১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

স্পেসএক্সে বিনিয়োগ করে শতকোটিপতি হলেন যারা

স্পেসএক্সের আইপিও হাজার হাজার নতুন কোটিপতি তৈরি করেছে এবং বেশ কয়েকজন বিনিয়োগকারীর মালিকানা ১০০ কোটি ডলারের ঘর ছাড়িয়েছে।

স্পেসএক্সে বিনিয়োগ করে শতকোটিপতি হলেন যারা
এ সপ্তাহের শুরুতে স্পেসএক্সের বাজার মূলধন অ্যামাজন এবং সামান্য সময়ের জন্য মাইক্রোসফটকেও ছাড়িয়ে গিয়েছিল। ছবি: এআই

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2026, 11:50 AM

Updated : 19 Sep 2026, 02:26 PM

স্পেসএক্সের রেকর্ডগড়া শেয়ার বাজার অভিষেকে কেবল ইলন মাস্কই ট্রিলিয়ন ডলারের ক্লাবে পৌঁছাননি, ভাগ্য খুলেছে আরও অনেকের।

কোম্পানির এ ঐতিহাসিক আইপিও রাতারাতি যেমন হাজারো কোটিপতি তৈরি করেছে তেমনই মাস্কের দীর্ঘদিনের কয়েকজন সহযোগী ও শীর্ষ কর্তার মালিকানাধীন শেয়ারের মূল্যও এখন শত কোটি ডলার ছাড়িয়েছে বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।

পাবলিক মার্কেটে স্পেসএক্সের অভিষেকের প্রথম সপ্তাহে কোম্পানির ভবিষ্যৎ নিয়ে মাস্কের আকাশচুম্বী বিভিন্ন পরিকল্পনায় অংশ নিতে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার কেনার হুড়োহুড়ি পড়ে যায়। তবে দুয়েক দিনে শেয়ার বাজারের উন্মাদনা কিছুটা কমে আসায় সেই লাভের পরিমাণ কিছুটা কমেছে।

এ সপ্তাহের শুরুতে স্পেসএক্সের বাজার মূলধন অ্যামাজন এবং সামান্য সময়ের জন্য মাইক্রোসফটকেও ছাড়িয়ে গিয়েছিল। তবে বৃহস্পতিবারের শেয়ারের দাম কমায় দিনশেষে স্পেসএক্সের বাজার মূলধন দাঁড়ায় ২.৪৩ ট্রিলিয়ন ডলারে, ফলে ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের নিচে নেমে আসে কোম্পানিটি।

এরপরও গেল সপ্তাহে শেয়ার প্রতি ১৩৫ ডলারের নির্ধারিত দামে শেয়ার বাজারে ঐতিহাসিক অভিষেকের পর থেকে কোম্পানির শেয়ারের দাম এখনও ৩৭ শতাংশের ওপরে রয়েছে।

শুরুর দিকের বিনিয়োগকারী থেকে শুরু করে কোম্পানিটির দীর্ঘদিনের যেসব শীর্ষ কর্মকর্তার শেয়ারের মূল্য বর্তমানে ১০০ কোটি ডলারের বেশি ‘ফ্যাক্টসেট’-এর তথ্য ব্যবহার করে তেমন কয়েকজন স্পেসএক্স বিনিয়োগকারীর তালিকা তৈরি করেছে সিএনবিসি।

ভ্যালর ইকুইটি পার্টনার্স

‘ভ্যালর ইকুইটি পার্টনার্স’ বর্তমানে প্রায় ৯ হাজার ৬৬০ কোটি ডলার মূল্যের শেয়ারের মালিক, যার সিংহভাগই এই কোম্পানির গ্রাহকদের। এ কোম্পানির প্রতিষ্ঠাতা ও সিইও এবং মাস্কের দীর্ঘদিনের সহযোগী আন্তোনিও গ্রাসিয়াস বর্তমানে স্পেসএক্সের পরিচালনা পর্ষদে দায়িত্ব পালন করছেন।

গ্রাসিয়াস বলেছেন, ২০ বছরেরও বেশি সময় আগে তাদের পারস্পরিক বন্ধু ডেভিড স্যাক্সের মাধ্যমে মাস্কের সঙ্গে তার পরিচয়। ডেভিড স্যাক্স একজন ভেঞ্চার ক্যাপিটালিস্ট।  বর্তমানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের এআই ও ক্রিপ্টো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এর আগে, টেসলার পরিচালনা পর্ষদেও ছিলেন ভ্যালরের সিইও গ্রাসিয়াস। এ ছাড়া, মার্কিন ফেডারেল কর্মীবাহিনী, বিভিন্ন নিয়মকানুন ও সরকারি খরচ কমানোর উদ্দেশ্যে গঠিত ট্রাম্প প্রশাসনের ‘ডজ’ প্রকল্পের অংশ হিসেবে গেল বছর তিনি মাস্কের সঙ্গে কাজ করেছেন।

লিউক নোসেক

মাস্কের শুরুর দিকের অন্যতম উদ্যোগ পেপাল-এর সহ-প্রতিষ্ঠাতা লিউক নোসেক ২০০৮ সাল থেকে স্পেসএক্সের পরিচালনা পর্ষদে রয়েছেন। কোম্পানিতে তার শেয়ারের বর্তমান দাম ৬৩০ কোটি ডলার।

নোসেক পিটার থিলের সঙ্গে যৌথভাবে ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি ‘ফাউন্ডার্স ফান্ড’ ও পরবর্তীতে ‘গিগাফান্ড’ প্রতিষ্ঠা করেছেন। গুগল অধিগ্রহণের আগে তিনি এআই কোম্পানি ‘ডিপমাইন্ড’-এরও পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন।

গুইন শটওয়েল

স্পেসএক্সে মাস্কের শুরুর দিকের নিয়োগপ্রাপ্তদের একজন গুইন শটওয়েল। তিনি বর্তমানে কোম্পানির প্রেসিডেন্ট ও চিফ অপারেটিং অফিসার হিসেবে কোম্পানিটির দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করছেন।

নোসেকের মতো তিনিও স্পেসএক্সের অন্যতম বড় একক শেয়ারহোল্ডার, যার শেয়ারের বর্তমান মূল্য ২৪০ কোটি ডলার।

আইপিও’র দিন, অর্থাৎ শুক্রবার এক সাক্ষাৎকারে শটওয়েল বলেছেন, “আমার ধারণা, আমি সেখানে একজন পার্টনার বা সহযোগী হিসেবে আছি, যিনি কেবল মাস্কের প্রয়োজনীয় বিভিন্ন কাজ সম্পন্ন করতে সাহায্য করেন। আমি সাধারণত ব্যবসার দৈনন্দিন কার্যক্রমের দিকে মনোযোগ দিই আর মাস্ক উচ্চ-পর্যায়ের কৌশল নির্ধারণ ও প্রযুক্তির গভীরে গিয়ে কাজের ব্যাপারে নজর দেন।”

২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত স্পেসএক্সে লাইফ সাপোর্ট সিস্টেমের মতো প্রজেক্টে ইঞ্জিনিয়ার হিসেবে সাত বছর কাজ করা নাথান সিলভারনেইল বলেছেন, “মাস্ক কোনো লক্ষ্য বা ভিশন ঠিক করলে শটওয়েল এর বাস্তবায়ন নিশ্চিত করেন।”

ব্রেট জনসেন

ব্রেট জনসেন হলেন স্পেসএক্সের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এবং তিনি ২০১১ সালে স্পেসএক্সে যোগ দিয়েছেন। কোম্পানির দীর্ঘমেয়াদী আর্থিক কৌশল ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বে রয়েছেন তিনি।

এর আগে, চিপ নির্মাতা কোম্পানি ‘ব্রডকম’ ও ‘মাইন্ডস্পিড টেকনোলজিস’-এ কাজ করেছেন জনসেন। স্পেসএক্সে তার শেয়ারের বর্তমান মূল্য ১২০ কোটি ডলার।