দেশের ১ শতাংশ মানুষও পুঁজিবাজার বোঝে না: অধ্যাপক শিবলী
বাজারে পতনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক প্রচার-প্রচারণাকে দায়ী করেন তিনি।
শক্তিশালী অর্থনীতির জন্য পুঁজিবাজার সহায়ক হলেও দেশের এক শতাংশ মানুষও পুঁজিবাজার বোঝে না দাবি করে বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, তবে সমস্যা হলেই সমালোচনা করা হয় নিয়ন্ত্রক সংস্থা আর সরকারকে।
রোববার রাতে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ পালন উপলক্ষে পুঁজিবাজারভিত্তিক দুটি সংস্থা সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ (সিডিবিএল) ও সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ (সিসিবিএল) যৌথ আয়োজনে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
ঢাকার হোটেল লো মেরিডিয়ানে আয়োজিত এ সভায় তিনি সাম্প্রতিক সময়ে পুঁজিবাজারে দীর্ঘপতনের বিষয়ে আলোকপাত করে বলেন, ‘‘কেন মার্কেট খারাপ তা সবাই জানে। বর্হিবিশ্বের সমস্যা ও ব্যাংকিং খাতে লিকুইডিটি সমস্যা হওয়ার কারণে এটি হচ্ছে। মার্কেট থেকে লিকিউডিটি পুল করে নিয়ে গেছে কিছু ব্যাংক।’’
অর্থনীতি যত শক্তিশালী হবে পুঁজিবাজার তত ভালো হবে জানিয়ে অধ্যাপক শিবলী বলেন, ‘‘পুঁজিবাজার হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য। দীর্ঘমেয়াদী না হলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন।”
শেয়ার দর কেলেঙ্কারিতে সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও বাজারের স্বার্থে তাদের নাম অনেক সময় প্রকাশ করা হয় না জানিয়ে তিনি বলেন, বিভিন্ন কারণে বাজারের স্বার্থে অনেক শাস্তির বিষয়ে প্রকাশ করা করি না।
তিনি বলেন, ‘‘সিডিবিএল সিসিবিএল একসঙ্গে কাজ করলে সামনে অনিয়ম কমানো আরও সহজ হবে। আমরা এনফোর্সমেন্ট অ্যাকশনে যেতে চাই না। আমরা একটি সুন্দর শেয়ারবাজার চাই।’’
বাজারে পতনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ফেইসবুক-ইউটিউবে নেতিবাচক প্রচার-প্রচারণাকে দায়ী করে তিনি বলেন, ‘‘আমাদের সবচেয়ে বেশি অসুবিধা হয়ে গিয়েছে ফেইসবুক ও ইউটিউবে নেতিবাচক প্রচার নিয়ে। ভিউয়ার এট্ট্রাক করতে গিয়ে নেতিবাচক ও রং তথ্য দিয়ে বাজারে প্যানিক সৃষ্টি করা হচ্ছে।’’
অর্থনীতির উন্নয়নে বিদেশি বিনিয়োগ আসছে জানিয়ে বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘‘আমাদের এখন কাজ হচেছ বাংলাদেশের সঠিক তথ্য তাদের কাছে পৌঁছে দেওয়া। বিদেশি বিনিয়োগকারীদের তথ্য দিয়ে উৎসাহিত করছি।
‘‘বিনিয়োগের পাইপলাইন অনেক বড় হয়ে উঠছে। বিদেশিসহ দেশের মানুষ কেন যেন নির্বাচনের জন্য অপেক্ষা করছে।’’
পুঁজিবাজারের উন্নয়ন ও কাঠামোগত উন্নয়নে সিসিবিএল কাজ করবে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ওয়াহিদউজ্জামান।
সভাপতির বক্তব্যে সিডিবিএলের চেয়ারম্যান শেখ কবির হোসেন বলেন, আইন হওয়ার পরও বেআইনি ঘটনা ঘটছে। তাই বেআইনি ঘটনায় ব্যবস্থা না নেওয়া হলে তারা উৎসাহী হবে। নিয়ন্ত্রক সংস্থা এখন বেশ কিছু ভালো কাজ করছে। সিডিবিএলও সহযোগিতা করছে।
