১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

লাইপজিগ ছেড়ে লিভারপুলে সোবোসলাই

হাঙ্গেরির এই মিডফিল্ডার পাঁচ বছরের জন্য চুক্তি করেছেন, খবর বিবিসির।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2023, 10:40 PM

Updated : 19 Jul 2023, 04:58 PM

মাঝমাঠে নতুন খেলোয়াড় যোগ করল লিভারপুল। লাইপজিগ থেকে ইংলিশ ক্লাবটিতে যোগ দিয়েছেন হাঙ্গেরির মিডফিল্ডার দোমিনিক সোবোসলাই। 

সোবোসলাইকে দলে টানার খবরটি রোববার বিবৃতি দিয়ে জানায় লিভারপুল। চুক্তির নির্দিষ্ট মেয়াদ বা ট্রান্সফার ফি সম্পর্কে বিবৃতিতে কিছু বলা হয়নি।

তবে বিবিসির খবর অনুযায়ী, ৭ কোটি ইউরোর বিনিময়ে পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ২২ বছর বয়সী সোবোসলাই। 

২০২১ সালে লাইপজিগে যোগ দেন সোবোসলাই। জার্মান ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯১ ম্যাচ খেলেন তিনি। ২০ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করান ২২টি। অবদান রাখেন দলটির সবশেষ দুই মৌসুমের জার্মান কাপ জয়ে।

হাঙ্গেরি জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৩২টি ম্যাচ খেলেছেন সোবোসলাই। 

নতুন মৌসুমের আগে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে লিভারপুলে নাম লেখালেন সোবোসলাই। এর আগে ইয়ুর্গেন ক্লপের দলে যোগ দেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার আলেক্সিস মাক আলিস্তের।

ইংলিশ প্রিমিয়ার লিগে ২০২২-২৩ মৌসুমে পঞ্চম হয় লিভারপুল। ক্লাবটি থেকে এরই মধ্যে ঠিকানা বদল করেছেন কয়েকজন খেলোয়াড়। নতুন মৌসুম শুরুর আগে তাই দল গুছিয়ে নিচ্ছেন ক্লপ।