২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সতীর্থদের এবার লিগ জয়ের চ্যালেঞ্জ নিতে বললেন ইউনাইটেডের দালত

এই পর্তুগিজ মিডফিল্ডারের বিশ্বাস, গতবারের চেয়ে এবার ভালো কিছু করার সামর্থ্য তাদের আছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2023, 10:35 PM

Updated : 28 Jul 2023, 10:35 PM

এক দশক ধরে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতে না ম্যানচেস্টার ইউনাইটেড। নতুন মৌসুম শুরুর আগে সতীর্থদের এই খরা কাটানোর তাগিদ দিলেন দিয়োগো দালত।

স্যার অ্যালেক্স ফার্গুসনের কোচিংয়ে সবশেষ ২০১২-১৩ মৌসুমে প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছিল ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি। এরপর থেকে কেবল হতাশাই সঙ্গী। মাঝে কয়েক মৌসুমে শীর্ষ চারেও জায়গা করে নিতে পারেনি তারা।

তবে গত মৌসুমে এরিক টেন হাগের কোচিংয়ে উন্নতির ছাপ রেখেছে ইউনাইটেড। ২০২২-২৩ লিগে ৭৫ পয়েন্ট নিয়ে তৃতীয় হয় তারা৷ ছয় বছরের শিরোপা খরা কাটিয়ে জেতে গতবারের লিগ কাপ। 

উন্নতির ধারা ধরে রেখে এবার লিগ শিরোপা জয়ের চ্যালেঞ্জ নিতে চান গত মে মাসে ইউনাইটেডের সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করা দালত৷ ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে শোনালেন সেই প্রত্যাশার কথা।

“সঠিক অবস্থানে থেকে প্রিমিয়ার লিগের জন্য লড়াইয়ে আমরা লক্ষ্যস্থির করতে চাই। এজন্য আমাদের অনেক দলের বিপক্ষে লড়তে হবে।”

“তবে আমরা ম্যানচেস্টার ইউনাইটেড, তাই এই বিষয়ে আমাদের দৃষ্টি দিতেই হবে। কেবল প্রেরণার জন্য নয়, ক্লাবের লক্ষ্য পূরণকে দায়িত্ব হিসেবে দেখতে হবে। আমার মতে, গতবারের তুলনায় আরও ভালো কিছু অর্জনের চেষ্টা করার অবস্থায় আছি আমরা।”

নতুন মৌসুমে মাঠে নামার আগে দলে বেশ কিছু পরিবর্তন এনেছেন টেন হাগ। দলে যোগ দিয়েছেন ইংলিশ মিডফিল্ডার ম্যাসন মাউন্ট, ক্যামেরুনের গোলরক্ষক আন্দ্রে ওনানা৷

হ্যারি মাগুইয়ারের বদলে অধিনায়কত্ব দেওয়া হয়েছে ব্রুনো ফার্নান্দেসকে৷ দালতের বিশ্বাস, তার স্বদেশি সতীর্থের নেতৃত্বে এগিয়ে যাবে ইউনাইটেড।

“সত্যি বলতে, তাকে (ব্রুনো) আমি যতটা চিনি তা থেকে বলতে পারি যে, এখানে আসার পর থেকে সে যেমন ছিল সেরকমই থাকবে। দলে যোগ দেওয়ার পর থেকে সে সবসময় সহজাত নেতৃত্বগুণ প্রকাশের চেষ্টা করেছে। সে সবসময়ই ভরসা করার মতো ফুটবলার।”