জর্ডান ও মিশর ফিলিস্তিনি শরণার্থী নেবে না: জর্ডানের বাদশাহ
ইসরায়েলের বিমান হামলায় গাজায় ২ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।
প্রাণ বাঁচাতে গাজা থেকে বের হওয়ার চেষ্টা করছে সেখানকার লাখো ফিলিস্তিনি। এদিকে ফিলিস্তিনি শরণার্থীদের মিশর বা জর্ডানে ঠেলে দেওয়ার চেষ্টার বিরুদ্ধে সতর্ক করে জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ বলেছেন, ফিলিস্তিনিরা যে মানবিক সংকটে পড়েছে তার সমাধান গাজা এবং পশ্চিম তীরের ভেতরেই করতে হবে।
বার্লিনে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে বৈঠক শেষে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বাদশাহ আব্দুল্লাহ বলেন, “ওটাই সর্বোচ্চ সীমা, কারণ আমার মনে হয় সাধারণ সন্দেহভাজনদের এমন কিছু চেষ্টার পরিকল্পনা রয়েছে এবং তারা এই ভূমিতে কার্যত এ সমস্যাই তৈরি করতে চায়। তাই মিশরের ভেতর কোনও শরণার্থী নয়, জর্ডানের ভেতরও কোনও শরণার্থী নয়।”
গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে হাজার হাজার রকেট ছোড়ে হামাস। সেইসঙ্গে সীমান্ত পেরিয়ে ইসরায়েলে ঢুকে বন্দুক হামলা চালায় হামাস যোদ্ধারা। এ সময় তারা দেড়শ’র বেশি ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়ে যায়।
হামাসের হামলায় নিহত হয় ১৪০০’র বেশি ইসরায়েলি। হামাসের হামলা শুরুর দিনই গাজায় পাল্টা বিমান হামলা শুরু করে ইসরায়েল। এর পর থেকে টানা চলে আসছে হামলা। ইসরায়েলের বিমান হামলায় গাজায় ২ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।
ইসরায়েল হামাসকে নির্মূলে স্থল অভিযান চালানোর আগে দিয়ে গোটা গাজা অবরুদ্ধ করে রেখেছে। এতে সেখানে মানবিক বিপর্যয় দেখা দেওয়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে।
