Published : 29 Dec 2023, 08:47 PM
প্রিন্স হ্যারি বহুল আলোচিত স্মৃতিকথা ‘স্পেয়ার’ আনুষ্ঠানিকভাবে বাজারে আসার মধ্য দিয়ে দারুণ চমকপ্রদভাবে শুরু হয়েছিল ২০২৩ সাল। গত ১০ জানুয়ারি বাজারে আসা বইটি বিশ্বজুড়ে ১৬টি ভাষায় একসঙ্গে প্রকাশ পায়। যেখানে উঠে আসে ব্রিটিশ রাজপরিবারের অজানা অনেক কথা। ঝড় ওঠে পুরো পরিবারে।
জানুয়ারির শেষ দিকে এসেই ফের রক্তক্ষয়। সেই চিরাচরিত বোমা হামলা। পাকিস্তানের পেশোয়ারে পুলিশ লাইন্স এলাকায় একটি মসজিদে ভয়াবহ বোমা হামলায় ৫৯ জন নিহত হয়। যাদের বেশিরভাগই পুলিশ সদস্য ছিলেন। রাজনৈতিক বিশৃঙ্খলার সুযোগে পুরো বছর জুড়েই দেশটিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
ফেব্রুয়ারির শুরুতে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে গুঁড়িয়ে গিয়েছিল তুরস্ক ও সিরিয়ার একাংশ। দুই দেশ মিলিয়ে ভূমিকম্পে প্রায় ৬৮ হাজার মানুষ মারা যায়। আধুনিক তুরস্কের ইতিহাসে যা ছিল সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প।
ইউক্রেইনের বিরদ্ধে যুদ্ধে রাশিয়ার প্রধান অস্ত্র হয়ে ওঠা তাদের ভাড়াটে বাহিনী ওয়াগনার এর সঙ্গে মস্কোর প্রতিরক্ষা বাহিনীর বিরোধ ততোদিনে প্রকাশ্যে চলে এসেছে। মার্চের শুরুতে ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন রাশিয়ার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলেন এবং কয়েক মাস পর বিদ্রোহ করে বসেন। যে বিদ্রোহের মূল্য তাকে প্রাণ দিয়ে চুকাতে হয়েছে।
একই মাসে (মার্চ) মাত্র ২২ সপ্তাহে জন্ম নেওয়া কানাডার যজম শিশু আদিয়াহ এবং আদ্রিয়াল নাদারাজা সবচেয়ে ‘অপরিণত জীবিত যমজ’ হিসেবে গিনেস বুকে নাম লিখিয়েছে। ছবি: গিনেস/বিবিসি
ইসরায়েল সরকারের বিচার বিভাগ সংস্কারের পরিকল্পনার বিরুদ্ধে মার্চে দেশটিতে নজিরবিহীন গণআন্দোলন গড়ে উঠেছিল। এত বড় গণবিক্ষোভ দেশটিতে আর কখনও হয়নি।
এ বছর এপ্রিলে বিশ্ব সাক্ষী হয়েছে বিরল এক পূর্ণগ্রাস সূর্যগ্রহণের। ওয়েস্টার্ন অস্টেলিয়ার ছোট্ট এক গ্রাম থেকে তোলা পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ছবি এটি।
শুধু পূর্ণগ্রাস সূর্যগ্রহণই নয় বরং এপ্রিলে সুদানে রক্তক্ষয়ী এক গৃহযুদ্ধ শুরু হতেও দেখেছে বিশ্ব। দেশটির সামরিক বাহিনীর সঙ্গে প্রভাবশালী আধাসামরিক বাহিনী আরএসএফ-এর এ যুদ্ধ এখনও চলছে। যে যুদ্ধ ১০ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। বাস্তুহারা হয়েছে ৫০ লাখের বেশি মানুষ।
মে মাসে সাম্প্রদায়িক দাঙ্গায় উত্তাল হয়ে উঠে ভারতের উত্তরপূর্বের পাহাড়ি রাজ্য মণিপুর। প্রায় এক মাস ধরে চলা দাঙ্গায় ১৭৫ জন নিহত এবং বাড়িঘর ছাড়তে বাধ্য হয় ৭০ হাজারের বেশি মানুষ। সেখানে এখনো গুমোট পরিবেশ বিরাজ করছে।
মে মাসে গ্রেপ্তার হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ২০২৩ সালের পুরোটা জুড়েই যিনি বিক্ষোভ, আন্দোলন, বিভিন্ন মামলায় আদালতে হাজিরা দিতে যাওয়া এবং গ্রেপ্তার হয়ে কারাগারে অবস্থানের কারণে খবরের শিরোনাম থেকেছেন। এখনো তিনি কারাগারেই রয়েছেন।
এটি ভারতের নতুন পার্লামেন্ট ভবন। মে মাসের শেষ দিকে যেটির উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কে উদ্বোধন করবেন তা নিয়ে বিতর্কে দেশটির প্রধান ১৯ বিরোধীদল অনুষ্ঠান বর্জন করে। দিল্লিকে ঔপনিবেশিকতার প্রতীক থেকে মুক্ত করতে মোদী সরকারের এ উদ্যোগ বলে প্রচার করেছে বিজেপি।
ভারতের উড়িষ্যায় ২ জুন তিনটি ট্রেনের সংঘর্ষের চিত্র এটি। বালেশ্বরে হওয়া ভয়াবহ ওই দুর্ঘটনা ২৯৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে। আহত হয়েছে ১২শর বেশি মানুষ।
ইউক্রেইন যুদ্ধ প্রতিবেশী দেশগুলোতে ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে, সুদানে গৃহযুদ্ধও অব্যাহত। এর মধ্যে জুলাইয়ে পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে তারই প্রাসাদে বন্দি করে সামরিক অভ্যুত্থানের ঘোষণা দেয় তারই সুরক্ষায় নিয়োজিত প্রেসিডন্ট গার্ড বাহিনী। পরে দেশটির সামরিক বাহিনী ওই অভ্যুত্থানে সমর্থন দেয়।
অগাস্টে শতাব্দীর ভয়াবহতম দাবানলে যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের মাউই দ্বীপের ঐতিহাসিক শহর লাহাইনা সম্পূর্ণ পুড়ে যায়।
অগাস্টে যুক্তরাজ্যে মারা যান ‘চ্যাট শো’র রাজা মাইকেল পারকিনসন। এই ছবিটি ১৯৭৪ সালের। সেবার মাইকেল পারকিনসনের অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলি। ছবি: বিবিসি
অগাস্টের শেষ দিকে আফ্রিকার আরেক দেশ গ্যাবনে সেনাঅভ্যুত্থান হয়। সেনাঅভ্যুত্থানের মাত্র কয়েকদিন আগে তৃতীয় মেয়াদের জন্য দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন আলি বঙ্গো।
আহমেদাবাদের গুজরাট সায়েন্স সিটির অডিটোরিয়ামে বসে বড় পর্দায় সরাসরি ভারতের চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রমকে চাঁদের মাটিতে অবতরণ করতে দেখছে সাধারণ মানুষ। অগাস্টে চাঁদ জয় করে মহাকাশ বিজয়ের ইতিহাসে নিজেদের নাম স্থায়ী করেছে ভারত।
অগাস্টে ফুলটন কাউন্টি কারা কর্তৃপক্ষ ডনাল্ড ট্রাম্পের এই মাগশট প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটাই প্রথম দেশটির কোনো প্রেসিডেন্টের মাগশট। ফুলটন কাউন্টি জেল এর রেকর্ডে ট্রাম্পের পরিচয়, কয়েদি নম্বর পি০১১৩৫৮০৯।
৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলের এসদেরত নগরীতে ঢুকে হামাস যোদ্ধারা সাধারণ মানুষের উপর এভাবেই গণহত্যা চালায়। মাত্র কয়েক ঘণ্টায় হামাসে ইসরায়েলে ১২শ’র বেশি মানুষকে হত্যা করে।
হামাসের হামলার জবাব দিতে গাজাকে মৃত্যুপুরীতে পরিণত করেছে ইসরায়েল। আড়াই মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে প্রাণ হারিয়েছে ২০ হাজারের বেশি ফিলিস্তিনি।
মানব ইতিহাসে ২০২৩ সালই ছিল সবচেয়ে ঊষ্ণ বছর। অক্টোবরে এভাবেই পানি শুকিয়ে তলা বেরিয়ে পড়ে বলিভিয়ার লেক টিটিকাকার।
নভেম্বরের শেষের দিকে মারা যান হেন্স আলফ্রেড হেনরি কিসিঞ্জার। যুক্তরাষ্ট্রের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী যে ভূমিকা পালন করেছিলেন, বিশ্ব রাজনীতিতে তার প্রভাব সহসাই শেষ হবে না। মৃত্যুর কয়েকমাস আগে এবছরই নতুন করে চীন সফরে গিয়ে বন্ধুত্বপূর্ণ অভ্যর্থনা পান কিসিঞ্জার। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কিসিঞ্জার।
বছরজুড়ে ইউক্রেইনে রাশিয়ার হামলায় এভাবেই চলেছে ধ্বংসযজ্ঞ। নিপ্রো নগরীতে রাশিয়ার বিমান হামলায় ধসে পড়া একটি ভবন থেকে এক নারীকে বের করে আনছে উদ্ধারকারীরা।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেইনকে রাশিয়ার বিরুদ্ধে লড়তে সহায়তা দেওয়া নিয়ে মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে মতবিরোধের মধ্যেও এবছর ডিসেম্বরে নতুন করে অস্ত্র সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত ইউক্রেইনের জন্য অনুমোদন পাওয়া সহায়তার সবশেষ চালান এটি। সহায়তা দিয়ে যেতে হলে এরপর কংগ্রেসের সিদ্ধান্তের ওপরই নির্ভর করতে হবে বাইডেনকে।