নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি সাইদুরের খোঁজ মিলেছে
সহকর্মী ছাত্রনেতারা তার ‘গুম বা অপহরণের’ অভিযোগ করছিলেন।
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি সাইদুর রহমানের খোঁজ মিলেছে।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর গলাচিপা এলাকার বাসায় তাকে পাওয়া গেছে বলে জানান গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন।
তিনি বলেন, “সাইদুরের খোঁজ পাওয়া গেছে। তাকে তার গলাচিপার বাসা থেকে আমাদের পার্টি অফিসে আনা হয়েছে। তার সঙ্গে আমরা কথা বলছি। এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।”
রোববার রাতে সদর মডেল থানায় সাইদুরের নিখোঁজের ব্যাপারে সাধারণ ডায়েরি করেন তারিকুল।
সোমবার বিকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ছাত্র ফেডারেশনের নেতারা বলেন, শুক্রবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ আছেন সাইদুর। সম্ভাব্য স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি।
সহকর্মী ছাত্রনেতারা তার ‘গুম বা অপহরণের’ অভিযোগ করছিলেন।
রাত পৌনে ১১টায় সদর মডেল থানার ওসি সাজেদুর রহমান বলেন, “সাইদুরকে পাওয়া গেছে বলে আমরা শুনেছি। আমাদের পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।”
আরও পড়ুন-
