ইসরায়েল না থামলে মুসলিমরা অপ্রতিরোধ্য হয়ে উঠবে: খামেনি
ইসরায়েল অবিলম্বে গাজায় হামলা না থামালে মুসলিম এবং প্রতিরোধ যোদ্ধাদের কেউ মোকাবেলা করে উঠতে পারবে না- বলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় এই নেতা।
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে হুংকার দিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এ হামলাকে ‘ফিলিস্তিনি গণহত্যা’ আখ্যা দিয়ে বলেছেন, ইসরায়েলকে অবিলম্বে হামলা বন্ধ করতে হবে। ইসরায়েল না থামলে মুসলিম এবং প্রতিরোধ যোদ্ধারা অপ্রতিরোধ্য হয়ে উঠবে।
মঙ্গলবার রাষ্ট্রীয় টিভিতে এক বক্তব্যে খামেনি একথা বলেন। ইরানের রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) এক ঊর্ধ্বতন কমান্ডারও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল গাজায় হামলা বন্ধ না করলে তেহরান-সমর্থিত গেরিলা গোষ্ঠী বাড়তি পদক্ষেপ নেবে।
গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে হাজার হাজার রকেট ছোড়ে হামাস। সেইসঙ্গে সীমান্ত পেরিয়ে ইসরায়েলে ঢুকে হামলা চালায় হামাস যোদ্ধারা। এ সময় তারা বহু ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়ে যায়।
হামাসের হামলায় নিহত হয় ১৪০০’র বেশি ইসরায়েলি। হামাসের হামলা শুরুর দিনই গাজায় পাল্টা বিমান হামলা শুরু করে ইসরায়েল। এর পর থেকে টানা চলে আসছে হামলা। ইসরায়েলের বিমান হামলায় গাজায় ২ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।
ইসরায়েল হামাসকে নির্মূলে স্থল অভিযান চালানোর আগে দিয়ে গোটা গাজা অবরুদ্ধ করেছে। হামাসকে সমর্থন দিয়ে আসছে ইরান। ইসরায়েল হামাসকে নির্মূলের অঙ্গীকার করেছে। সেখানে অবিরাম চলছে ইসরায়েলের হামলা।
তেহরানে শিক্ষার্থীদের একটি দলের উদ্দেশে খামেনি বলেন, “ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদি শাসকগোষ্ঠীর (ইসরায়েল) অপরাধ চলতে থাকলে মুসলিম এবং প্রতিরোধ যোদ্ধাদের কেউ মোকাবেলা করে উঠতে পারবে না। গাজায় বোমা হামলা অবিলম্বে বন্ধ হতে হবে।”
তিনি আরও বলেন, “বিশ্ব গাজায় ইহুদি শাসকগোষ্ঠীর ফিলিস্তিনি হত্যার সাক্ষী হচ্ছে।” ‘ইসরায়েল নিপাত যাক’ স্লোগানও দেন খামেনি।
১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের পর থেকেই ইরানের নেতারা ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে আসছেন। গাজার শাসক্ষমতায় থাকা হামাস ও এর সশস্ত্র সংগঠনের যোদ্ধাদের জন্য প্রকাশ্যেই আর্থিক ও সামরিক সহযোগিতাও দিয়ে আসছে দেশটি।
খামেনি বলেন, “আমাদেরকে গাজায় যা ঘটছে তার বিরুদ্ধে অবশ্যই প্রতিক্রিয়া জানাতে হবে।”
