Published : 29 Jun 2026, 12:53 PM
অ্যাপল ছেড়ে চ্যাটজিপিটি নির্মাতা কোম্পানি ওপেনএআই’তে যোগ দিচ্ছেন কোম্পানিটির ভিশন প্রোডাক্টস গ্রুপের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট।
পল মিড নামে ওই কর্মকর্তা ওপেনএআইতে নতুন হার্ডওয়্যার বিভাগের নেতৃত্ব দেবেন এবং এআইচালিত ডিভাইস তৈরির কাজ তদারকি করবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
তিনি আগামী সপ্তাহেই কোম্পানি ছেড়ে ওপেনএআই’তে যোগ দিচ্ছেন বলে প্রতিবেদনে লিখেছে মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ।
২০২৫ সাল থেকে জনপ্রিয় ডিজাইনার জনি আইভের স্টার্টআপের সঙ্গে যৌথভাবে এআইচালিত ডিভাইস তৈরির কাজ করছে ওপেনএআই।
পরবর্তী সময়ে সাড়ে ৬০০ কোটি ডলারের এক চুক্তির মাধ্যমে ওপেনএআইয়ের সঙ্গে একীভূত হলেও স্বাধীনভাবে কাজ করছে ‘আইও’ নামের ওই স্টার্টআপ।
ওপেনএআইয়ের এ নতুন নিজস্ব হার্ডওয়্যার বিভাগ চালুর ফলে জনি আইভের স্টার্টআপের সঙ্গে তাদের যৌথ কাজের ওপর কী প্রভাব পড়বে তা এখনও স্পষ্ট নয়।
ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, পল মিড ওপেনএআইতে এআইচালিত একঝাঁক ডিভাইস তৈরির কাজ তদারকি করবেন।
এ বছরের শুরুতে ইনফরমেশন প্রতিবেদনে লিখেছিল, জনি আইভের স্টুডিওটিও বেশ কিছু এআই ডিভাইস নিয়ে কাজ করছে, যার মধ্যে ২০২৭ সালের দিকে বাজারে আসতে পারে এমন একটি স্মার্ট স্পিকারও রয়েছে।
অ্যাপলে থাকাকালীন পল মিড দীর্ঘ সাত বছর ধরে ‘ভিশন প্রো’ হেডসেটের হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের নেতৃত্ব দিয়েছেন এবং কোম্পানিটির স্মার্ট চশমা প্রকল্পেরও প্রধান ছিলেন।
আগের কিছু প্রতিবেদন অনুসারে, ২০২৭ সালের আগে নিজেদের প্রথম স্মার্ট চশমা বাজারে আনবে না অ্যাপল।
২০১৭ সালে ভিশন প্রোডাক্টস গ্রুপে যোগ দেওয়ার আগে আইপ্যাড ও আইফোনের প্রজেক্টেও কাজ করেছিলেন মিড। এর কয়েক বছর পর তিনি অ্যাপলের পুরো ভিশন প্রো দলের হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের দায়িত্ব নেন।
এখন মিডের অধিকাংশ দায়িত্ব বুঝে নেবেন ফ্লেচার রথকফ। অ্যাপল ভিশন প্রো দলের অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। অ্যাপলের শীর্ষ নেতৃত্বে বড় পরিবর্তনের কারণে মিডের এ দলবদল হতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ব্লুমবার্গ।
অ্যাপলের পরবর্তী সিইও হতে যাচ্ছেন জন টার্নাস এবং এ কারণেই পল মিড কোম্পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। টার্নাস বর্তমানে কোম্পানির হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের এসভিপি হিসেবে কাজ করছেন এবং আগামী ১ সেপ্টেম্বর তিনি টিম কুকের স্থলাভিষিক্ত হবেন।