেন, হাসপাতালে হওয়া হামলায় কয়েকশ মানুষ নিহত হয়েছেন এবং উদ্ধারকারীরা এখনও ধ্বংসস্তূপের মধ্য থেকে মৃতদেহ বের করে নিয়ে আসছে।

Image

ছবি: রয়টার্স

এর আগে গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের প্রধান আল জাজিরা টেলিভিশনকে বলেছেন, মঙ্গলবার আল-আহলি আল-আরাবি হাসপাতালে ওই হামলায় তিনশর বেশি মানুষ নিহত হয়েছেন। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিহতের সংখ্যা অন্তত ৫০০ বলে জানিয়েছেন। 

এ হামলার জন্য কারা দায়ী এবং এতে কতোজন নিহত হয়েছেন, এসব তথ্য পরিষ্কার হওয়ার আগেই ঘটনাটি ইতোমধ্যে সংকটে থাকা অঞ্চলটিতে আরও উত্তেজনা ছড়িয়েছে। 

আল জাজিরার দেখানো ভিডিও ফুটেজে দেখা গেছে, রক্তমাখা ধ্বংসস্তূপের মধ্যে বেঁচে থাকা লোকজনকে বের করে আনার জন্য উদ্ধারকর্মীরা উন্মত্তের মতো ছুটাছুটি করছেন। উদ্ধারকর্মী ও বেসামরিকদের অন্তত চারটি মৃতদেহ বডি ব্যাগে করে সরিয়ে নিয়ে যেতে দেখা গেছে।

এই হামলার আগে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছিল, ভূখণ্ডটিতে ১১ দিন ধরে চলা ইসরায়েলের বোমা হামলায় নিহতের সংখ্যা ৩০০০ ছাড়িয়ে গেছে।

৭ অক্টোবর ভোরে গাজা শাসনকারী ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের যোদ্ধারা আকস্মিক এক হামলায় ইসরায়েলকে হতবিহ্বল করে দেয়। তাদের এই নজিরবিহীন হামলায় ইসরায়েলের অন্তত ১৩০০ জন নিহত হন। হামাসের যোদ্ধারা প্রায় ২০০ জনকে বন্দি করে গাজায় নিয়ে যায়।  

এরপর থেকে গাজায় ভয়াবহ বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইসরায়েল। তারা হামাসকে নির্মূল করার প্রত্যয় জানিয়েছে। হাসপাতালে বোমা হামলার পর গাজায় নিহতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ পরিস্থিতিতে ইসরায়েলের পথে রওনা হওয়া বাইডেন ছড়িয়ে পড়া আঞ্চলিক উত্তেজনার কিছুটা আঁচ পেতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। আম্মানে মার্কিন প্রেসিডেন্ট, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তা আল সিসির সঙ্গে পরিকল্পিত বৈঠক বাতিল করেছে জর্ডান। আব্বাস নিজেও বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনা বাতিল করেছেন।

এদিকে ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লায় প্রেসিডেন্ট আব্বাসের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন ফিলিস্তিনিরা। তারা আব্বাসের বিরুদ্ধে উত্তেজনাপূর্ণ শ্লোগান ও পাথর নিক্ষেপ শুরু করলে তাদের হটাতে কাঁদুনে গ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী। 

এর পাশাপাশি তুরস্ক ও জর্ডানে ইসরায়েলি দূতাবাসের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে জনতা। লেবাননে মার্কিন দূতাবাসের সামনেও প্রতিবাদ সমাবেশ হয়েছে। এসব সমাবেশ থেকে উত্তেজনা ছড়ানোর পর নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদুনে গ্যাস ছোড়ে।

আরও পড়ুন:

পুরনো খবর:

গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা, নিহত কয়েকশ
গাজায় জাতিসংঘ-পরিচালিত স্কুলে ইসরায়েলের হামলা, নিহত ৬
জর্ডান ও মিশর ফিলিস্তিনি শরণার্থী নেবে না: জর্ডানের বাদশাহ
ইসরায়েল না থামলে মুসলিমরা অপ্রতিরোধ্য হয়ে উঠবে: খামেনি
ইসরায়েল সফরে যাচ্ছেন জো বাইডেন