প্রথমার্ধেই পাকিস্তানের জালে তিন গোল ভারতের
সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচের প্রথমার্ধেই পাকিস্তানকে কোণঠাসা করে ফেলেছে ‘দ্বিতীয় সারি’র দল নিয়ে আসা ভারত।
শুরু থেকেই পাকিস্তানের রক্ষণে চাপ দিতে লাগল ভারত। ত্রয়োদশ মিনিটে এগিয়ে গেল তারা। এরপর আরও দুই গোল প্রথমার্ধেই পাকিস্তানকে কোণঠাসা করে ফেলল সাফ চ্যাম্পিয়নশিপের রেকর্ড নয়বারের চ্যাম্পিয়নরা।
পল্টনের জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের পঞ্চদশ আসরের উদ্বোধনী ম্যাচে বৃহস্পতিবার ভারত প্রথমার্ধ শেষ করেছে ৩-০ গোলে এগিয়ে থেকে।
‘দ্বিতীয় সারি’র দল নিয়ে এবারের সাফে খেলতে আসা ভারত শুরু থেকে পাকিস্তানের উপর আধিপত্য করতে থাকে। দ্বাদশ মিনিটে সতীর্থের পাস বুক দিয়ে নামিয়ে কোনাকুনি শটে মোহাম্মেদ উভাইস মইকাল জালে বল জড়ালেও অফসাইডের কারণে গোল হয়নি।
পরের মিনিটেই মইকালের গোলেই এগিয়ে যায় ভারত। মুহামেদ সুহাইলের আড়াআড়ি ক্রস থেকে নিখুঁত শট লক্ষ্যভেদ করেন তিনি।
পাকিস্তানের উপর চাপ ধরে রেখে ১৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় ভারত। আভিষেক ধনাঞ্জয়ের থ্রু পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে, গোলকিপারের পাশ দিয়ে জাল খুঁজে নেন মইকাল।
৩২তম মিনিটে এন নওশাদের থ্রু পাসে মাংলেংথান কিপগেনের শটে পোস্ট ছেড়ে বেরিয়ে এসেও আটকাতে পারেননি ইউসুফ ইজাজ বাট। বল পাকিস্তান গোলকিপারের পায়ে লেগে জালে জড়ায়।
দুই মিনিট পর বক্সে হায়ান খাট্টাককে ফাউল করেন আভিষেক ধানাঞ্জয়। পেনাল্টি পায় পাকিস্তান। পোস্টের বাইরে উড়িয়ে মেরে হতাশ করেন শায়েক দোস্ত।
