১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

ডাগআউটে ফেরার অপেক্ষায় ‘পুরোপুরি সুস্থ’ বায়ার্ন কোচ

কঠিন কিছুদিন কাটিয়ে আবার দলের ডাগআউটে ফিরতে যাচ্ছেন ভেসোঁ কম্পানি।

ডাগআউটে ফেরার অপেক্ষায় ‘পুরোপুরি সুস্থ’ বায়ার্ন কোচ

ভেসোঁ কম্পানি। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 09:24 PM

Updated : 19 Nov 2026, 09:24 PM

বায়ার্ন মিউনিখের অনুশীলনে আরও আগেই যোগ দেওয়া ভেসোঁ কম্পানি এখনও ম্যাচের সময় টাচলাইনে দাঁড়ানোর অপেক্ষায় আছেন। বুন্ডেসলিগার পরের ম্যাচেই জার্মান চ্যাম্পিয়নদের ডাগআউটে দেখা যাবে বেলজিয়ান এই কোচকে।

আলিয়াঞ্জ অ্যারেনায় শুক্রবার কোলনের মুখোমুখি হবে বায়ার্ন। আন্তর্জাতিক বিরতির পর এই ম্যাচ দিয়ে মাঠে ফিরবে লিগ টেবিলের শীর্ষে থাকা দলটি।

গত মাসে বেশ শারীরিক সমস্যায় ভুগতে হয় কম্পানিকে। প্রথমে ভাইরাসে আক্রান্ত হন এবং তা থেকে সেরে ওঠার মাঝেই বায়ার্নের রিজার্ভ দলের অনুশীলনের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ৪০ বছর বয়সি এই কোচ। তখন দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।

পরীক্ষা-নিরীক্ষার পর কম্পানির মেনিনজিয়াল ইরিটেশন ধরা পড়ে। এটি মস্তিষ্ক ও মেরুদণ্ডকে ঘিরে থাকা সুরক্ষামূলক পর্দার প্রদাহজনিত একটি সমস্যা।

পরে অবস্থা স্থিতিশীল হলেও জানানো হয়, কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে তাকে। হাসপাতাল থেকে ফিরে বাড়িতে ছিলেন কম্পানি। তাকে পুরোপুরি বিশ্রাম দিতে ক্লাবের পক্ষ থেকে সবাইকে তার সঙ্গে ফুটবল নিয়ে কোনো আলোচনা না করা নির্দেশ দেওয়া হয়।

পুরোপুরি সুস্থ না হয়েই পরে দলের অনুশীলনে ফেরেন কম্পানি। তবে বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, এখন সম্পূর্ণ ভালো আছেন তিনি। কঠিন সময়ে তার পাশে থাকার জন্য ক্লাব, চিকিৎসক দল, খেলোয়াড়, কোচিং স্টাফ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই কোচ।

“পরিস্থিতিটা বেশ গুরুতর ছিল। তখন এটা ছিল আমার জন্য এক নতুন অভিজ্ঞতা। পেছন ফিরে তাকালে মনে হয়, সবকিছু ঠিকঠাকভাবেই হয়েছে। ক্লাব ও চিকিৎসকদের কাছ থেকে তাৎক্ষণিক সহায়তা পেয়েছি। আমি সত্যিই কৃতজ্ঞ।

“এমন পরিস্থিতিতে শান্ত থাকার এবং ফলাফলের জন্য অপেক্ষা করার চেষ্টা করতে হয়। পুরো প্রক্রিয়াটি ইতিবাচক ছিল, সব পরীক্ষার ফলই ভালো এসেছে। আমাকে বলতেই হবে, এখন পুরোপুরি সুস্থ আছি। অনেকগুলো পরীক্ষা করিয়েছি এবং সবগুলোর রিপোর্টই ভালো এসেছে। ওই নিভৃত সময়ে অনেক কিছু শেখারও চেষ্টা করতে হয়। এখন আমি আবার খুব ভালো বোধ করছি এবং দলের সাথে ফিরতে পেরে আনন্দিত।”

কম্পানির অনুপস্থিতিতে তার সহকারী অ্যারন ড্যাঙ্কসের কোচিংয়ে পাঁচটি ম্যাচ খেলেছে বায়ার্ন। যেখানে চারটি জিতেছে তারা, ড্র হয়েছে একটি।