ম্যানচেস্টার সিটির শিরোপা কেড়ে নেওয়ার পক্ষে নন এনরিকে
পিএসজি কোচের মতে, নিজেদের যোগ্যতাতেই সাফল্য পেয়েছে ইংলিশ ক্লাবটি।
আর্থিক অনিয়মের দায়ে বড় শাস্তির মুখে ম্যানচেস্টার সিটি। শঙ্কা রয়েছে ওই সময়ে তাদের জেতা শিরোপাগুলো কেড়ে নেওয়ারও। তবে মাঠের পারফরম্যান্সে অর্জন করা ট্রফিগুলো সিটির কাছেই থাকা উচিত বলে মনে করেন লুইস এনরিকে। পিএসজি কোচের মতে, নিজেদের যোগ্যতাতেই সাফল্য পেয়েছে ইংলিশ ক্লাবটি।
চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিটির মুখোমুখি হবে পিএসজি। ইতিহাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার একটায় (এএম) শুরু মাঠের লড়াই। ম্যাচটির আগে সিটিকে নিয়ে এসব বলেন এনরিকে।
সিটির বিরুদ্ধে আর্থিক আয় বাড়িয়ে দেখানো এবং ব্যয় কম দেখানোর উদ্দেশ্যে ৯০ কোটি পাউন্ডের বেশি মূল্যের বাণিজ্যিক চুক্তিতে ‘জালিয়াতির’ আশ্রয় নেওয়ার অভিযোগ আনে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। পরে তদন্ত শেষে সিটিকে দোষী সাব্যস্ত করে স্বাধীন কমিশন।
সিটি অবশ্য অভিযোগ অস্বীকার করে আসছে, এবং রায়ের বিরুদ্ধে আপিলও করেছে। তবে ১১৫টি অভিযোগের ১১৪টিরই প্রমাণ মেলায় সিটির চরম শাস্তির দাবি জানিয়ে আসছে অনেকে। জরিমানা ও পয়েন্ট কাটার পাশাপাশি তাদের প্রিমিয়ার লিগ থেকে নিচের স্তরে নামিয়ে দেওয়ার কথা বলেছেন কেউ কেউ। এমনকি কারও কারও মতে তো, তাদের জেতা শিরোপাগুলোও কেড়ে নেওয়ার উচিত।
সিটির বিরুদ্ধে আর্থিক সংক্রান্ত অভিযোগগুলো ২০০৯-১০ থেকে ২০১৭-১৮ মৌসুমের সময়কালের। ওই সময়ে মোট তিনটি প্রিমিয়ার লিগ এবং আরও কয়েকটি শিরোপা জিতেছে তারা।
সিটির শিরোপা কেড়ে নেওয়া উচিত কিনা, এমনটা জানতে চাওয়া হলে এর বিপক্ষে নিজের অবস্থান তুলে ধরেন পিএসজি কোচ এনরিকে।
“প্রথমত, বিষয়টি শোনার পর অবাক হয়েছি। তবে আমার মনে হয়, প্রক্রিয়াটিকে সম্মান জানানো এবং চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা উচিত। সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্দিষ্ট কর্তৃপক্ষ রয়েছে। আমাদের অপেক্ষা করতে হবে। তবে শুধু ফুটবল এবং মাঠে আমি যা দেখেছি, সে বিবেচনায় বলব, ম্যানচেস্টার সিটি ওই ট্রফিগুলোর যোগ্য।
“তাদের খেলার ধরন আমার পছন্দ। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই… আমার মনে হয়, মাঠে জেতা ট্রফির বিষয়টি মাঠেই থাকা উচিত। তারা ট্রফিগুলো জয়ের যোগ্য। আশা করি, তারা ওই শাস্তি এড়াতে পারবে।”
