বিজ্ঞাপন থেকে বছরে ১০০ কোটি ডলার আয় ওপেনএআইয়ের
আইপিও’র প্রস্তুতি হিসেবে বিনিয়োগকারীদের কাছে ওপেনএআইয়ের প্রায় ৮৫ হাজার ২০০ কোটি ডলারের মূল্যায়ন তুলে ধরতে সহায়তা করবে এ মাইলফলক।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের অন্যতম শীর্ষ কোম্পানি ওপেনএআইয়ের বিজ্ঞাপন ব্যবসা থেকে বার্ষিক আয়ের পারিমান ১০০ কোটি ডলারের মাইলফলক স্পর্শ করেছে।
আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি প্রতিবেদনে লিখেছে, চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন চালুর কেবল ২০০ দিনের মাথায় এ বড় সফলতা পেল কোম্পানিটি।
ওপেনএআইয়ের বহুমুখী আয়ের মডেল থেকে প্রমাণ মেলে, বড় আইপিও’র প্রস্তুতি হিসেবে বিনিয়োগকারীদের কাছে নিজেদের প্রায় ৮৫ হাজার ২০০ কোটি ডলারের মূল্যায়ন তুলে ধরতে সহায়তা করবে এ মাইলফলক।
চ্যাটজিপিটির নির্মাতা কোম্পানিটি বলেছে, তাদের বিজ্ঞাপন ব্যবসা থেকে বার্ষিক আয় বা ‘অ্যানুয়ালাইজড রেভিনিউ রান রেট’ এরইমধ্যে ১০০ কোটি ডলার স্পর্শ করেছে।
বর্তমানে আইপিও’র জন্য প্রস্তুতি নিচ্ছে ওপেনএআই। বিনিয়োগকারীদের কাছে এরইমধ্যে নিজেদের প্রায় ৮৫ হাজার ২০০ কোটি ডলারে পৌঁছানো মূল্যায়নকে যৌক্তিক হিসেবে তুলে ধরার বড় চাপ ছিল তাদের ওপর।
সোমবার ওপেনএআই বলেছে, কর্পোরেট সেবা, কনজিউমার সাবস্ক্রিপশন ও ব্যবহারভিত্তিক এপিআইয়ের মতো তাদের আয়ের বিভিন্ন উৎসের পাশাপাশি নতুন ভিত্তি তৈরি করেছে কোম্পানিটির এ বিজ্ঞাপন ব্যবসা।
এ বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে চ্যাটজিপিটি’র ভেতরে পরীক্ষামূলকভাবে বিজ্ঞাপন দেখানো শুরু করেছে ওপেনএআই। সিদ্ধান্তটি একইসঙ্গে বহুল প্রতিক্ষিত হলেও বেশ বিতর্কেরও জন্ম দিয়েছে।
দীর্ঘদিন ধরেই গুগলের মতো প্রযুক্তি জায়ান্টদের মূল আয়ের উৎস ডিজিটাল বিজ্ঞাপন। তবে ওপেনএআইয়ের বিজ্ঞাপন দেখানোর এ সিদ্ধান্ত নিয়ে ব্যঙ্গ করেছিল তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী কোম্পানি অ্যানথ্রপিক।
কোম্পানিটির প্রথম সুপার বোল বিজ্ঞাপনী প্রচারেও ওপেনএআইয়ের এ সিদ্ধান্তকেই খোঁচা দিয়েছিল তারা। বর্তমানে বিশ্বের ৪০টিরও বেশি দেশে চ্যাটজিপিটি বিজ্ঞাপন সেবা চালু হয়েছে।
সোমবার ভারত, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় এ বিজ্ঞাপনের ‘সেলফ-সার্ভিস’ সুবিধাও চালুর ঘোষণা দিয়েছে ওপেনএআই। চ্যাটজিপিটির ‘গো’ সাবস্ক্রাইবার ও বিনামূল্যে ব্যবহারকারীদের অ্যাপে এসব বিজ্ঞাপন দেখানো হচ্ছে।
চ্যাটজিপিটির প্রতি সপ্তাহে গড়ে ১০০ কোটি সক্রিয় ব্যবহারকারীর বড় অংশই এ সুবিধা ব্যবহার করেন। বিজ্ঞাপনের কারণে চ্যাটবটের উত্তরে প্রভাব পড়ে না এবং বিজ্ঞাপনগুলোতে সুস্পষ্ট লেবেল বা ট্যাগ দেওয়া থাকে বলে সোমবার নিশ্চিত করেছে ওপেনএআই।
পাশাপাশি বিজ্ঞাপনী বিভিন্ন কোম্পানির কাছে ব্যবহারকারীদের কোনো ব্যক্তিগত আলাপ বা তথ্য প্রকাশ করা হয় না বলেও আশ্বাস দিয়েছে কোম্পানিটি।
বিবৃতিতে ওপেনএআই বলেছে, “আমাদের প্রবৃদ্ধির পরবর্তী ধাপে চ্যাটজিপিটি বিজ্ঞাপন আরও নতুন নতুন বাজারে নিয়ে যাওয়া হবে। পাশাপাশি নতুন ফরম্যাট, লক্ষ্য নির্ধারণ, কেনার সুবিধা ও কার্যকারিতা পরিমাপের উন্নত মাধ্যম যোগ হবে।
“চ্যাটজিপিটিতে বিভিন্ন ব্যবসায়িক কোম্পানি যাতে আরও স্বাভাবিক উপায়ে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করতে পারে আমরা সেসব পথও খুঁজে দেখছি।”
