১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ইসরায়েলের স্থল অভিযান: লক্ষ্য পূরণ বাস্তবে কতটা সম্ভব

গাজায় ইসরায়েলের আকাশ হামলায় ২,২০০ বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে চার লাখের বেশি মানুষ।

গাজায় ইসরায়েলের স্থল অভিযান: লক্ষ্য পূরণ বাস্তবে কতটা সম্ভব

টুইটার থেকে নেওয়া ছবি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2023, 10:34 PM

Updated : 14 Oct 2023, 10:34 PM

হামাসকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েল। এই লক্ষ্যে দেশটি এবার গাজায় স্থল অভিযান শুরু করেছে। বলেছে, গাজা কখনোই আর আগের মত থাকবে না।

ইসরায়েল এ অভিযানের নাম দিয়েছে ‘দ্য সোর্ডস অব আয়রন’। গাজায় এতটা ব্যাপক অভিযান পরিচালনার কথা গত শনিবারের আগে খোদ ইসরায়েলও হয়তো কল্পনা করেনি।

শনিবার ভোরে গাজা থেকে হামাসের নজিরবিহীন হামলায় ইসরায়েলে ১৩শ’র বেশি মানুষ নিহত হয়েছে। যার জবাব দিতে দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু হুঙ্কার, “হামাসের প্রত্যেক সদস্য মৃত মানুষ।”

তবে নেতানিয়াহু যতই হুঙ্কার ছাড়ুন, আসলেই কী ‘অপারেশন সোর্ডস অব আয়রন’ এর লক্ষ্য পূরণ বাস্তবে সম্ভব?

গাজায় স্থল অভিযানে হামাস যোদ্ধাদের খোঁজে ইসরায়েলের সেনাদের প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে তল্লাশি চালাতে হবে। এতে সেখানকার বেসামরিক নাগরিকদের প্রাণনাশের ঝুঁকি অনেক বেশি।

এরইমধ্যে গাজায় ইসরায়েলের আকাশ হামলায় ২,২০০ বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে চার লাখের বেশি মানুষ।

তবে ইসরায়েলি সেনাদের শুধু হামাস যোদ্ধাদের খুঁজে বের করলেই হবে না। বরং তাদের হামাসের হাতে জিম্মি অন্তত দেড়শ ইসরায়েলিকেও খুঁজে বের করতে হবে। যাদের গাজা জুড়ে অজ্ঞাত স্থানে লুকিয়ে রাখা হয়েছে। তাই হামাসকে ‘নিশ্চিহ্ন’ করা এতটা সহজ হবে না।

এ বিষয়ে ইসরায়েলের আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সামরিক বিশেষজ্ঞ আমির বার শালম বলেন, “আমার মনে হয় না ইসরায়েল হামাসের সব সদস্যকে গুঁড়িয়ে দিতে পারবে। কারণ, এটা চরমপন্থি ইসলামের একটি মতাদর্শ।

“তবে আপনি তাদেরকে যতদ্রুত সম্ভব দুর্বল করে দিতে পারেন। যাতে এটি পরিচালনার সক্ষমতা হারায়।”

এভাবে হামাসকে দুর্বল করে দেওয়ার চেষ্টা বরং অনেক বেশি বাস্তব সম্মত। কারণ, ইসরায়েল এর আগে হামাসের সঙ্গে চারবার লড়াই করেছে এবং প্রত্যেকবারই তারা হামাসের রকেট হামলা বন্ধ করাতে ব্যর্থ হয়েছে।

Image

দক্ষিণমুখে উত্তর গাজার আতঙ্কিত বাসিন্দাদের লাইন

শনিবার ইসরায়েলে হামলা চালানোর আগে দীর্ঘ পরিকল্পনা করেছে হামাস। যার বিন্দুবিসর্গ আঁচ করতে পারেনি ইসরায়েলের গোয়েন্দারা। হামাস জানতো হামলার পর প্রতিপক্ষের জবাব কতটা ভয়ঙ্কর হবে এবং নিশ্চয়ই তা প্রতিহত করার প্রস্তুতি নিয়ে রেখেছে তাদের যোদ্ধা বাহিনী ইজ্জেদ্বীন আল-কাসাম।

ইসরায়েলি পদাতিক বাহিনীকে প্রতিহত করতে হামাস নিশ্চয়ই বিস্ফোরক প্রস্তুত করে রেখেছে। সম্মুখ যুদ্ধের পরিকল্পনাও প্রস্তুত আছে। ইসরায়েলি সেনাবাহিনীর উপর হামলা চলাতে গাজা জুড়ে বিস্তৃত ভূগর্ভস্থ টানেলগুলোও হামাসের দারুণ কাজে লাগবে।

২০১৪ সালে গাজায় অ্যান্টি-ট্যাঙ্ক মাইন, স্নাইপার এবং হামাস যোদ্ধাদের সঙ্গে সম্মুখযুদ্ধে ব্যাপক ক্ষতি হয়েছিল ইসরায়েলের পদাতিক বাহিনীর। গাজায় সেবারের যুদ্ধে কয়েকশ বেসামরিক নাগরিকও নিহত হন।

হামাসের হামলার দিনই নেতানিয়াহু ঘোষণা দেন, তার দেশ যুদ্ধের মধ্যে রয়েছে এবং এই যুদ্ধ যে দীর্ঘস্থায়ী হবে সে বিষয়েও দেশটি নাগরিকদের সতর্ক করেছে। ইসরায়েল সরকার রেকর্ড তিন লাখ ৬০ হাজার রিজার্ভ সেনাকে ডেকে পাঠিয়েছে।

ইসরায়েল কত দিন গাজায় অভিযান পরিচালনা করতে পারবে, কত দিন চোখ বন্ধ করে থাকবে আন্তর্জাতিক বিশ্ব? এ প্রশ্নও উঠেছে।

ইসরায়েলের আকাশ হামলায় গাজা শীগ্রই ‘নরকে’ পরিণত হতে চলেছে বলে সতর্ক করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা। সেখানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। বিদ্যুৎ, পানি ও জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এখন সেখানকার অর্ধেক বাসিন্দাকে বাড়িঘর ছেড়ে মিশর সীমান্তে রাফা ক্রসিংয়ের দিকে চলে যেতে বলা হয়েছে।

ইসরায়েলের শীর্ষ সাংবাদিকদের একজন ইওসি মেলম্যান বলেন, “সরকার ও সেনাবাহিনী ভাবছে আন্তর্জাতিক সম্প্রদায় তাদের পক্ষে আছে.অন্তত পশ্চিমা নেতারা। তাই তাদের বর্তমান দর্শন হলো, ‘আসুন চলুন, আমাদের হাতে পর্যাপ্ত সময় আছে’।

“কিন্তু আজ হোক বা কাল, ইসরায়েলের মিত্রদের হস্তক্ষেপ করতেই হবে। বিশেষ করে যখন তারা গাজায় সাধারণ মানুষের দুর্ভোগ ও মৃত্যুর চিত্র দেখবে।”

তার উপর আছে জিম্মিদের উদ্ধারের চিন্তা। হামাস শুধু ইসরায়েলিদেরই নয় বরং যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্যসহ কয়েকজন বিদেশি ও দ্বৈত নাগরিককেও জিম্মি করে নিয়ে গেছে। ওই সব জিম্মিদের মুক্ত করতে তাদের সরকারকে ব্যবস্থা নিতেই হবে।

ফরাসি প্রেসিডেন্ট এরই মধ্যে বলেছেন, “ফ্রান্স কখনো তার সন্তানদের হাত ছেড়ে দেবে না।”

জিম্মিদের মুক্ত করতে দেশের ভেতরও ইসরায়েল সরকারের উপর চাপ রয়েছে।

২০১১ সালে একজন মাত্র ইসরায়েলি সেনার বিনিময়ে ইসরায়েলকে এক হাজারের বেশি ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে হয়েছিল। যাদের মধ্যে একজন ছিলেন ইয়াহইয়া সিনওয়ার। যিনি বর্তমানে গাজায় হামাসের রাজনৈতিক নেতা।

তাই আবারও বন্দি বিনিময় করতে হলে ইসরায়েলকে অনেক চিন্তাভাবনা করতে হবে।

পুরনো খবর:

দক্ষিণমুখে উত্তর গাজার আতঙ্কিত বাসিন্দাদের লাইন