২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭-০ জয়ের চেয়েও গোলশূন্য ড্রয়ে ‘বেশি আধিপত্য’ দেখিয়েছে লিভারপুল, দাবি ক্লপের

লিভারপুল কোচের মতে, তারা একটি গোল করতে পারলে চিত্র বদলে যেত।

৭-০ জয়ের চেয়েও গোলশূন্য ড্রয়ে ‘বেশি আধিপত্য’ দেখিয়েছে লিভারপুল, দাবি ক্লপের

লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2023, 06:02 PM

Updated : 18 Dec 2023, 06:54 PM

অ্যানফিল্ডে রোববার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে লিভারপুলের ম্যাচের আগে ঘুরেফিরে আসছিল দুই দলের সবশেষ মুখোমুখি লড়াইয়ের প্রসঙ্গ। একই মাঠে সেই ম্যাচে ম্যানচেস্টারের দলকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছিল ‘অল রেড’ নামে পরিচিত দলটি। সেখানে এবার কোনো গোলই হয়নি! তবে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের দাবি, ওই বিশাল জয়ের ম্যাচের চেয়েও এবার পারফরম্যান্সে বেশি আধিপত্য দেখিয়েছেন তারা।

ম্যাচের পরিসংখ্যানের দিকে নজর দিলে ক্লপের মূল্যায়ন অবশ্য সঠিক। ঘরের মাঠে প্রিমিয়ার লিগের এবারের ম্যাচে ৬৯ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ৩৪টি শট নেয় তারা, যার ৮টি ছিল লক্ষ্যে, কিন্তু কোনোটিই জাল খুঁজে পায়নি।

গত মার্চে অ্যানফিল্ডে লিগ ম্যাচেই ইউনাইটেডের বিপক্ষে লিভারপুল ৬০ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৮টি শট নিয়ে ৮টি লক্ষ্যে রাখে, যার ৭টি পায় জালের দেখা।

ওই ম্যাচে লিভারপুলের সঙ্গে সমান তালে খেলার চেষ্টা করেছিল এরিক টেন হগের দল, যার চড়া মূল্য দিতে হয় একের পর এক গোল হজম করে। এবার সেখানে ভিন্ন কৌশল বেছে নেন ইউনাইটেডের ডাচ কোচ। সেন্টার-ব্যাক হ্যারি ম্যাগুইয়ারসহ বেশ কয়েকজন খেলোয়াড় চোটে বাইরে থাকায় রক্ষণ জমাট রেখে খেলে তারা, তাতে লিভারপুলের জন্য চ্যালেঞ্জটা আরও কঠিন হয়ে যায়।

ম্যাচের পর স্কাই স্পোর্টসের সঙ্গে আলাপচারিতায় ক্লপ বলেন, শুধু গোলটাই পাননি তারা।

"আমি অনেক ভালো কিছু দেখেছি, কেবল একটি দিকই পছন্দ হচ্ছে না, আর তা হলো ফলাফল। আমাদের গোল করা উচিত ছিল, সুযোগ পেয়েছিলাম এবং আরও পরিষ্কার সুযোগ তৈরি করা উচিত ছিল।”

"ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এমন প্রভাববিস্তারী পারফরম্যান্স পূর্বে দেখেছি কি-না, মনে করতে পারছি না, এমনকি ৭-০ গোলে জয়ের ম্যাচেও নয়। আমরা যদি এভাবে খেলি তাহলে প্রতিপক্ষ দলের জন্য তাদের নিজেদের অর্ধ থেকে বেরিয়ে আসা কঠিন।”

লিভারপুল একটি গোল করতে পারলে চিত্র বদলে যেত বলেও মনে করেন এই জার্মান কোচ।

"আমরা গোল করতে পারলে খেলার গতি পরিবর্তন হতো, তারা (ইউনাইটেড) কিছুটা উন্মুক্ত হয়ে যেত এবং আরও ঝুঁকি নিত। কিন্তু কিছুই পরিবর্তন হয়নি, তারা সবকিছু ঢেলে দিয়েছে এবং শেষ পর্যন্ত স্কোরলাইন গোলশূন্য।”

এখানে পয়েন্ট হারিয়ে লিগ টেবিলে শীর্ষে ফেরার সুযোগ হারিয়েছে লিভারপুল। ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে লিভারপুল দুইয়ে, অ্যাস্টন ভিলা তিনে আছে।

সাত নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ২৮।