লিভারপুলের ‘বাজে’ মৌসুমের সব দায় নিলেন ক্লপ
এই মৌসুমের ভুল থেকে শিক্ষা নিয়ে আগামীতে কাজে লাগানোর আশা লিভারপুল কোচের।
আগের মৌসুম দারুণ কাটানোর পর এবার মুদ্রার উল্টো পিঠ দেখছে লিভারপুল। শিরোপাহীন মৌসুমে প্রিমিয়ার লিগে শীর্ষ চারে থাকাটাই তাদের জন্য বড় চ্যালেঞ্জ। দলের খারাপ পারফরম্যান্সের সব দায় নিজের কাঁধে তুলে নিলেন ইয়ুর্গেন ক্লপ। তবে লিভারপুল কোচ আশাবাদী, ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াবেন তারা।
২০২১-২২ মৌসুমে দারুণ ফুটবলের পসরা মেলে লিগ কাপ ও এফএ কাপ জিতে নেয় লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগে রানার্সআপ হওয়া দলটি প্রিমিয়ার লিগে শেষ রাউন্ড পর্যন্ত লড়াই করে দ্বিতীয় হয় চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির চেয়ে স্রেফ ১ পয়েন্ট পিছিয়ে থেকে।
তবে চলতি মৌসুমের চিত্রটা একেবারেই ভিন্ন। এরই মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ, লিগ কাপ ও এফএ কাপ থেকে ছিটকে গেছে লিভারপুল। ইংল্যান্ডের শীর্ষ লিগে এখন তারা আছে অষ্টম স্থানে।
লিগে ২৮ ম্যাচে ৪৩ পয়েন্ট লিভারপুলের, যা গত মৌসুমে দলটির মোট পয়েন্টের অর্ধেকেরও কম।
লিগের শীর্ষে থাকা আর্সেনালের বিপক্ষে রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় মাঠে নামবে লিভারপুল। এই ম্যাচের আগে স্কাই স্পোর্টসের সঙ্গে আলাপচারিতায় ক্লপ বলেন, মৌসুমের বাকি অংশে লড়াই চালিয়ে যেতে চান তারা।
“আমাদের সমর্থকদের জন্য আমি দুঃখিত, কারণ মৌসুমটা তাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। কিন্তু দীর্ঘ মেয়াদে তারা সেটা ভুলে যাবে। গত বছর বা তার আগের বছর আমরা যা করেছি, তা নিয়ে আমি বেশি ভাবতে পারি না। এই বাজে পারফরম্যান্সের জন্য আমিই শতভাগ দায়ী এবং এটা আসলেই ভালো নয়।”
“কিন্তু আমাদের এসবের মধ্যেই লড়াই চালিয়ে যেতে হবে এবং তা কঠিন। কাজটা সহজ হলে তারা আমাকে এত অর্থ দিত না।”
লিগে এই মুহূর্তে যথাক্রমে তিন ও চারে থাকা নিউক্যাসল ইউনাইটেড (৫৬ পয়েন্ট) ও ম্যানচেস্টার ইউনাইটেডের (৫৬ পয়েন্ট) চেয়ে ১৩ পয়েন্ট পিছিয়ে আছে লিভারপুল। দুটি দলই অবশ্য তাদের চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছে।
প্রিমিয়ার লিগে শীর্ষ চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়াটাই এখন ক্লপের দলের জন্য কঠিন ব্যাপার। এই মৌসুমের ভুল থেকে শিক্ষা নিয়ে আগামীতে তা কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন লিভারপুল কোচ।
