ইসরায়েলের অভিযানের মধ্যে দ্বিতীয় যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র বলছে, গাজা ভূখণ্ডের সংকটে যাতে ‘অন্যরা না জড়ায়’ সেজন্যেই যুদ্ধজাহাজ পাঠানোর পদক্ষেপ
গাজায় ইসরায়েলের স্থল অভিযানের প্রস্তুতির মধ্যে পূর্ব ভূমধ্যসাগরে দ্বিতীয় রণতরী ও যুদ্ধবিমান পাঠাচ্ছে পেন্টাগন।
মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলো গাজায় যুদ্ধে অংশগ্রহণ বা ইসরায়েলের অভিযানে অংশগ্রহণ করবে না। মূলত ওই অঞ্চলে মার্কিন শক্তিশালী দুটি যুদ্ধজাহাজের উপস্থিতি ইরান এবং লেবাননের হেজবুল্লাহ বাহিনীকে প্রতিরোধের বার্তা দেবে।
প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বিবৃতিতে বলেন, “ইসরায়েলের প্রতি শত্রুতামূলক পদক্ষেপ থামানোর চেষ্টা হিসেবে এবং সংঘাত সম্প্রসারিত করার যে কোনো পদক্ষেপ প্রতিরোধ চেষ্টার অংশ হিসেবে আমাদের এ উদ্যোগ।”
গত ৭ অক্টোবর হামাসের হামলাকে কেন্দ্র করে সংঘাত তীব্র হওয়ার পরই ইসরায়েল উপকূলে রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এর নেতৃত্বে যুদ্ধ সাজসরঞ্জাম পাঠায় যুক্তরাষ্ট্র।
এক সপ্তাহ পর শনিবার ভার্জিনিয়ার নরফোক থেকে রণতরী ‘ইউএসএস ডুইট ডি আইজেনহাওয়ার’ পাঠিয়েছে পেন্টাগন। এই যুদ্ধজাহাজটি প্রাথমিকভাবে মার্কিন ইউরোপীয় কমান্ডের জলসীমায় যাত্রার জন্য পাঠানো হয়েছে।
আইজেনহাওয়ার পৌঁছানোর পর জেরাল্ড আর ফোর্ড কতক্ষণ ইসরায়েল উপকূলে অবস্থান করবে সেটি স্পষ্ট নয় বলে সিএনএনকে জানান যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা।
অস্টিনের বিবৃতিতে বলা হয়, যুদ্ধজাহাজ আইজেনহাওয়ারের বহরে একটি মিসাইল ক্রুজার এবং দুটি মিসাইল ডেস্ট্রয়ার রয়েছে। এটি এফ/এ-১৮ যুদ্ধবিমানসহ ৬০টির বেশি যুদ্ধবিমান বহন করতে পারে। অপরদিকে জেরাল্ড ফোর্ড যুদ্ধজাহাজের ৭৫টি যুদ্ধবিমান মোতায়েনের সক্ষমতার রয়েছে।
এসব রণতরী ভূমধ্যসাগরে পাঠানোর ব্যাপারে জো বাইডেন প্রশাসন বলছে, সেগুলো ইসরায়েলের পক্ষে যুদ্ধে অংশ নেবে না।
বৃহস্পতিবার হোয়াইট হাউজের মুখপাত্র জন কারবি বলেন, “ইসরায়েলের মাটিতে আমেরিকান সৈন্য পাঠানোর কোনো ইচ্ছা বা পরিকল্পনা নেই। ইসরায়েলের দিক থেকে দূর্বলতার সুযোগ বুঝে অন্যরা যাতে এই সংঘাতে না জড়ায়, সেজন্যই যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।”
আরও পড়ুন-
