৫ চার ৩ ছক্কায় আরিফুলের আরেকটি ঝড়ো ইনিংস
নেপাল প্রিমিয়ার লিগের এই ম্যাচে ভালো করতে পারেননি বাংলাদেশের অন্য দুই ক্রিকেটার জিসান আলম ও রিপন মন্ডল।
নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) ব্যাট হাতে ঝলক দেখিয়েই চলেছেন আরিফুল ইসলাম। আরেকটি ঝড়ো ইনিংস খেলেছেন তরুণ এই ব্যাটসম্যান। একই ম্যাচে ভালো করতে পারেননি বাংলাদেশের অন্য দুই ক্রিকেটার জিসান আলম ও রিপন মন্ডল।
কার্নালি ইয়াকসের হয়ে সোমবার কাঠমান্ডু গোর্খাসের বিপক্ষে পাঁচ চার ও তিন ছক্কায় ২২ বলে ৪৪ রান করেন আরিফুল। ২১ বছর বয়সি ওপেনার আগের দুই ম্যাচে করেন ২৯ বলে ৪৩ ও ১২ বলে ৩২।
আসরে প্রথম খেলতে নেমে এ দিন একটি ছক্কায় পাঁচ বলে ৭ রান করেন আরিফুলের সতীর্থ জিসান। তাদের প্রতিপক্ষ দলের হয়ে পেসার রিপন তিন ওভারে ৩৯ রান দিয়ে কোনো উইকেট পাননি।
কীর্তিপুরে কার্নালির ইনিংস শুরু করতে নামেন আরিফুল ও জিসান। ম্যাচের প্রথম দুই বলে রান নিতে পারেননি আরিফুল। তৃতীয় বলে আফগান বাঁহাতি স্পিনার শাহাব আলমকে স্লগ সুইপে ডিপ মিডউইকেটের ওপর দিয়ে ছক্কায় ওড়ান তিনি। এক বল পর আরেকটি চমৎকার শটে ছক্কা মারেন লং-অন দিয়ে।
দ্বিতীয় ওভারে কারান কেসিকে একটি ছক্কা মারার পরের বলেই ক্যাচ দিয়ে ফেরেন জিসান।
পরের ওভারে রিপনের ওপর তাণ্ডব চালান আরিফুল। দ্বিতীয় বলে নেন দুই রান, পরের চার বলে ছক্কার পর মারেন টানা তিনটি চার। এই ওভারে আসে ২০ রান।
ষষ্ঠ ওভারে শাহাবের বলে ক্যাচ দিয়ে শেষ হয় আরিফুলের ঝড়।
তার দল যদিও ২০ ওভারে ১৮০ রান করেও জিততে পারেনি। রিপনের দল ৪ উইকেটে জিতেছে দুই বল বাকি থাকতে।
