ফিলিস্তিনিদের ঘরে ফেরার স্বপ্ন: কপ-৩১-এ চাবি আর জলপাই গাছের প্রদর্শনী
গাজায় যুদ্ধের ধ্বংসযজ্ঞ, হারানো শেকড় ও স্বদেশে ফেরার আকাঙ্ক্ষা তুলে ধরা হয়েছে এ প্রদর্শনীতে।
তুরস্কের আনতালিয়া শহরের যে স্থানে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১ চলছে, সেই আনফাশ এক্সপো সেন্টারের গ্রিন জোনে চোখে পড়ল ব্যতিক্রমী এক প্রদর্শনী।
সেখানে দেয়ালে ঝোলানো একটি চাবি আর জলপাই গাছের প্রতীকী ছবি দিয়ে তুলে ধরা হয়েছে ফিলিস্তিনিদের হারানো স্বদেশ, বাস্তুচ্যুতির বেদনা এবং নিজ ভূমিতে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা।
প্রদর্শনীর নাম ‘হোপ অব রিটার্ন: আল-আওদা—দ্য স্টোরি অব দ্য অলিভ ট্রি’। এর অর্থ ‘ফেরার আশা: জলপাই গাছের গল্প’।
বাংলাদেশের লেখক, গবেষক ও পরিবেশকর্মী আমিরুল রাজিবের সঙ্গে গ্রিন জোন থেকে ব্লু জোনের প্রবেশপথ পেরিয়ে এক্সপো সিটির ফোয়ারার পাশ দিয়ে যাওয়ার সময় চোখে পড়ে প্রদর্শনীটি।
পথে জলবায়ুকর্মীদের আনাগোনা, আধুনিক স্থাপত্যের সামনে ছবি তোলা আর বিভিন্ন আয়োজনের ভিড়ে একটি অংশে দেখা গেল, দর্শনার্থীরা সারি ধরে বসে এক ক্যালিগ্রাফি শিল্পীর কাছে নিজের নাম-ঠিকানা লিখিয়ে নিচ্ছেন।
আধুনিক ছাপাখানার প্রযুক্তির বদলে শিল্পী নিজের হাতের নিপুণতায় তৈরি করছেন নান্দনিক ক্যালিগ্রাফি। পাশ থেকে ভেসে আসছিল বিষাদমাখা সুর।
কাছে গিয়ে জানা গেল, তুরস্কের বিভিন্ন পেশাজীবী সংগঠন ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে এ প্রদর্শনী আয়োজন করেছে। সম্মেলনে আসা বিভিন্ন দেশের প্রতিনিধি, সাংবাদিক ও পরিবেশকর্মীদের সামনে ফিলিস্তিনিদের মানবিক বিপর্যয় ও বাস্তুচ্যুতির ইতিহাস তুলে ধরাই এর উদ্দেশ্য।
প্রদর্শনীতে গাজায় যুদ্ধের মানবিক ও পরিবেশগত বিপর্যয়, বাস্তুতন্ত্রের ক্ষতি, ঘরহারা মানুষের ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা এবং তাদের পারিবারিক ও সামাজিক স্মৃতির কথা তুলে ধরা হয়েছে। দেয়ালে স্থান পেয়েছে ফিলিস্তিনি শিল্পীদের আঁকা ছবি, যেখানে ফুটে উঠেছে স্বাধীনতার আকাঙ্ক্ষা।
ভেন্যুর ভেতরে বড় বড় পর্দায় দেখানো হচ্ছে যুদ্ধের ধ্বংসযজ্ঞের চিত্র। সাজিয়ে রাখা হয়েছে গাজায় নিহত ও আহত শিশুদের ব্যবহৃত খেলনা, পুরনো জামাকাপড়, ছেঁড়া বইসহ নানা স্মৃতিচিহ্ন।
পর্দায় রয়েছে হতাহত মানুষের ছবি, ধ্বংস হওয়া অবকাঠামো ও পরিবেশের চিহ্ন। বিভিন্ন দেশের প্রতিনিধিরা এসব দেখে বিষণ্ন হয়ে পড়ছেন। বিশেষ করে শিশুদের ছেঁড়া স্যান্ডেল, ভাঙা সাইকেল, রক্তমাখা জামা ও খেলনা পুতুল তাদের নাড়া দিচ্ছে।
প্রদর্শনীতে আসা দর্শনার্থীরা ডিজিটাল পর্দায় নিজেদের অনুভূতি ও মন্তব্য লিখে রাখছেন। সেখানে কয়েক দশক ধরে চলা মানবিক বিপর্যয় ও বাস্তুচ্যুতির নানা অভিজ্ঞতা উঠে আসছে।
প্রবেশপথের বাঁ পাশের দেয়ালে প্রদর্শনীর মূল প্রতিপাদ্য জলপাই গাছ ও ঘরের চাবিকে প্রতীকীভাবে তুলে ধরা হয়েছে। চাবিটি তৈরি করা হয়েছে ফিলিস্তিনের হারানো মানচিত্রের আদলে।
এর নিচে রয়েছে বিস্তৃত বর্ণনা। তাতে স্থান পেয়েছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ঘরে ফেরার আকুতি, হারানো কৃষিজমি ও ফসলের সঙ্গে সম্পর্ক এবং জীবিকা ও শেকড় হারানোর বেদনা।
জলপাই গাছের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে ফিলিস্তিনিদের কৃষি, ভূমি ও প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা স্মৃতির সম্পর্ক।
গাছটি ক্ষতিগ্রস্ত হলেও টিকে থাকার লড়াইয়ের প্রতীক হয়ে উঠেছে। আর চাবিটি হয়ে উঠেছে হারানো ঘর ও স্বদেশে ফিরে যাওয়ার প্রত্যয়ের প্রতীক।
যেসব বাড়ির দরজায় তালা দিয়ে চাবি হাতে স্বদেশ ছেড়েছিলেন ফিলিস্তিনিরা, তার অনেকগুলোই এখন বোমার আঘাতে মাটির সঙ্গে মিশে গেছে। পরবর্তী প্রজন্ম কখনো সেই ভিটায় ফিরতে পারবে কি না, তা-ও অনিশ্চিত।
প্রদর্শনীতে দর্শনার্থীদের ঘুরে ঘুরে দেখা পর্যবেক্ষণ করছিলেন তুরস্কের স্বেচ্ছাসেবী মোয়াম্মার কারামা।
প্রদর্শনীর বিষয়ে জানতে চাইলে তিনি বললেন, ১৯৪৮ সালে বাস্তুচ্যুত হওয়ার সময় অনেক ফিলিস্তিনি পরিবার নিজেদের বাড়ির চাবি সঙ্গে নিয়ে স্বদেশ ছেড়েছিল। তারা বিশ্বাস করে, একদিন পৃথিবীতে শান্তি ফিরবে, অন্যায় আগ্রাসন বন্ধ হবে এবং তারা নিজেদের বাড়িতে ফিরতে পারবে।
“জীবন বাঁচাতে যে বাড়িতে তালা দিয়ে তারা চাবি নিয়ে বেরিয়েছিল, সেই চাবি নিয়েই স্বদেশে ফিরবে—এমন আশা তাদের। তাদের অনেকে হামলায় মারা গেছেন, বাস্তুচ্যুত হয়েছেন। তবে পরবর্তী প্রজন্মের জন্য সঙ্গে নিয়ে আসা স্মৃতির চাবিটি সংরক্ষণ করে গেছেন।”
তিনি বলেন, হারানো মানচিত্রের আদলে তৈরি প্রতীকী চাবিকে কেন্দ্র করে ফিরে আসার গল্প তুলে ধরতেই এ প্রদর্শনীর আয়োজন। ইসরায়েলি আগ্রাসনের ভয়াবহতার পাশাপাশি মানবিক ও প্রাকৃতিক বিপর্যয়ের চিত্রও বিশ্ববাসীর সামনে তুলে ধরছেন তারা।
মোয়াম্মার কারামা জানান, তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিসহ কয়েকটি সংগঠন এ আয়োজনের সঙ্গে যুক্ত। প্রদর্শনীতে আনাদোলু এজেন্সির আলোকচিত্রীদের তোলা ৬৩টি ছবি স্থান পেয়েছে।
তুরস্কের আরেক স্বেচ্ছাসেবী নারসিমা ডোমাজ বলেন, “বিশ্ব যখন পরিবেশ রক্ষার কথা বলছে, তখন গাজায় মানুষের জীবন, বসতভিটা ও প্রকৃতি ধ্বংস করা হচ্ছে। প্রদর্শনীর মাধ্যমে কপ-৩১-এ অংশ নেওয়া বিভিন্ন দেশের প্রতিনিধি, সাংবাদিক ও পরিবেশকর্মীদের কাছে ফিলিস্তিনিদের প্রতি সংহতি এবং যুদ্ধের ভয়াবহতার বার্তা পৌঁছে দেওয়ার এটি আমাদের ক্ষুদ্র চেষ্টা।”
তিনি বলেন, একটি স্বাধীন রাষ্ট্রের জনজীবন ও প্রকৃতিকে কীভাবে ধ্বংস করা হয়েছে, তা দেখানোর চেষ্টা করছেন তারা।
লেখক ও গবেষক আমিরুল রাজিব বলেন, জলবায়ু সম্মেলনের মূল আলোচনার বাইরে গ্রিন জোনের এক প্রান্তে থাকা এ প্রদর্শনীতে গবেষণালব্ধ তথ্য ও পরিসংখ্যানের মাধ্যমে ফিলিস্তিনের ওপর যুদ্ধের ভয়াবহতা তুলে ধরা হয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, গাজায় ৮১ শতাংশ বাড়িঘর, স্কুল, বিশ্ববিদ্যালয়, প্রাচীন স্থাপনা এবং জীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার বিভিন্ন অবকাঠামো ধ্বংস হয়েছে। সেখানে প্রায় ৬ কোটি ১০ লাখ টন ধ্বংসাবশেষ পড়ে আছে। ধ্বংস হয়েছে ২০ লাখ জলপাই গাছ এবং প্রায় ৯১ শতাংশ প্রাচীন বৃক্ষ ও সবুজ এলাকা।
তিনি বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজায় দুই লাখ টন বিস্ফোরক ফেলা হয়েছে। তার হিসাবে, এই পরিমাণ বিস্ফোরকের ধ্বংসক্ষমতা হিরোশিমা ও নাগাসাকিতে ফেলা পারমাণবিক বোমার সম্মিলিত ধ্বংসক্ষমতার ১৩ গুণেরও বেশি।
রাজিব বলেন, বোমা হামলায় গাজার পানি ও নাগরিক সেবাব্যবস্থার মাত্র ৩ শতাংশ টিকে আছে।
সম্মেলনের ব্লু জোন থেকে লেখক ও গবেষক পাভেল পার্থ বলেন, যুদ্ধ, সংঘাত, পরিবেশ ও সামাজিক সংকট দূর না করে জলবায়ু বিষয়ে কার্যকর কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।
“যুদ্ধ, অস্ত্রবাণিজ্য, সামরিক দূষণ এবং ভূরাজনৈতিক ক্ষমতার অসম কাঠামো ঠিক রেখে পৃথিবীকে শুধু জলবায়ু সংকটের আলাপে জিম্মি করা যাবে না। প্রথমে গণহত্যা ও পরিবেশহত্যা বন্ধ করতে হবে। এর জন্য দায়ীদের আইন ও বিচারের আওতায় আনতে হবে।”
তিনি বলেন, যুদ্ধ, সামরিক দূষণ ও অস্ত্রবাণিজ্য বন্ধ করে সেই অর্থ দিয়ে জলবায়ু-দুর্গত অঞ্চল ও জনগণের জন্য বড় তহবিল এবং দক্ষতার কাঠামো গড়ে তুলতে হবে।
“একদিকে সমানে পৃথিবীকে ধ্বংস করা হবে, অন্যদিকে এক চিমটি বেঁচে থাকার জন্য অভিযোজনের নাটক দিয়ে দুর্গত এই পৃথিবীর সুরক্ষা সম্ভব নয়। জলবায়ুর আলাপকে বিরাজনৈতিক করা যাবে না। বিশ্বনেতৃত্বকে রাজনৈতিকভাবেই জলবায়ু সংকট মোকাবেলা করতে হবে।”
গাজায় ধ্বংস হওয়া জলপাই গাছের গল্প থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে পাভেল পার্থ বলেন, নিজের দেশে প্রাণ-প্রকৃতি ও পরিবেশ নিয়ে কী করা হচ্ছে, সে বিষয়েও জবাবদিহি থাকতে হবে।
পৃথিবীর সব অনাচার ও সংঘাত একসূত্রে গাঁথা মন্তব্য করে তিনি বলেন, “বাংলাদেশে একটি নদী নিহত হলে, গাজায় জলপাই গাছ পুড়লে এর দায় ও বিষাদ সারা পৃথিবীর বুকেই লাগে। এই ক্ষতকে বৈশ্বিক ক্ষত হিসেবে দেখতে হবে, কারণ আমরা একটা বড় বাস্তুতন্ত্রের বাসিন্দা।”
