১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফোনের চার্জার প্লাগড-ইন রাখলেই কি বিদ্যুৎ খরচ করে?

চার্জারের ভেতরে থাকা ট্রান্সফরমার ও সার্কিটের বিভিন্ন উপাদান প্লাগড-ইন থাকা অবস্থায় সবসময় সক্রিয় থাকে, যাতে ডিভাইস সংযোগের সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে চার্জ হতে পারে।

ফোনের চার্জার প্লাগড-ইন রাখলেই কি বিদ্যুৎ খরচ করে?
একটি বাড়ির প্রায় প্রতিটি ঘরে একসঙ্গে একাধিক চার্জার এভাবে প্লাগড-ইন অবস্থায় ফেলে রাখা হলে সব মিলিয়ে মোট অপচয় বেড়ে যায়। ছবি: ফ্রিপিক

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2026, 09:04 PM

Updated : 11 Sep 2026, 03:33 PM

ফোন চার্জ করা শেষ হওয়ার পরও চার্জার সকেটে রেখে দেওয়া অনেকেরই অভ্যাস। তবে ডিভাইস যোগ না থাকলেও এসব চার্জার কি স্ট্যান্ডবাই পাওয়ার হিসেবে অনবরত বিদ্যুৎ টানতে থাকে?

উত্তর হচ্ছে, ব্যক্তিগতভাবে এ অপচয় সামান্য মনে হলেও পুরো বাড়ির নিরিখে তা বার্ষিক বিদ্যুৎ বিল ও শক্তির অপচয় বাড়াতে ভূমিকা রাখে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

ফোন চার্জ না হলেও চার্জার বিদ্যুৎ ব্যবহার করে?

হ্যাঁ, কোনো ডিভাইসের সঙ্গে যোগ না থাকলেও চার্জার সকেটে প্লাগ করা থাকলে বিদ্যুৎ টানবে। প্লাগড-ইন থাকা অবস্থায় এসব ডিভাইস খুব সামান্য পরিমাণে বিদ্যুৎ ব্যবহার করে, যাকে সাধারণত ‘স্ট্যান্ডবাই পাওয়ার’ বলে।

একটি চার্জারের ভেতরে থাকা ট্রান্সফরমার ও সার্কিটের বিভিন্ন উপাদান প্লাগড-ইন থাকা অবস্থায় সবসময় সক্রিয় থাকে, যাতে কোনো ডিভাইস সংযোগের সঙ্গে সঙ্গেই তাৎক্ষণিকভাবে চার্জ হতে পারে।

চার্জ না করলেও কী পরিমাণ বিদ্যুতের ব্যবহার হয়?

চার্জারগুলো খুব বেশি পরিমাণে বিদ্যুৎ টানে না। একটি চার্জার ‘স্ট্যান্ডবাই’ অবস্থায় বা প্লাগড-ইন থাকলে কেবল ০.১ থেকে ০.৫ ওয়াট বিদ্যুৎ খরচ করে, যা প্রতিদিন প্রায় ২ থেকে ২৪ ওয়াট-আওয়ার বিদ্যুতের সমান।

পরিমাণটি খুব সামান্য হলেও একটি বাড়ির প্রায় প্রতিটি ঘরে একসঙ্গে একাধিক চার্জার এভাবে প্লাগড-ইন অবস্থায় ফেলে রাখা হলে সব মিলিয়ে মোট অপচয় বেড়ে যায়।

বিষয়টি কি বাড়ির বিদ্যুৎ খরচ বা বিল বাড়িয়ে দেয়?

হ্যাঁ, তবে তা খুব বেশি পরিমাণে নয়। ব্যবহারকারী পৃথিবীর কোন অঞ্চলে বাস করছেন তার ওপর ভিত্তি করে ‘স্ট্যান্ডবাই’ অবস্থায় ফেলে রাখা একটি ফোন চার্জার তার বার্ষিক বিদ্যুৎ বিলে ৫০ সেন্ট থেকে শুরু করে ৪ ডলার পর্যন্ত যোগ করতে পারে। তবে এক্ষেত্রে ঘরের প্রতিটি চার্জারকে আলাদাভাবে বিবেচনা করতে হবে।

এর মধ্যে কেবল স্মার্টফোনের চার্জারই নয়, বরং ট্যাবলেট ও পোর্টেবল গেইমিং কনসোলের বিভিন্ন চার্জারও অন্তর্ভুক্ত।

চার্জার ছাড়া অন্য কিছু কি স্ট্যান্ডবাই পাওয়ার ব্যবহার করে?

হ্যাঁ, ঘরের এমন অনেক জিনিসপত্র রয়েছে যা ব্যবহার না করার সময়ও স্ট্যান্ডবাই পাওয়ার টানে। যার মধ্যে রয়েছে কম্পিউটার ও গেইমিং কনসোলের মতো প্রযুক্তিপণ্য, টেলিভিশন, মাইক্রোওয়েভ ও কফি মেকারের মতো গৃহস্থালি সরঞ্জাম।

কানাডা সরকারের তথ্য অনুসারে, সব মিলিয়ে সাধারণ এক বাড়ির মোট বিদ্যুৎ ব্যবহারের প্রায় ৫ থেকে ১০ শতাংশই খরচ হয় এ স্ট্যান্ডবাই পাওয়ারের কারণে।

চার্জার থেকে বিদ্যুতের অপচয় কমানোর উপায় কী?

স্ট্যান্ডবাই পাওয়ারের কারণে বিদ্যুৎ বিল বেড়ে গেলে কয়েকটি উপায় মানা যেতে পারে। সব চার্জার একইভাবে তৈরি হয় না ও নিম্নমানের বিভিন্ন চার্জার মডেল প্লাগড-ইন থাকা অবস্থায় বেশি বিদ্যুৎ টানতে পারে। ফলে এমন সাশ্রয়ী চার্জার বেছে নেওয়া উচিত, যা দিয়ে একসঙ্গে একাধিক ডিভাইস চার্জ করা যায়।

আরেকটি উপায়, বিভিন্ন চার্জারকে ‘স্মার্ট আউটলেট’ বা স্মার্ট সকেটের সঙ্গে যোগ করা, যা স্মার্টফোন অ্যাপের মাধ্যমে ব্যবহার না করার সময় দূর থেকেই বন্ধ করে দেওয়া যায়।

পাশাপাশি, চার্জারগুলোতে কোনো ক্ষয়ক্ষতি, দুর্বল সংযোগ বা অতিরিক্ত গরম হওয়ার সমস্যা আছে কিনা তা নিয়মিত পরীক্ষা করা উচিত এবং প্রয়োজন হলে তা বদলে ফেলা দরকার। আর যখন কোনো উপায়ই কাজে আসবে না তখন ব্যবহার শেষে স্রেফ সকেট থেকে চার্জারটি খুলে ফেলুন, যা নিশ্চিতভাবেই এ সমস্যার সমাধান করে দেবে।