০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

‘ছাতাটা কোথায়’? অ্যান্টিগুয়ায় মুষলধারে বৃষ্টিতে ভিজলেন ব্রিটিশ রাজা চার্লস

রানি ক্যামিলাকে দ্রুত ছাতা দিয়ে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হলেও, প্রটোকলের গ্যাঁড়াকলে খোলা আকাশেরই নিচে দাঁড়িয়ে ভিজতে হয়েছে ব্রিটিশ রাজাকে।

‘ছাতাটা কোথায়’? অ্যান্টিগুয়ায় মুষলধারে বৃষ্টিতে ভিজলেন ব্রিটিশ রাজা চার্লস

ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Nov 2026, 05:33 PM

Updated : 02 Nov 2026, 05:33 PM

হঠাৎ নামা মুষলধারে বৃষ্টিতে ছাতা ছাড়াই ভিজতে হয়েছে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসকে। রোববার অ্যান্টিগুয়া ও বারবুডার স্বাধীনতার ৪৫ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিয়ে এই পরিস্থিতিতে পড়েন তিনি।

স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে সামরিক কুচকাওয়াজের মঞ্চে যখন জাতীয় সংগীত বাজছিল, তখনই বৃষ্টি শুরু হয়। স্থানীয় রীতি অনুযায়ী জাতীয় সংগীত চলাকালে অনড় দাঁড়িয়ে থাকতে হয় বলে তাৎক্ষণিকভাবে রাজার কাছে ছাতা নিয়ে যেতে পারেননি কর্মকর্তারা।

পোডিয়ামে দাঁড়িয়ে হাত নেড়ে চার্লসকে জিজ্ঞেস করতে দেখা যায়, “ছাতাটা কোথায়?” পরে হাত দিয়ে ছাতা ধরে রাখার ভঙ্গি করে পারিষদদের দিকে তাকিয়ে হাসছিলেন তিনি।

কিছুক্ষণের মধ্যে তার সামরিক সহকারী (ইকুয়েরি) মেজর বেন রিগবি একটি ছাতা জোগাড় করে রাজার হাতে দেন। তবে রানি ক্যামিলাকে রাজা চার্লসের আগেই একটি ছাতা দিয়ে পাশের ছাউনিতে সরিয়ে নেওয়া হয়েছিল।

বৃষ্টির মধ্যেই মাঠ ঘুরে প্যারেড পরিদর্শন করেন রাজা চার্লস এবং ক্যাডেট, স্কাউট ও নার্সিং শিক্ষার্থীদের অভিবাদন গ্রহণ করেন।

মিনিট পাঁচেক পর বৃষ্টি থামলে অ্যান্টিগুয়ার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউনের সঙ্গে দেখা করে রসিকতার সুরে চার্লস বলেন, “পোশাকে বোধহয় এবার জলজ শাকপাতা গজিয়ে উঠবে!”

প্যারেড শেষে ওয়েস্ট ইন্ডিজের চার কিংবদন্তি ক্রিকেটার স্যার ভিভ রিচার্ডস, স্যার রিচি রিচার্ডসন, স্যার অ্যান্ডি রবার্টস ও স্যার কার্টলি অ্যামব্রোজের সঙ্গে সাক্ষাৎ করেন রাজদম্পতি।

তার আগে ভেজা কাপড় আর এলোমেলো চুল দেখিয়ে সাংবাদিকদের উদ্দেশে রানি ক্যামিলা হেসে বলেন, “আমি তো হাল ছেড়ে দিয়েছি!”

একটি প্রদর্শনী ক্রিকেট ম্যাচের স্মারক মুদ্রা টসের মধ্য দিয়ে স্টেডিয়ামের কর্মসূচি শেষ করেন রাজা চার্লস। মঙ্গলবার দেশটিতে কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনে (সিএইচওজিএম) যোগ দেওয়ার কথা রয়েছে তার।