গাজায় জাতিসংঘ-পরিচালিত স্কুলে ইসরায়েলের হামলা, নিহত ৬
জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থার কমিশনার জেনারেল বলেন, গাজায় কোনও জায়গাই আর নিরাপদ নয়। এমনকী জাতিসংঘ সংস্থা পরিচালরিত প্রতিষ্ঠানও নয়।
গাজায় ৪ হাজার মানুষ আশ্রয় নিয়ে থাকা জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছে।
জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা (ইউএনআরডব্লিউএ) কমিশনার জেনারেল ফিলিপিন্সের ল্যাজারিনি বলেন, গাজায় কোনও জায়গাই আর নিরাপদ নয়। এমনকী ইউএনআরডব্লিউএ পরিচালরিত প্রতিষ্ঠানও নয়।
স্কুলটিতে হামলায় অনেকে আহতও হয়েছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা এক বিবৃতিতে প্রকাশ করেছে ইউএনআরডব্লিউএ। বিবৃতিতে বলা হয়েছে, “ এটি লজ্জাজনক। ইসরায়েল আবারও সাধারণ মানুষের জীবনকে প্রকাশ্যেই অশ্রদ্ধা দেখিয়েছে।”
ইসরায়েলি সেনবাহিনী গাজাবাসীকে সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পর অন্তত ৬ লাখ মানুষ উত্তর গাজা থেকে দক্ষিণে সরে গেছে। ইসরায়েলের সেনাবাহিনী এর আগে জোর দিয়ে বলেছিল, তারা সাধারণ মানুষকে হামলার নিশানা করছে না। তারা কেবল হামাসকে লক্ষ্য করে হামলা চালানোরই দাবি করেছে।
বিবিসি জানায়, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে তিন হাজারে পৌঁছেছে। নিহতদের এক-তৃতীয়াংশই শিশু বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয় আরও জানায়, ইসরায়েলের হামলায় গাজার সাড়ে ১২ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। তাছাড়া, অধিকৃত পশ্চিম তীরে ৬১ ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে ১,২৫০ জন।
গত ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামলায় চালায় ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র সংগঠন হামাস। এ সময় তারা বহু ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। হামাসের হামলার দিনই গাজায় পাল্টা বিমান হামলা শুরু করে ইসরায়েল। এর পর থেকে টানা চলে আসছে হামলা।
ইসরায়েল হামাসকে নির্মূলে স্থল অভিযান চালানোর আগে দিয়ে গোটা গাজা অবরুদ্ধ করে রেখেছে। এতে সেখানে মানবিক বিপর্যয় দেখা দেওয়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে।
