Published : 20 Jul 2026, 06:05 PM
অ্যাপল ম্যাপস-এ শিগগিরই বিজ্ঞাপন চালু করতে যাচ্ছে অ্যাপল, যেখানে স্থানীয় ব্যবসা কোম্পানি ও দর্শনীয় স্থানগুলোর বিজ্ঞাপন দেখানোর ওপর জোর থাকবে।
প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট লিখেছে, গুগল ম্যাপসের মতো সব ধরনের বিজ্ঞাপনের ছড়াছড়ি না রেখে ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে ভালো করতে প্লামিং, ইলেকট্রিকাল বা পেস্ট কন্ট্রোলের মতো সব ধরনের গৃহস্থালি সেবার বিজ্ঞাপন সম্পূর্ণ নিষিদ্ধ করেছে কোম্পানিটি।
এ সপ্তাহে প্রকাশ পাওয়া অ্যাপলের নতুন বিজ্ঞাপন নীতিমালা বা গাইডলাইন থেকে এই আভাস মিলেছে। এর আগে, গত মার্চে অ্যাপল ম্যাপসে বিজ্ঞাপন চালুর পরিকল্পনার কথা জানিয়েছিল এই প্রযুক্তি জায়ান্ট।
এ গ্রীষ্মে যুক্তরাষ্ট্র ও কানাডায় এমনটা চালু হওয়ার কথা থাকলেও সুনির্দিষ্ট কোনো তারিখ এখনও প্রকাশ করেনি কোম্পানিটি। নতুন এ নীতিমালায় ইঙ্গিত মিলেছে, বাজারে থাকা অন্যান্য প্রতিদ্বন্দ্বী অ্যাপের চেয়ে অ্যাপল ম্যাপসের বিজ্ঞাপনের ধরন বেশ আলাদা হতে যাচ্ছে।
অ্যাপলের অ্যাপ স্টোরের নীতিমালার মতোই ম্যাপসের নতুন এ নির্দেশিকাতেও নিষিদ্ধ কন্টেন্ট বা বিজ্ঞাপনের বিষয়ে বেশ কিছু কড়া নিয়ম রয়েছে।
কোনো মানহানি বা আপত্তিকর কনটেন্টওয়ালা বিজ্ঞাপন অ্যাপল ম্যাপসে দেখানো যাবে না। পাশাপাশি ‘অবৈধ বা অপরাধমূলক কর্মকাণ্ডে’ উসকানি দেয়– এমন বিজ্ঞাপনও সম্পূর্ণ নিষিদ্ধ।
এ ছাড়া বিভ্রান্তিকর, মাদক সংক্রান্ত বা রাজনৈতিক কোনো বিজ্ঞাপনও সাধারণভাবে প্রচার করতে দেবে না অ্যাপল। অ্যাপলের এ নীতিমালার সবচেয়ে ভালো দিক হচ্ছে, কিছু সুনির্দিষ্ট ধরনের বিজ্ঞাপন নিষিদ্ধ করা, যার মধ্যে অন্যতম ‘হোম সার্ভিস’ বা গৃহস্থালি সেবা।
নীতিমালায় অ্যাপল স্পষ্ট করে লিখেছে, “এমন কোনো বিজ্ঞাপনী কনটেন্ট, যা সরাসরি বা পরোক্ষভাবে হোম সার্ভিস বা গৃহস্থালি সেবার প্রচার করে তা সম্পূর্ণ নিষিদ্ধ। যার মধ্যে প্লামিং, ইলেকট্রিকাল, তালা-চাবির কাজ, হিটিং ও এসি মেরামত, পোকামাকড় দমন, ছাদ মেরামত বা সাধারণ ঠিকাদারি বা কনট্রাক্টিং সেবাসহ এ ধরনের সেবা অন্তর্ভুক্ত থাকবে।”
গুগল ম্যাপসে স্থানীয় ইলেকট্রিশিয়ানের বিজ্ঞাপন দেখা খুব সাধারণ বিষয় হলেও, অ্যাপল তাদের মানচিত্র অ্যাপে ব্যবহারকারীদের সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতা দিতে চাইছে। ‘বিজ্ঞাপন’ ও ‘অনুসন্ধান’ উভয় ক্ষেত্রেই অ্যাপল ম্যাপসকে অনন্য প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার ইঙ্গিত দিয়েছে কোম্পানিটি।
অ্যাপল ম্যাপসে বিজ্ঞাপনের জন্য নির্ধারিত ল্যান্ডিং পেইজে কোম্পানিটি বলেছে, তাদের সেবাটি কেবল পথ দেখানোর জন্য নয়, বরং নতুন কিছু খুঁজে পাওয়ার মাধ্যমও বটে।
“নতুন জায়গা ঘুরে দেখতে ও নতুন অভিজ্ঞতার স্বাদ নিতে মানুষ অ্যাপল ম্যাপসের ওপর ভরসা করে। কফি শপ, রেস্তোরাঁ থেকে শুরু করে বিভিন্ন দোকান ও দর্শনীয় স্থান খুঁজে বের করার জন্য ম্যাপস এমন এক জায়গা, যেখানে ‘আশপাশে কী আছে?’ প্রশ্নটি নিমেষেই ‘আমি আসছি’তে রূপ নেয়।
“খুব শিগগিরই স্থানীয় বিভিন্ন ব্যবসা কোম্পানি অ্যাপল ম্যাপসে বিজ্ঞাপন দিতে পারবে, ঠিক যে মুহূর্তে গ্রাহক ঠিক করছেন তিনি কোথায় যাবেন।”
একটি কফি শপ বা রেস্তোরাঁ খুঁজে পাওয়ার মধ্যে যে রোমাঞ্চ আছে, ঘরের পোকামাকড় দমনের কোম্পানি খোঁজার মধ্যে তা নিশ্চিতভাবেই নেই। এ কারণে অ্যাপল শুরুতেই এ ধরনের সেবাকে তাদের ম্যাপসে জায়গা দিচ্ছে না।
বিশ্লেষকরা বলছেন, কেবল স্থানীয় নান্দনিক ব্যবসা, দর্শনীয় স্থান বা বিনোদনমূলক কেন্দ্রের জন্য বিজ্ঞাপনের জায়গা বরাদ্দ রেখে অ্যাপল তাদের প্ল্যাটফর্মটির মার্জিত ভাবমূর্তি ধরে রাখতে চাইছে।
এর মাধ্যমে মানচিত্রের মতো প্রয়োজনীয় অ্যাপে বিজ্ঞাপন দেখানোর বাণিজ্যিক প্রবণতাটিকে ব্যবহারকারীদের কাছে কিছুটা কম বিরক্তিকর বা দৃষ্টিকটু করে তোলা সম্ভব হবে।
এরই ধারাবাহিকতায় ক্রিপ্টোকারেন্সি এটিএম-এর মতো বিতর্কিত ও সংবেদনশীল খাতের বিজ্ঞাপনও সম্পূর্ণ নিষিদ্ধের প্রতিশ্রুতি দিয়েছে অ্যাপল।
এদিকে সমালোচকরা বলছেন, ব্যবহারকারীদের যদি সম্পূর্ণ নিখুঁত ও বিরক্তিহীন অভিজ্ঞতাই দিতে হয় তবে অ্যাপল ম্যাপসকে পুরোপুরি বিজ্ঞাপনমুক্ত রাখাই হত সেরা সিদ্ধান্ত।
অ্যাপল ম্যাপসে বিজ্ঞাপনের এই নতুন সংযোজন অ্যাপলের পরিকল্পিত ব্যবসায়িক সম্প্রসারণের অংশ। এর আগে ‘অ্যাপল নিউজ’ অ্যাপে বিজ্ঞাপনের জায়গা বরাদ্দ দিতে শুরু করেছিল কোম্পানিটি, সেখানে বিজ্ঞাপনের মান নিয়ে গ্রাহকদের মধ্যে সমালোচনাও হয়েছে।
এ ছাড়া, নিজেদের মূল প্ল্যাটফর্ম ‘অ্যাপ স্টোর’-এরও একাধিক জায়গায় বিজ্ঞাপন বিক্রি করে আসছে অ্যাপল। ২০২২ সালে নিজেদের অ্যাপ স্টোরের বিজ্ঞাপনী নীতিমালায় বড় ধরনের পরিবর্তন এনেছিল কোম্পানিটি।
আগে যেখানে কেবল অ্যাপ স্টোরের সার্চ বা অনুসন্ধান পাতায় বিজ্ঞাপন দেখা যেত, তা বাড়িয়ে অ্যাপের ভেতরের নির্দিষ্ট পেইজ ও অ্যাপ স্টোরের হোম স্ক্রিন বা ‘টুডে’ ট্যাবেও বিজ্ঞাপনের পরিধি বাড়িয়েছে অ্যাপল।
অ্যাপ স্টোরে বিজ্ঞাপনের আগ্রাসী নীতি গ্রহণ করলেও ম্যাপস অ্যাপের ক্ষেত্রে অ্যাপল আপাতত বেশ সতর্ক ও সংযত পথ বেছে নিয়েছে বলে ধারণা প্রযুক্তি বিশ্লেষকদের।
ম্যাপসে ব্যবহারকারীদের অভিজ্ঞতা যাতে ক্ষুণ্ণ না হয় ও গুগলের মতো অতিরিক্ত বিজ্ঞাপনে ‘ঘিঞ্জি’ না হয়ে পড়ে সে কারণে শুরুতে হোম সার্ভিস বা অন্যান্য অপ্রাসঙ্গিক ক্যাটেগরি বাদ দিয়ে কেবল দর্শনীয় স্থান ও স্থানীয় নান্দনিক ব্যবসায় মনোযোগ দিচ্ছে কোম্পানিটি। তবে এ সংযত ভাব কতদিন থাকে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে।