Published : 01 Jul 2026, 12:01 PM
বর্তমানে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে বাড়ি বা কোম্পানিতে ব্যবহৃত বিভিন্ন ফ্লুরোসেন্ট লাইট বা টিউবলাইট। এখন এগুলোর জায়গা দখল করে নিচ্ছে এলইডি লাইট।
পরিবেশের জন্য বেশি নিরাপদ এলডিই লাইট, যা অনেকদিন টেকে ও সার্বিকভাবে এর বিদ্যুৎ খরচও অনেক কম। পুরানো ফ্লুরোসেন্ট লাইটের ভেতর অনেক ক্ষতিকর উপাদান থাকতে পারে। ফলে এসব লাইট বা টিউব ভেঙে গেলে এর ভেতর থেকে বেরিয়ে আসা গ্যাস বা উপাদান নিঃশ্বাসের মাধ্যমে শরীরে নেওয়া একেবারেই উচিত নয়।
এ কারণে মার্কিন দ্বীপ অঙ্গরাজ্য হাওয়াই এ লাইট বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করেছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট স্ল্যাশগিয়ার।।
২০২৩ সালে পাস হওয়া ‘হাওয়াই হাউস বিল ১৯২’ অনুসারে, “অঙ্গরাজ্যটিতে নতুন কোনো পণ্য হিসেবে নিচের লাইটগুলো বিক্রি বা বিতরণ অবৈধ হিসেবে গণ্য হবে।
এর মধ্যে ১ জানুয়ারি ২০২৫ থেকে স্ক্রু বা বেয়োনেট বেইস টাইপের বা প্যাঁচানো বা খাঁজকাটা কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট লাইট এবং ১ জানুয়ারি ২০২৬ থেকে পিন-বেস টাইপ কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট লাইট বা লিনিয়ার বা লম্বা টিউবের ফ্লুরোসেন্ট ল্যাম্প নিষিদ্ধ হয়েছে।”
যুক্তরাষ্ট্রের আরও বেশ কিছু অঙ্গরাজ্যে এ ধরনের নিষেধাজ্ঞা কার্যকরের আইন রয়েছে। ফলে সেখানকার বাড়ি বা অফিসে ব্যবহৃত প্রায় সব ধরনের ফ্লুরোসেন্ট লাইটই এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছে। তবে, এ আইনের ক্ষেত্রে বেশ কিছু ব্যতিক্রম বা ছাড়ও রেখেছে অঙ্গরাজ্যটি।
সাধারণ গ্রাহকদের জন্য এ আইনে দুটি ব্যতিক্রম রেখেছে হাওয়াই। এগুলো হচ্ছে, ফটোগ্রাফি বা ছবি তোলার কাজে ব্যবহৃত ফ্লুরোসেন্ট লাইট ও গাড়িতে ব্যবহৃত লাইট।
গ্রাহকদের ছবি তোলার জন্য কোনো উন্নত লাইটিং সেটআপ থাকে বা গাড়িতে কোনোভাবে ফ্লুরোসেন্ট লাইট ব্যবহার হলে এ আইনের কারণে কোনো সমস্যায় পড়তে হবে না। এ ছাড়া বিজ্ঞান ও গবেষণার কাজে ব্যবহৃত বিভিন্ন ফ্লুরোসেন্ট লাইটও আগের মতোই চালু থাকবে।
কিন্তু কেন?
ফ্লুরোসেন্ট লাইট নিষিদ্ধের জন্য হাওয়াই কেন এত কঠোর একটি আইন পাস করেছে তার পেছনে যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে। যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থিত হাওয়াই অত্যন্ত সংবেদনশীল বাস্তুসংস্থানের ওপর টিকে রয়েছে।
অঙ্গরাজ্যটিতে পুরানো বিভিন্ন ফ্লুরোসেন্ট লাইট সঠিকভাবে বর্জনের মতো পর্যাপ্ত জায়গা নেই। ফলে এগুলো থেকে বন্যপ্রাণী, পানির উৎস বা স্থানীয় গাছপালার ক্ষতি হওয়ার ঝুঁকি বেশি থাকে।
বিলে উল্লেখ রয়েছে, এসব বাল্বের ভেতরে পারদের মতো বিষাক্ত উপাদান থাকে, যা মানুষ ও বন্যপ্রাণী উভয়ের জন্যই ক্ষতিকর হতে পারে। ভৌগোলিক অবস্থানের দিক থেকে অনন্য হওয়ায় হাওয়াইয়ের অনেক আইনই যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের আইন থেকে কিছুটা আলাদা।