টোকিও, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফুকুশিমায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে তেজস্ক্রিয়ার হার বিপজ্জনক পর্যায়ে পৌঁছে যাওয়ায় সেখান থেকে সব কর্মীদের সাময়িকভাবে সরিয়ে নেয় জাপান সরকার।
এদিকে জাপানের সম্রাট আকিহিতো বুধবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে চলমান সঙ্কট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
বুধবার সকালে সেখান থেকে সব কর্মীদের সরিয়ে নেওয়া হয়। তবে ঘণ্টাখানেক পর তেজস্ক্রিয়ার মাত্রা আবার নেমে এলে তাদের কাজে ফেরানো হয়।
গত শুক্রবারের ভূমিকম্প ও সুনামির পর শনিবার থেকে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের তিনটি চুল্লিতে বিস্ফোরণ ঘটে। এরপর তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়া ঠেকাতে এখনো লড়ছে জাপান সরকার।
এখান থেকে গত ২৪ ঘণ্টায় সামান্য পরিমাণ তেজস্ক্রিয়া ২৪০ কিলোমিটার উত্তরে টোকিও শহরেও পৌঁছেছে বলে মনে করা হচ্ছে।
সরকারি সংবাদ সংস্থা কিয়োডো জানায়, বুধবার বিধ্বস্ত কেন্দ্রটির আরেকটি চুল্লিতে আগুন লেগে ধোঁয়া উঠতে দেখা যায়।
তবে কয়েক ঘণ্টা পর টেলিভিশন চ্যানেল এনএইচকে জানায়, ৪ নম্বর চুল্লিতে আগুন দেখা যাচ্ছে না, তবে এখনো সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। ৩ নম্বর চুিল্লর তাপমাত্রা ও চাপ নিয়ন্ত্রণে রাখতে হেলিকপ্টারের সাহায্যে সেখানে পানি ঢালার প্রস্তুতি নিচ্ছে কর্মীরা।
জাপান সরকারের মুখপাত্র জানায়, ফুকুশিমার দাইচি প্রকল্প থেকে টোকিও পর্যন্ত তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়বে বলে মনে করাটা অবাস্তব। তবে তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়া ঠেকাতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর সহায়তা চাওয়া হয়েছে।
তবে বিশেষজ্ঞরা বলছে, এ ঘটনাটি বিশ্বের সবচেয়ে বড় শিল্প বিপর্যয়ের ঘটনাগুলোর একটি।
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) গবেষক ড. টমাস নেফ বলেন, এটা দীর্ঘমেয়াদি একটা দুঃস্বপ্ন।
গত শুক্রবার থেকেই পরমাণু কেন্দ্রে লড়তে থাকা ৭৫০ জন কর্মীদের মধ্যে মাত্র ৫০ জনকে রেখে বাকিদের মঙ্গলবার সরিয়ে নেওয়া হয়।
ইতিমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এ বিপর্যয় ঠেকাতে জাপানের প্রধানমন্ত্রী নাওতো কানের ভূমিকার সমালোচনা করতে শুরু করেছে। ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য ও প্রকৃত অবস্থা জানানো হচ্ছে না বলে অভিযোগ করছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।
টোকিওর বাতাসে স্বাভাবিকের চেয়ে ১০ গুণ তেজস্ক্রিয়া থাকার কথা স্বীকার করলেও তা স্বাস্থ্যের জন্য হুমকি নয় বলছে কর্মকর্তারা।
তবে তেজস্ক্রিয়া আতঙ্কে বাড়িঘর ছেড়ে বেরোচ্ছে না শহরটির বাসিন্দারা। রাস্তা-ঘাট ও জন পরিহনগুলো ফাঁকাই রয়েছে।
জাপানের তেজস্ক্রিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ার আতঙ্কে প্রতিরোধক বিভিন্ন ওষুধ ও অন্যান্য সামগ্রী কিনতে শুরু করেছে যুক্তরাষ্ট্র ও কানাডার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাসিন্দারা।
ভূমিকম্প ও সুনামিতে বাড়িঘর হারানো মানুষদের প্রচণ্ড শীতের সঙ্গে লড়তে হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর কোথাও কোথাও বরফ পড়ছে।
এখনো সাড়ে আট লাখ বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। ১৫ লাখ বাড়ি পানি সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে।
এ পর্যন্ত চার হাজার নিহত হয়েছে বলে সরকারি হিসেবে জানানো হয়েছে। আরো সাত হাজার মানুষ নিখোঁজ রয়েছে।
সুনামিতে নিশ্চিহ্ন হয়েছে মিয়াগি অঞ্চলসহ আরো কয়েকটি অঞ্চলের ছোট-বড় অনেক শহর ও গ্রাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১৪২০ ঘ.
bdnews24