Published : 21 Jul 2026, 12:27 PM
গোপালগঞ্জের মুকসুদপুরে একটি পরিত্যক্ত পুকুর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার ভোররাত ৩টার দিকে কমলাপুর গ্রামের আওলাদ মোল্লার পুকুর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধারের খবর জানিয়েছেন মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন।
মৃত ১৩ বছর বয়সী রিয়ান মোল্লা ওই গ্রামের রিপন মোল্লার ছেলে। তার লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
আটকদের মধ্যে ২০ বছর বয়সী আরিফ মিয়া একই গ্রামের দুলাল মোল্লার ছেলে। (আরেকজনের বয়স ১৬ বছর; অপ্রাপ্ত বয়স্ক বলে তার নাম প্রকাশ করা হল না।)
ওসি আবদুল্লাহ বলছেন, “গত রোববার আরিফসহ দুই সঙ্গীকে নিয়ে রিয়ান আওলাদ মোল্লার বাগান থেকে ডাব পাড়তে যায়। এক পর্যায়ে রিয়ান গাছে উঠে ডাব পাড়ার সময় নিচের পরিত্যক্ত পুকুরে পড়ে যায়। এ সময় দুই সঙ্গী তাকে খুঁজে না পেয়ে বাড়ি ফিরে গেলেও বিষয়টি কাউকে জানায়নি।”
“পরে রিয়ান আর বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে তার দুই সঙ্গীকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, ডাব চুরি করতে গিয়ে রিয়ান পুকুরে পড়ে যায়।”
মঙ্গলবার ভোররাতে আওলাদ মোল্লার বাগানে মধ্যে পরিত্যক্ত পুকুরে তল্লাশি চালিয়ে রিয়ানের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, “এ ঘটনায় স্থানীয়রা আরিফসহ দুজনকে আটক করে থানায় নিয়ে আসে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”