চীন প্রশান্ত মহাসাগরে ‘অঞ্চল প্রবেশাধিকার রোধ’ মহড়া চালাচ্ছে: তাইওয়ান
এই মহড়ায় চীনের একটি বিমানবাহী রণতরী বহর ও অন্যান্য যুদ্ধজাহাজ ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী।
চীন সংলগ্ন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলোতে ‘প্রবেশাধিকার রোধ’ মহড়া চালাচ্ছে বলে জানিয়েছেন তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী ওয়েলিংটন কু।
এই মহড়ায় চীনের একটি বিমানবাহী রণতরী বহর ও নৌবাহিনীর অন্যান্য যুদ্ধজাহাজ ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
রয়টার্স জানায়, চীনের সামরিক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে, এমন খবরের প্রেক্ষাপটে মঙ্গলবার এসব কথা জানান কু।
চীন গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে তার ভূখণ্ডের অংশ মনে করে। বেইজিং নিয়মিতভাবেই তাইওয়ানের আশপাশে আকাশে ও জলসীমায় তাদের যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ পাঠায়।
গত সপ্তাহে তাইওয়ানের জাতীয় নিরাপত্তা পরিষদের মহাসচিব জোসেফ উ এক্সে এক পোস্টে জানান, তাইওয়ানের উপকূলের কাছে দক্ষিণ চীন সাগরে ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের নৌবাহিনী ও কোস্টগার্ড শতাধিক যুদ্ধজাহাজ মোতায়েন করেছে।
এর পাশাপাশি তাইওয়ানের আশপাশে চীনের বিমান বাহিনীর আকাশযানের আনাগোনাও অনেক বৃদ্ধি পেয়েছে বলে দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল। যদিও চীন আনুষ্ঠানিকভাবে কোনো সামরিক মহড়ার কথা ঘোষণা করেনি।
তাইওয়ানের পার্লামেন্টে কু সাংবাদিকদের বলেছেন, “চীন প্রকৃতপক্ষে লিয়াওনিং বিমানবাহী রণতরী বহর ও অন্যান্য নৌ প্রশিক্ষণ দলের সঙ্গে পশ্চিম প্রশান্ত মহাসাগরে অঞ্চল প্রবেশাধিকার রোধ মহড়া পরিচালনা করেছে।
প্রবেশাধিকার বিরোধী বা অঞ্চল প্রবেশাধিকার রোধ (এটুএডি) বলতে বোঝায় কোনো যুদ্ধে বাইরের কোনো শক্তিকে হস্তক্ষেপ করতে না দেওয়া। তাইওয়ানের ক্ষেত্রে এর অর্থ হল, বেইজিং যদি আক্রমণ করে তাহলে যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্ররা যেন তাইপের সাহায্যে এগিয়ে আসতে না পারে, তা নিশ্চিত করা।
এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
মন্ত্রণালয়টি গত মাসে জানিয়েছিল, পশ্চিম প্রশান্ত মহাসাগরে লিয়াওনিং বিমানবাহী রণতরী বহরের এই প্রশিক্ষণ দূরপাল্লার ও গভীর সমুদ্রে যুদ্ধের সক্ষমতা যাচাইয়ের একটি বার্ষিক নিয়মিত মহড়া এবং এটি কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে না।
আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য অ্যাপেক শীর্ষ সম্মেলন এবং চলতি মাসে শেষ দিকে তাইওয়ানের স্থানীয় নির্বাচনের ঠিক আগে চীন এই সামরিক মহড়া চালাচ্ছে। অ্যাপেক শীর্ষ সম্মেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৈঠক হওয়ার কথা আছে।
কু জানিয়েছেন, চীন কী পদক্ষেপ নিচ্ছে সে বিষয়ে তাইওয়ানের সামরিক বাহিনী তীক্ষ্ণ নজর রাখছে।
