Published : 31 May 2026, 01:49 PM
ওয়াই-ফাই এখন মানুষের জীবনযাত্রার এক অবিচ্ছেদ্য অংশ। স্মার্টফোন থেকে শুরু করে ল্যাপটপ বা ঘরের ভেতরেও যেখানেই মানুষ থাকুক না কেন সবসময় ইন্টারনেটের সঙ্গে যোগ থাকা চাই। তবে, ওয়াই-ফাই শক্তিশালী এক মাধ্যম হলেও, একদম নিখুঁত নয়।
ব্যস্ত সময়ে ইন্টারনেটের গতি কমে যাওয়া বা প্রতিবেশীদের অসংখ্য নেটওয়ার্কের কারণে তৈরি হওয়া জ্যাম বা সিগনাল বিভ্রাটের মুখে মানুষদের মাঝেমধ্যেই পড়তে হয়। মাঝারি আকারের অ্যাপার্টমেন্টেও এমন কিছু জায়গা আছে, যেখানে ওয়াই-ফাই নেটওয়ার্কের সিগনাল খুবই দুর্বল থাকে।
‘মেশ ওয়াই-ফাই সিস্টেম’ ও ওয়াই-ফাই এক্সটেন্ডারগুলো এসব সমস্যা কিছুটা কমাতে সাহায্য করতে পারে। তবে কখনো কখনো সবচেয়ে সেরা সমাধান হতে পারে সরাসরি মূল উৎসে চলে যাওয়া বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট স্ল্যাশগিয়ার।
ঘরের দেয়াল ভাঙা বা মেঝেতে তারের জটলা ছাড়াই এখন ইথারনেটের বেশি স্পিড পাওয়া সম্ভব। কোনো বিশৃঙ্খলা ছাড়া, কেবল ঘরের ডিশের লাইন, বৈদ্যুতিক তার বা সরু ফাইবার অপটিক্স ব্যবহার করে হাই-স্পিড ইন্টারনেট নিশ্চিত করা যায়। জেনে নেওয়া যাক তারই সহজ কিছু উপায়–
তারওয়ালা ইন্টারনেটের সুবিধা
তারওয়ালা ইথারনেট সংযোগের কার্যসক্ষমতা প্রায় সব সময়ই ওয়াই-ফাই নেটওয়ার্কের চেয়ে ভালো হয়। এর কারণ, ডিভাইসটি একটি কেবলের মাধ্যমে সরাসরি রাউটারের সঙ্গে সংযোগ থাকে। ফলে ডেটা আদান-প্রদানের বিলম্ব কমে ও অন্যান্য সিগনালের কারণে কোনো বিভ্রাট ঘটে না।
এ কারণেই তারওয়ালা সংযোগ অনেক বড় ও সেরা বিকল্প, বিশেষ করে যারা অনলাইনে গেইম খেলা বা ভিডিও কলের মতো ভারী ও জটিল কাজ বেশি করে থাকেন তাদের জন্য।
এ সুবিধা পেতে ঘরের চারপাশ দিয়ে নেটওয়ার্ক কেবলের একটি জাল বিছিয়ে ফেলতে পারেন, যাতে যেখানে প্রয়োজন সেখানেই সংযোগ মেলে। তবে এর বড় ধরনের অসুবিধাও রয়েছে। এমনটি কেবল তখনই করা সম্ভব যখন ঘরটি ছোট হয় এবং ঘরে কোনো শিশু বা পোষা প্রাণী না থাকে।
বিভিন্ন ক্লিপ বা কভার ব্যবহার করে তারের দৃশ্যমানতা কিছুটা কমিয়ে আনার উপায় থাকলেও সেগুলোকে পুরোপুরি লুকিয়ে ফেলা বেশ কঠিন। এর চেয়ে বাস্তবসম্মত উপায় কিছু বিশেষায়িত অ্যাডাপ্টার ব্যবহার করা, যেগুলো দেয়ালের ভেতরে থাকা অন্যান্য ওয়্যারিং সিস্টেম বা লাইনের সুবিধা নিতে পারে।
বেশ কয়েক বছর আগে এসব অ্যাডাপ্টারকে মানুষজন খুব একটা পাত্তা দিত না। তবে সময়ের সঙ্গে সঙ্গে ইথারনেটের প্রাপ্যতা বা সহজলভ্যতা বাড়াতে এগুলো এখন নির্ভরযোগ্য এক মাধ্যম হয়ে উঠেছে। এজন্য তিনটি প্রধান বিকল্প রয়েছে, যার প্রতিটিই গ্রাহকের প্রয়োজন, বাড়ি ও বাজেট অনুসারে নিজস্ব কিছু ভালো ও মন্দ দিক নিয়ে আসে।
মোকা অ্যাডাপ্টার
ইথারনেটের বিকল্প হিসেবে কাজ করতে পারে ‘মোকা’ সিস্টেম, যার পূর্ণরূপ ‘মাল্টিমিডিয়া ওভার কোঅ্যাক্স অ্যালায়েন্স’। এ অ্যাডাপ্টারটি ব্রডব্যান্ড ইন্টারনেট সিগনাল পাঠানোর জন্য কোঅ্যাক্সিয়াল কেবল ব্যবহার করে, যা সাধারণত গ্রাহকরা কেবল টিভি বা ডিশ লাইনের সংযোগের জন্যও ব্যবহার করে থাকেন।
ব্যবহারকারীর ঘরটি কত বছর আগে তৈরি এর ওপর ভিত্তি করে ইথারনেট পোর্টের তুলনায় ঘরের দেয়ালের নিচের অংশে এ ধরনের কোঅ্যাক্সিয়াল আউটলেট বা সকেট ছড়িয়ে-ছিটিয়ে থাকার সম্ভাবনা বেশি।
যেহেতু ঘরে ব্যবহারের জন্য কোঅ্যাক্সিয়াল প্রযুক্তি তুলনামূলকভাবে নতুন, ফলে এমনটা বেশ ভালোভাবে মানসম্মত বা স্ট্যান্ডার্ডাইজড করা হয়েছে। এর মানে, নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে ব্যবহারকারী নিশ্চিতভাবেই ভালো পারফরম্যান্স আশা করতে পারেন।
ব্যবহারকারী মোকা সেটআপ ব্যবহারের সিদ্ধান্ত নিলে ও তার মডেমটি এরইমধ্যে কোঅ্যাক্সিয়াল কেবলের সঙ্গে যোগ থাকলে তার বর্তমান মডেম মডেলটি এ প্রযুক্তি সমর্থন করে কি না তা ইন্টারনেট সেবাদাতার কাছ থেকে জেনে নিন।
সমর্থন করলে ঘরের অন্য প্রান্তের কোঅ্যাক্সিয়াল আউটলেটের জন্য ব্যবহারকারীর কেবল অ্যাডাপ্টার লাগবে। আর যদি সমর্থন না করে তবে দুটি অ্যাডাপ্টার কেনার পরিকল্পনা রাখুন।
এক্ষেত্রে ব্যহারকারীর একটি কেবল স্প্লিটারও লাগতে পারে, যাতে একটিমাত্র কোঅ্যাক্সিয়াল আউটলেট বা সকেট ব্যবহার করেই মডেম ও অ্যাডাপ্টার দুটিকেই একসঙ্গে যোগ করা যায়। মোকা’র বর্তমান স্ট্যান্ডার্ড অনুসারে, সর্বোচ্চ ২.৫ জিবিপিএস পর্যন্ত গতির প্রতিশ্রুতি দেয়।
তবে কেবল ও অ্যাডাপ্টারের বয়স এবং মানের ওপর ভিত্তি করে বাস্তব ক্ষেত্রে এর গতি ৪০০ এমবিপিএস থেকে শুরু করে সর্বোচ্চ সীমার মধ্যে যে কোনো কিছু হতে পারে।
পাওয়ারলাইন অ্যাডাপ্টার
অনলাইন গেইমিং, ভিডিও কল বা বাফারিং ছাড়া ফোরকে ভিডিও দেখার জন্য ওয়াই-ফাইয়ের চেয়ে তারওয়ালা ইথারনেট সংযোগ সবসময়ই বেশি নির্ভরযোগ্য ও দ্রুতগতির হয়।
তবে পুরো ঘরজুড়ে তারের জাল বিছানো যেমন ঝামেলার তেমনই শিশু বা পোষা প্রাণীদের জন্য অনিরাপদ। এ সমস্যার সমাধান করতে দেয়াল ভাঙচুর না করেই ঘরের ভেতরে থাকা ওয়্যারিং ব্যবহার করার জন্য দুই ধরনের বিশেষ অ্যাডাপ্টার ব্যবহার করা যায়।
প্রথমটি মোকা অ্যাডাপ্টার, যা ঘরের ডিশ লাইনের (কোঅ্যাক্সিয়াল) কেবল ব্যবহার করে ইন্টারনেট সিগনাল পাঠায়, যা বেশ আধুনিক ও মানসম্মত হওয়ায় এতে ৪০০ এমবিপিএস থেকে ২.৫ জিবিপিএস পর্যন্ত দারুণ গতি পাওয়া সম্ভব।
দ্বিতীয় ও সবচেয়ে সহজ বিকল্পটি হল পাওয়ারলাইন অ্যাডাপ্টার, যা ঘরের সাধারণ বৈদ্যুতিক তারের লাইনকে ব্যবহার করে কাজ করে। যে কোনো সাধারণ দেয়ালের সকেটে প্লাগ করেই এমনটা সহজে চালু করা যায়।
তবে পাওয়ারলাইনের গতি ও পারফরম্যান্স সম্পূর্ণ নির্ভর করে ঘরের বৈদ্যুতিক লাইনের মান ও দূরত্বের ওপর, যা সাধারণত ১০০ থেকে ৬০০ এমবিপিএস পর্যন্ত হতে পারে।
এ সিস্টেমের প্রধান সীমাবদ্ধতা হচ্ছে, একই লাইনে ব্লেন্ডার, এসি বা ড্রায়ারের মতো বড় বৈদ্যুতিক সরঞ্জাম চললে ইন্টারনেটের সিগনালে মারাত্মক বিভ্রাট ঘটতে পারে।
ফলে ভালো গতি ও সংযোগ ধরে রাখতে পাওয়ারলাইন অ্যাডাপ্টার কখনো মাল্টিপ্লাগে ব্যবহার না করে সরাসরি দেয়ালের সকেটে ব্যবহার করা উচিত এবং এর আবর্তনে জটিলতা যত কমানো যায় ততই ভালো।
ফাইবারের মাধ্যমে ইথারনেট সংযোগ
ইথারনেট ওভার ফাইবার হচ্ছে আরেকটি চমৎকার বিকল্প, যেখানে মোকা বা পাওয়ারলাইনের মতো পুরানো তার ব্যবহার না করে সম্পূর্ণ নতুন ও সরু ফাইবার অপটিক কেবল দিয়ে ঘরের যে কোনো প্রান্তে ইন্টারনেট সংযোগ নেওয়া যায়।
এ প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হল, এর কার্যক্ষমতা, এতে দূরত্বের কারণে সিগনালের কোনো ক্ষতি হয় না। ফলে প্যাকেজের পুরো গতিই, যেমন ১ জিবিপিএস নিখুঁতভাবে পাওয়া যায়।
ঘরের তারের মান বা অন্য কোনো বৈদ্যুতিক সরঞ্জামের কারণে এর গতিতে কোনো প্রভাব পড়ে না। ফাইবার কেবলগুলো অনেক পাতলা হওয়ায় ঘরের দেয়াল না ভেঙে বা মেঝেতে তারের জটলা না পাকিয়েই এগুলো সহজে দেওয়ালে আটকে দেওয়া যায়।
তবে এ সিস্টেম ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা ও সীমাবদ্ধতা রয়েছে। ফাইবার কেবলের ভেতরে সুক্ষ্ম কাচ থাকায় এগুলোকে অতিরিক্ত বাঁকানো যায় না। ফলে ঘরের কোণগুলোতে কেবলের ‘বেন্ড রেডিয়াস’ বা বাঁক নেওয়ার সক্ষমতার দিকে খেয়াল রাখতে হয়।
অন্য বিকল্পগুলোর তুলনায় এ প্রযুক্তিটি বেশ ব্যয়বহুল এবং এর সেটআপ প্রক্রিয়ায় কিছুটা বাড়তি পরিশ্রমের প্রয়োজন পড়ে। কারণ সরু ও সংবেদনশীল ফাইবার কেবলগুলো আঠা দিয়ে ঘরের দেওয়ালে নিখুঁতভাবে বসাতে হয়।
তবে একটু বেশি খরচ ও শ্রম দিতে রাজি থাকলে, সর্বোচ্চ ও নিখুঁত ইন্টারনেটের গতি পাওয়ার জন্য এ সিস্টেম সেরা সমাধান হতে পারে।