Published : 22 Jun 2026, 09:24 PM
ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সাইদুর রহমান চার দিন ধরে নিখোঁজ বলে দাবি করেছেন তার সহকর্মীরা। তাকে ‘গুম’ করা হয়েছে বলেও শঙ্কা প্রকাশ করেছেন তারা।
সোমবার বিকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ছাত্র ফেডারেশনের নেতারা।
তাদের দাবি, শুক্রবার সন্ধ্যার পর থেকে সাইদুরের কোনও খোঁজ পাচ্ছেন না তার পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির জেলা কমিটির সাধারণ সম্পাদক সৌরভ সেন।
সাইদুরের নিখোঁজের ঘটনায় গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন রোববার রাতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানান নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মো. সাজেদুর রহমান।
ছাত্র ফেডারেশন নেতাদের আশঙ্কা, ২০২৪ সালের জুলাই-অগাস্টে সংঘটিত ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সম্মুখসারিতে থাকা এই ছাত্রনেতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাধ্যমে ‘গুম’ হতে পারেন।
তথ্য ও প্রযুক্তির সহযোগিতায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাকে সুস্থ অবস্থায় উদ্ধারেরও দাবি জানিয়েছেন সহকর্মী ছাত্রনেতারা।
সৌরভ সেন বলেন, শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজনৈতিক সহকর্মী ও বন্ধুদের সঙ্গে ছিলেন সাইদুর রহমান। এরপর থেকে তার সঙ্গে পরিবার কিংবা সংগঠনের কেউ যোগাযোগ স্থাপন করতে পারেনি। দুদিন সম্ভাব্য স্থানে এবং পরিচিতদের সঙ্গে যোগাযোগ করেও তার সন্ধান না পেয়ে পরে জিডি করা হয়।
তিনি বলেন, “আমরা সদর মডেল থানার ওসির সাথে কথা বলেছি। তিনিও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সম্প্রতি শহরের মধ্যে আওয়ামী লীগের বিভিন্ন মিছিল মিটিং ও তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।
“এই রাজনৈতিক পরিস্থিতির কারণেই হয়তো সাইদুরকে ‘গুম’ করা হয়ে থাকতে পারে। আমাদের প্রধান শঙ্কা এখন এটাই যে, তিনি হয়তো গুম বা খুনের শিকার হয়েছেন।”
সংবাদ সম্মেলনে ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সহসভাপতি ইউশা ইসলাম ও তাইরান আবাবিল রোজা, সহসাধারণ সম্পাদক মৌমিতা আক্তার ও অপূর্ব রায়, সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা, অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিসা এবং দপ্তর সম্পাদক শেখ সাদী উপস্থিত ছিলেন।
ওসি মো. সাজেদুর রহমান বলেন, “প্রাথমিক তথ্য অনুযায়ী, নিখোঁজ হওয়ার আগে বেশ কিছু সংগঠনের ছেলেরা একসাথে আড্ডা দিচ্ছিল। আড্ডা শেষ করে যে যার মতো চলে যাওয়ার পর থেকেই তার খোঁজ মিলছে না বলে জানা গেছে।
“আমাদের অফিসার কাজ শুরু করেছে। নিখোঁজ ছাত্রনেতার বন্ধুদের সাথে নিয়ে পুলিশ ওই আড্ডার ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা ওই এলাকার আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করছি। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”