ইসরায়েল সফরে যাচ্ছেন জো বাইডেন
ইসরায়েল সফরের পর বাইডেন জর্ডানের রাজা, মিশরের প্রেসিডেন্ট এবং ফিলিস্তিনের প্রেসিডেন্টের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন।
গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে নির্মূলে ইসরায়েলের বড় ধরনের স্থল আক্রমণের প্রস্তুতির মধ্যেই দেশটিতে উচ্চ পর্যায়ের সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
রয়টার্স বলেছে, সংঘাত চলাকালে ইসরায়েলে বাইডেনের বুধবারের এ সফর হবে মধ্যপ্রাচ্যের সবথেকে ঘনিষ্ঠ মিত্র দেশটির প্রতি যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সমর্থনের নজির।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন মঙ্গলবার ভোরে তেল আবিবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কয়েক ঘণ্টার আলোচনা শেষে বাইডেনের সফরের বিষয়টি সাংবাদিকদের জানান।
ব্লিনকেন বলেন, “ইসরায়েলের জনগণকে রক্ষায় কী প্রয়োজন, সেটি তাদের কাছ থেকে শুনবেন প্রেসিডেন্ট বাইডেন। সেই চাহিদা পূরণে আমরা কংগ্রেসে কাজ চালিয়ে যাচ্ছি। বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করবেন। ইসরায়েলের নিরাপত্তার প্রতি ওয়াশিংটনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন এবং যুদ্ধের লক্ষ্য ও কৌশল সম্পর্কে বিস্তারিত জানবেন।
“বেসামরিক নাগরিকদের হতাহতের ঘটনা কমিয়ে কীভাবে অভিযান পরিচালনা করা যায় সে ব্যাপারে ইসরায়েলের কাছ থেকে শুনবেন প্রেসিডেন্ট। সেইসঙ্গে কীভাবে মানবিক সহায়তা দেওয়া যায় (গাজায়), যাতে হামাসের কোনো সুবিধা না হয়, সে বিষয়টিও শুনবেন তিনি।”
১০ দিন আগে ইসরায়েলে হামাসের আক্রমণের পর থেকে গাজা ভূখণ্ডে ভয়াবহ বোমা চালাচ্ছে ইসরায়েল। হামাসের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দৃঢ়ভাবে সমর্থন জানিয়েছে। ভূমধ্যসাগরের ইসরায়েল উপকূলে দু’টি বিমানবাহী রণতরী বহরও পাঠিয়েছে দেশটি।
এই পরিস্থিতিতে লেবাননের মিলিশিয়া বাহিনী হেজবুল্লাহ ও ইরানের সঙ্গে ইসরায়েল সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তার মধ্যেই বাইডেন মিত্র দেশটি সফরে যাচ্ছেন।
ইসরায়েল সফরের পর বাইডেন জর্ডানের রাজা আব্দুল্লাহ, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন বলে হোয়াইট হাউজের মুখপাত্র জন কারবি জানিয়েছেন।
ইসরায়েলের ৭৫ বছরের ইতিহাসে সবথেকে প্রাণঘাতী দিন ছিল গত ৭ অক্টোবর। সেদিন হামাসের হামলায় তাদের ১ হাজার ৩০০ জনের বেশি বাসিন্দা নিহত হন। জবাবে ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত ২ হাজার ৬৭০ জনের প্রাণ গেছে, বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ।
আরও পড়ুন-
