১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিকান নেশন্স কাপের টিকেট পেল সেনেগাল

মঙ্গলবার মাঠে না নেমেই আগামী বছরের আসরে খেলা নিশ্চিত হয়ে যায় দলটির।

আফ্রিকান নেশন্স কাপের টিকেট পেল সেনেগাল

সেনেগাল দল। ছবি: সেনেগাল ফুটবল ফেডারেশন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 12:25 AM

Updated : 18 Nov 2026, 12:25 AM

প্রথম দল হিসেবে বাছাইপর্ব পেরিয়ে ২০২৭ আফ্রিকা কাপ অব নেশন্সে খেলা নিশ্চিত করেছে সেনেগাল। মঙ্গলবার মাঠে না নেমেই মূল পর্বের টিকেট পেয়েছে দলটি।

আগামী বছরের জুন-জুলাইয়ে কেনিয়া, উগান্ডা ও তাঞ্জানিয়ার যৌথভাবে হবে ২৪ দলের আসর। স্বাগতিক হিসেবে এই তিন দলের মূল পর্বে খেলা নিশ্চিত হয়েছে আগেই। সেখানে যুক্ত হলো সেনেগালের নাম।

‘জে’ গ্রুপে মঙ্গলবার ইথিওপিয়ার বিপক্ষে মোজাম্বিকের ১-০ গোলের জয়ে নিশ্চিত হয়ে যায়, সেনেগাল তালিকার শীর্ষ দুইয়ের বাইরে যাবে না। ফলে বাছাইপর্বের আরও দুটি রাউন্ড বাকি থাকতেই মহাদেশীয় এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে জায়গা নিশ্চিত করে ফেলেছে তারা।

চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে এখন গ্রুপের শীর্ষে আছে সেনেগাল। ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে মোজাম্বিক। পরের দুটি স্থানে সুদান ও ইথিওপিয়ার সমান ৩ পয়েন্ট করে।

গ্রুপের শীর্ষ দুই দল পাবে মূল পর্বের টিকেট।

২০২৫ আসরের ফাইনালে স্বাগতিক মরক্কোর বিপক্ষে সেনেগাল ১-০ গোলে জিতেছিল। তবে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে সেনেগালের খেলোয়াড়দের মাঠ ছেড়ে চলে যাওয়ার ঘটনায়, কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) আপিল কমিটি সেনেগালের সেই শিরোপা কেড়ে নেয়।

বিষয়টি এখন ‘কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট’ বা আন্তর্জাতিক ক্রীড়া আদালতে বিচারাধীন রয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ বিষয়ে রায় দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।