২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

বিশ্বজুড়ে গত বছর হিউম্যানয়েড রোবট বিক্রি হয়েছে ৭ হাজার

আগামী বছরগুলোতে বিশ্বের বৃহত্তম শিল্প রোবটের বাজার চীনে এ খাতের ব্যাপক প্রসারের পূর্বাভাস দেওয়া হলেও বর্তমান বিক্রির এই তুলনামূলক কম সংখ্যাটি বেশ লক্ষণীয়।

বিশ্বজুড়ে গত বছর হিউম্যানয়েড রোবট বিক্রি হয়েছে ৭ হাজার

কোনো রোবটকে হিউম্যানয়েড হিসেবে বিবেচিত হলে সেটার অবয়ব অবশ্যই মানুষের মতো হতে হবে। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Sep 2026, 05:16 PM

Updated : 21 Sep 2026, 05:16 PM

বিশ্ববাজারে হিউম্যানয়েড রোবটের চাহিদা বাড়লেও বর্তমান উৎপাদন ও বিক্রির চিত্র এখনও বেশ সীমিত।

‘আন্তর্জাতিক রোবটিকস ফেডারেশন’ বা আইএফআর-এর তথ্য অনুসারে, গেল বছর বিশ্বজুড়ে শিল্প ও পেশাদার সেবা খাতে ব্যবহারের জন্য প্রায় ৭ হাজার হিউম্যানয়েড রোবট বিক্রি হয়েছে।

আইএফআর-এর তথ্যে এমন এক উদীয়মান প্রযুক্তির প্রথম শিল্পভিত্তিক বিভিন্ন পরিমাপ তুলে ধরেছে, যা এরইমধ্যে শত কোটি ডলারের বিনিয়োগ আকর্ষণ করেছে ও নানা ধরনের প্রদর্শনীর মাধ্যমে নজরও কাড়ছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

আগামী বছরগুলোতে বিশ্বের বৃহত্তম শিল্প রোবটের বাজার বিশেষ করে চীনে এ খাতের ব্যাপক প্রসারের পূর্বাভাস দেওয়া হলেও বর্তমান বিক্রির এই তুলনামূলক কম সংখ্যাটি বেশ লক্ষণীয়।

গেল মাসেই চীন তাদের রোবট গেইমসে হিউম্যানয়েড রোবটের দৌড় ও বক্সিং প্রতিযোগিতা দেখিয়েছিল।

আইএফআর-এর নির্ধারিত মানদণ্ড অনুসারে, কোনো রোবটকে হিউম্যানয়েড হিসেবে বিবেচিত হলে সেটার অবয়ব অবশ্যই মানুষের মতো হতে হবে ও মানুষের জন্য তৈরি পরিবেশে তার স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারতে হবে।

এ ক্ষেত্রে রোবটের চলাচলের জন্য ‘পা’ থাকার কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি।

জার্মানির ফ্রাঙ্কফুর্টভিত্তিক সংগঠন আইএফআর-এর মহাসচিব সুসান বিয়েলার বলেছেন, বর্তমান বাজারে হিউম্যানয়েড রোবটের এ সংখ্যা বিশ্বজুড়ে সার্বিক রোবট সংখ্যার কেবল ‘ক্ষুদ্র একটি অংশ মাত্র’।

এর বিপরীতে, ২০২৪ সালে প্রায় ৫ লাখ ৪২ হাজার শিল্প রোবট স্থাপন করা হয়েছিল এবং ওই বছর পরিবহন, আতিথেয়তা ও পরিচ্ছন্নতা খাতে ব্যবহারের জন্য আরও আনুমানিক ১ লাখ ৯৯ হাজার সেবা রোবট বিক্রি হয়েছিল।

শিল্প ও সেবা খাতে রোবটের ২০২৫ সালের পূর্ণাঙ্গ উপাত্ত ২৪ সেপ্টেম্বর প্রকাশ পাবে।

বিয়েলার বলেছেন, ২০২৫ সালে বিক্রি হওয়া হিউম্যানয়েডগুলোর মধ্যে অনেকেই কোনো উৎপাদনমুখী কাজ করছিল না, বরং গবেষণা বা বিভিন্ন কোম্পানি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলের উন্নতির জন্য ডেটা তৈরির উদ্দেশ্যে এগুলো কিনেছিল।

প্রাথমিক পর্যায়ে রোবট গ্রহণে গাড়ি নির্মাতা কোম্পানি সম্পর্কে বিয়েলার বলেছেন, তারা কারখানার জন্য অল্প কিছু সংখ্যক রোবট নিয়ে পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করছে। যে সংখ্যাটি একশ’র কম’।

তিন দশক ধরে রোবটিকস পরিসংখ্যান সংকলন করে আসছে আইএফআর। তবে এ প্রথম তারা বড় আকারের শিল্প ও সেবা রোবটের হিসাবের পাশাপাশি হিউম্যানয়েড রোবটের তথ্য সংগ্রহ করতে শুরু করেছে।

ব্যাংক অফ আমেরিকা গ্লোবাল রিসার্চের ধারণা অনুসারে, এ বছর ৯০ হাজার হিউম্যানয়েড রোবট সরবরাহ করা হবে এবং ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা গিয়ে দাঁড়াবে ১২ লাখে।

আইএফআর-এর এই পরিসংখ্যান সরবরাহকারী ও জাতীয় শিল্প অ্যাসোসিয়েশনের তথ্যের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে।

এ তালিকার বাইরে রাখা হয়েছে ভোক্তা ও সামরিক খাতের হিউম্যানয়েড রোবট ও চিকিৎসা ক্ষেত্রের রোবটকে। এগুলো আলাদাভাবে শ্রেণিভুক্ত হয়েছে।