Published : 23 Jun 2026, 12:18 AM
পল্লী সড়ক উন্নয়ন অবকাঠামো খাতে সরকারের নেওয়া শরিয়াহভিত্তিক ৫ হাজার ৬০০ কোটি টাকার বিনিয়োগ সুকুকের বিপরীতে সাড়ে ৮ গুণ বেশি আবেদন পড়েছে। এর মধ্যে ব্যক্তি পর্যায়ে আবেদন এসেছে প্রায় ২৭০ কোটি টাকার।
চাহিদার তুলনায় আবেদন বেশি হওয়ায় সবার মাঝে আনুপাতিক হারে সুকুক বরাদ্দ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে এ নিলাম অনুষ্ঠিত হওয়ার তথ্য দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
‘ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্প (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় ‘৯ম বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক’ ছাড়া হয়। ৫ হাজার ৬০০ কোটি টাকার প্রকল্পে চাহিদার বিপরীতে আবেদন জমা পড়ে ৪৭ হাজার ৪৯০ কোটি ৮৮ লাখ টাকার। পাঁচ বছর মেয়াদি এ ইজারা সুকুকের বার্ষিক মুনাফার হার ৯ দশমিক ৭৫ শতাংশ।
শরিয়াহভিত্তিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, প্রচলিত ব্যাংকের ইসলামিক শাখা, ব্যক্তিপর্যায়ের বিনিয়োগকারী ও বিভিন্ন প্রভিডেন্ড ফান্ডের পক্ষ থেকে মোট ৪৭ হাজার ৪৯০ কোটি ৮৮ লাখ টাকার নিলাম দাখিল করা হয়, যা চাহিদার বিপরীতে ৮ দশমিক ৪৮ গুণ বেশি।
কেন্দ্রীয় ব্যাংক বলেছে, আবেদন বেশি জমা হওয়ায় নির্ধারিত আনুপাতিক হারে বিনিয়োগকারীদের অনুকূলে সুকুক বরাদ্দ দেওয়া হয়।
মোট সুকুকের ১৫ শতাংশ অর্থাৎ ৮৪০ কোটি টাকা ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারীদের মধ্যে বরাদ্দ নির্ধারিত ছিল। এর বিপরীতে ব্যক্তি পর্যায়ে আবেদন জমা হয় ২৬৯ কোটি ৬৩ লাখ টাকা। অবশিষ্ট অংশ ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ অন্যান্য আবেদনকারীর মাঝে আনুপাতিক হারে বরাদ্দ দেওয়া হয়।
নিলামে পাওয়া সুকুক কেন্দ্রীয় ব্যাংকে এসএলআর হিসেবে ব্যবহার করতে পারবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।
এর মানে কেন্দ্রীয় ব্যাংকে আমানতের বিপরীতে নগদ যে অর্থ নিয়মিত সংরক্ষণ করতে হয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে, এখন থেকে এই সুকুকের বিনিয়োগকে জামানত হিসেবে রেখে এসএলআর হিসেবে গণনা করা যাবে।
অন্যদিকে প্রচলিত ব্যাংকের ইসলামিক বিভাগ এই সুকুক জামানত হিসেবে রেখে কেন্দ্রীয় ব্যাংক থেকে তারল্য সহায়তা নিতে পারবে ধার হিসেবে।
তালিকাভুক্ত হওয়ায় শরিয়াহভিত্তিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, শরিয়াহভিত্তিক বীমা কোম্পানি, প্রচলিত ব্যাংক ও বীমা কোম্পানি, প্রচলিত ব্যাংকের ইসলামিক শাখাসহ ব্যক্তি বিনিয়োগকারীরা পুঁজিবাজারে এ সুকুক কেনাবেচা করতে পারবে।
অন্যদিকে দেশে প্রথমবারের মত স্বল্প মেয়াদী ২৭৩ দিন বা ৯ মাস মেয়াদি শরিয়াহ সুকুক ছাড়তে যাচ্ছে সরকার। আগামী ২৮ জুন এটির নিলাম অনুষ্ঠিত হওয়ার দিন ঠিক করা হয়েছে।
সরকার পল্লী উন্নয়ন অবকাঠামো প্রকল্প-২ এর আওতায় এর মাধ্যমে ৯ দশমিক ৩৬ শতাংশ হার মুনাফায় ৫ হাজার ৫০০ কোটি টাকা তোলা হবে।