হকিতে বিদায়ের আগে জিতল খুলনা ও ঢাকা
এই দুই দলের হকি চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা চারে খেলার আশা শেষ হয়ে গিয়েছিল আগেই।
শিরোপা লড়াইয়ের সেরা চার ও ছিটকে যাওয়া দুই দল নিশ্চিত হয়েছে আগেই। শেষ রাউন্ডের ম্যাচগুলো তাই কেবলই পয়েন্ট টেবিলের স্থান নির্ধারণের। নিজ নিজ ম্যাচে জিতে শেষটা অন্তত ভালো করেছে সাইফ পাওয়ার গ্রুপ খুলনা ও ওয়ালটন ঢাকা।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শনিবার রূপায়ন সিটি কুমিল্লাকে ৩-২ গোলে হারায় খুলনা। জয়ী দলের তিন গোলদাতা গুইদো বারিইরোস, মর্টিজ ফ্রেই ও আজফার ইয়াকুব। ১০ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম হয়েছে তারা।
আরেক ম্যাচে দাপুটে হকি খেলে একমি চট্টগ্রামকে ৭-৩ গোলে উড়িয়ে দেয় ঢাকা। তাদের জয়ে আশরাফুল ইসলাম, রকিবুল ইসলাম রকি ও সামিন জোড়া গোল করেন। একটি গোল মোহাম্মদ আব্দুল্লাহর। ১০ ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে তলানিতে ওয়ালটন।
সেরা চার নিশ্চিত হওয়া মোনার্ক পদ্মা ও মেট্রো এক্সপ্রেস বরিশাল ২-২ ড্র করেছে। দীন ইসলাম ইমনের জোড়া গোলে শুরুতে জয়ের আশা জাগিয়েছিল বরিশাল। পেনাল্টি কর্নার থেকে মিয়া তানিমিতসুর গোলে ঘুরে দাঁড়ানোর পর ২৯তম মিনিটে সমতা ফেরান কৃষ্ণা কুমার। দুটি দলই শেষ করল ১০ ম্যাচে ১৬ করে পয়েন্ট নিয়ে।
সোমবার প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে চট্টগ্রাম ও কুমিল্লা। একই দিনে এলিমিনেটরে মুখোমুখি হবে বরিশাল ও মোনার্ক পদ্মা।
প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল উঠবে ফাইনালে। আর পরাজিত দল দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে এলিমিনেটরে জয়ী দলের বিপক্ষে। এখান থেকে জয়ী দল উঠবে শিরোপা লড়াই।
১৭ তারিখে ফাইনাল।
