০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় অ্যাপে সাইবার হামলা

এ ঘটনার কেবল কয়েক ঘণ্টা আগে ইউক্রেইনের বিমান হামলার সতর্কবার্তা অ্যাপে একটি হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Nov 2026, 03:35 PM

Updated : 02 Nov 2026, 03:35 PM

রাশিয়ায় বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে দেশটির জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের মোবাইল অ্যাপ। এই হামলার মাধ্যমে জনসাধারণের মধ্যে বিভ্রান্তিকর ও ভুয়া তথ্য ছড়িয়ে দেওয়া হয়।

সোমবার ভোরে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাশ-এর বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। মন্ত্রণালয় বলেছে, অ্যাপটির স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে দ্রুত কাজ চলছে।

এ ঘটনার কেবল কয়েক ঘণ্টা আগে ইউক্রেইনের বিমান হামলার সতর্কবার্তা অ্যাপে একটি হ্যাকিংয়ের ঘটনা ঘটে। ওই অ্যাপটিতে প্লেনের রেডিয়েশন বা বিকিরণ নিয়ে হুমকির বিষয়ে ভিত্তিহীন ও বানোয়াট সতর্কতা বার্তা দেখানো হয়েছিল।

ইউক্রেনীয় বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইগনাত বলেছেন, তাদের অ্যাপটি হ্যাক করা হয়েছিল।

এদিকে, রুশ অ্যাপটিতে সাইবার হামলার নেপথ্যে কারা রয়েছে সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি মস্কো।

তবে নিজেদের অ্যাপে সংঘটিত হ্যাকিংয়ের ঘটনার জন্য সরাসরি রাশিয়াকে দায়ী করেছে ইউক্রেইনের কৌশলগত যোগাযোগ ও তথ্য নিরাপত্তা কেন্দ্র ‘এসপিআরএভিডিআই’।

চলমান যুদ্ধের দীর্ঘতম এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার ঠিক পরই দুই দেশে এসব সাইবার হামলার ঘটনা ঘটল।

কিইভের ভাষ্য, যুদ্ধবিরতিটি কেবল ইউক্রেইনের পূর্বাঞ্চলীয় খেরসন অঞ্চলের জন্য সীমিত ছিল এবং মেয়াদ বাড়াতে রাশিয়ার পক্ষ থেকে অস্বীকৃতি জানানোয় রোববারই এর সমাপ্তি ঘটে।

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় এই বিরল যুদ্ধবিরতি মঙ্গলবার ভোরে কার্যকর হয়েছিল।

এ যুদ্ধ এখন পঞ্চম বছরে গড়িয়েছে। এ সময় এই সাময়িক বিরতির সুবাদে রুশ-অধিকৃত ওলেশকি শহরে গুরুত্বপূর্ণ মানবিক মিশন পরিচালনা করা সম্ভব হয়েছিল।

ইউক্রেইনের পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক কমিশনার দিমিত্রো লুবিনেতস বলেছেন, “২৭ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকা এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে।”

তিনি এ অস্থায়ী যুদ্ধবিরতিকে রাশিয়ার সঙ্গে যৌথ মানবিক প্রচেষ্টার ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে বর্ণনা করেছেন।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেইনের মধ্যকার স্থগিত হওয়া শান্তি আলোচনা এ মাসেই পুনরায় শুরু হতে চলেছে।

গেল ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে ইরানে বিমান হামলার পর থেকে এই আলোচনা কার্যত স্থবির হয়ে পড়েছিল।