০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

ঘরের কাজের জন্য হিউম্যানয়েড রোবট তৈরি করছে মেটা

প্রোটোটাইপ রোবটটিকে পরিচালনা ও শক্তি জোগাতে চিপ নির্মাতা মার্কিন জায়ান্ট এনভিডিয়ার তৈরি বিশেষ চিপ ব্যবহার করেছে মেটা।

ঘরের কাজের জন্য হিউম্যানয়েড রোবট তৈরি করছে মেটা

রোবটের বাহ্যিক অংশে একটি ডিসপ্লে রয়েছে, যা মানুষের মুখের বিভিন্ন অনুভূতি বা এক্সপ্রেশন ফুটিয়ে তুলতে পারে। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Nov 2026, 08:49 PM

Updated : 02 Nov 2026, 08:49 PM

প্রযুক্তি খাতে নিজেদের রোবোটিক্স প্রযুক্তির পরিধি বাড়াতে এবার বাসাবাড়ির কাজের উপযোগী এক প্রোটোটাইপ হিউম্যানয়েড রোবট তৈরি করেছে মেটা।

মার্কিন সংবাদমাধ্যম ইনফরমেশন প্রতিবেদনে লিখেছে, অভ্যন্তরীণভাবে ‘ম্যাক্স’ কোডনামের রোবটটি চীনের রোবোট নির্মাতা কোম্পানি ‘ফুরিয়ে’-এর সহায়তায় কেবল তিন মাসের ব্যবধানে তৈরি করেছে মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্টটি।

রোবটটির ওজন প্রায় ৪৭ কেজির মতো ও উচ্চতা আনুমানিক ১.৫ মিটার বা প্রায় পাঁচ ফুট। রোবটের বাহ্যিক অংশে একটি ডিসপ্লে রয়েছে, যা মানুষের মুখের বিভিন্ন অনুভূতি বা এক্সপ্রেশন ফুটিয়ে তুলতে পারে।

পাশাপাশি এতে একটি বিল্ট-ইন স্পিকার ও ছোটখাটো জিনিসপত্র ধরে তোলার উপযোগী বিশেষ নকশার তৈরি হাত রয়েছে।

প্রোটোটাইপ রোবটটিকে ভেতর থেকে পরিচালনা ও শক্তি জোগাতে মার্কিন চিপ নির্মাতা জায়ান্ট এনভিডিয়া’র তৈরি বিশেষ ‘জেটসন থর’ চিপ ব্যবহার করেছে মেটা।

ইনফরমেশনের প্রতিবেদন অনুসারে, ‘ম্যাক্স’ রোবটের সংস্করণটি সাধারণ গ্রাহকদের জন্য বাজারে ছাড়ার কোনো নির্দিষ্ট তারিখ এখনও ঠিক হয়নি।

তবে সেপ্টেম্বরের শুরু থেকেই কোম্পানিটি ‘ম্যাক্স ২’ কোডনামের দ্বিতীয় একটি প্রোটোটাইপ তৈরির কাজ শুরু করেছে।

প্রযুক্তি জায়ান্ট মেটা তাদের নতুন সংস্করণে রোবটের হাত ও দেহের মাঝের অংশের নকশায় পরিবর্তন আনছে। রোবটটিকে সিঁড়ি দিয়ে ওঠা-নামার সুবিধা সহজ করতে এতে প্রজেক্টর ও অতিরিক্ত কিছু সেন্সর যোগ করা হচ্ছে।

বাসাবাড়ির দৈনন্দিন কাজ সম্পন্ন করার চূড়ান্ত লক্ষ্য নিয়ে রোবট হার্ডওয়্যার তৈরির উদ্দেশ্যে মেটা একটি নতুন দলও গঠন করেছে বলে গেল বছর মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গের প্রতিবেদনে প্রথম উঠে আসে।

এরপর থেকেই হিউম্যানয়েড রোবোটিক্স খাতে মেটার প্রবেশ করার তৎপরতা জোরদার হতে দেখা গেছে।

সেই খবরের ধারাবাহিকতায়, এ বছরের শুরুতে রোবটের উপযোগী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই তৈরিতে বিশেষায়িত একটি স্টার্টআপও অধিগ্রহণ করেছে মেটা।