০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

বছর শেষে ইসরায়েলকে সাহায্য বন্ধ করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচন শুরুর পর ফক্স নিউজকে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলার দেয়। কয়েকমাস আগেই চুক্তি হয়েছে যে, এই ডলার দেওয়া বন্ধ করা হচ্ছ।

বছর শেষে ইসরায়েলকে সাহায্য বন্ধ করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Nov 2026, 09:21 PM

Updated : 03 Nov 2026, 09:30 PM

চলতি বছর শেষে ইসরায়েলকে দেওয়া বার্ষিক আর্থিক সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এ বিষয়ে তার একটি চুক্তি হয়েছে।

মধ্যবর্তী নির্বাচনের ভোট গ্রহণ শুরুর পর ফক্স নিউজ-এর ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ইসরায়েলকে অর্থ দেওয়ার বিষয়ে আমি ও বিবি (নেতানিয়াহু) চুক্তি করেছি যে, “আমরা তাদেরকে বছরে ৪০০ কোটি ডলার দিই। কয়েকমাস আগেই আমরা চুক্তিতে পৌঁছেছি যে, আমরা এই ডলার দেওয়া বন্ধ করে দিচ্ছি।”

তিনি আরও বলেন, “আমরা ইতোমধ্যেই একমত হয়েছি যে, এ বছরের শেষ নাগাদ আমরা ইসরায়েলকে আর কোনও অর্থ দেব না। এখন থেকে আমরা ইসরায়েলকে যদি প্রয়োজন হয় তাহলেই সহায়তা করব।”

তবে ট্রাম্প ঠিক কোন ধরনের সহায়তার কথা বলছেন, তা তাত্ক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ও এ বিষয়ে কিছু জানায়নি।

যুক্তরাষ্ট্র কেন সাহায্য বন্ধ করছে—এ বিষয়ে জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, "কারণ তাদের (ইসরায়েল) এটার প্রয়োজন নেই। যদি তাদের সত্যি প্রয়োজন থাকত, তবে আমি বলতাম চালিয়ে যেতে।"

আগে যুক্তরাষ্ট্র সব রাজনৈতিক দল ইসরায়েলকে অন্ধের মতো সমর্থন দিলেও সাম্প্রতিক বছরগুলোতে তাদের বড় বড় নেতাদের মুখে ইসরায়েলের কড়া সমালোচনা দেখে বোঝা যায়, সেই সম্পর্কে এখন একটা পরিবর্তন এসেছে।

ইসরায়েলকে সামরিক সহায়তা এবং ইসরায়েলের সমর্থকদের পক্ষ থেকে মার্কিন প্রার্থীদের প্রতি নির্বাচনী অনুদান—এই বছর ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় পক্ষের জন্যই একটি তীব্র বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে।