অ্যানফিল্ডে সিটির জয়ের পর গ্রেপ্তার ১০ এবং আহত পুলিশ কর্মকর্তা
ম্যাচটি শুরুর আগে থেকেই স্বাগতিক সমর্থকরা প্রতিপক্ষের ওপর বিরূপ আচরণ করতে থাকে, ম্যাচের ফল পরে দৃশ্যপট একরকম উল্টে দেয়।
লিভারপুলে হাইভোল্টেজ লড়াইয়ে ম্যানচেস্টার সিটির ৩-০ গোলের জয় ছাপিয়ে খবরের শিরোনাম হয়েছে ম্যাচের পর সমর্থকদের নানা কাণ্ডে গ্রেপ্তার হওয়া এবং পুলিশ অফিসারের আঘাত পাওয়ার ঘটনা।
মাঠের বাইরের নানা বিতর্কিত ঘটনায় জর্জরিত হলেও, মাঠের পারফরম্যান্সে এর প্রভাব পড়তে দেননি সিটির খেলোয়াড়রা। প্রিমিয়ার লিগের আর্থিক আইন ভাঙার দায়ে অভিযুক্ত হয়ে এখন শাস্তির অপেক্ষায় থাকা ক্লাবটি লিভারপুলকে তাদেরই মাঠে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে।
একজন কন্সটেবলকে আঘাত করার সন্দেহে একজনকে, লিভারপুলের ইতিহাসের ট্রাজেডি নিয়ে বাজে মন্তব্য করার অপরাধে পাঁচ জনকে, মদ্যপ অবস্থায় উচ্ছৃঙ্খল আচরণ এবং অন্যদের আঘাত করায় একজনকে, মারামারির ঘটনায় দুইজনকে এবং মাঠে বস্তু নিক্ষেপ করার অপরাধে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আর ওই পুলিশ কর্মকর্তা অ্যানফিল্ড রোডে একজনকে গ্রেপ্তার করার সময় মুখে আঘাত পান। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং বাকি চিকিৎসা তার বাড়িতে হবে।
প্রিমিয়ার লিগের আইন ভাঙার দায়ে দোষী প্রমাণিত হওয়া সিটির বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছিলেন লিভারপুলের ভক্তরা। ক্লাবটির ম্যানেজমেন্টকে জোরাল কণ্ঠে দুয়ো দিচ্ছিল তারা।
শাস্তিস্বরূপ সিটিকে নিচের স্তরে নামিয়ে দেওয়া হতে পারে, লিভারপুল সমর্থকদের কণ্ঠে এই দাবিও জোরাল হচ্ছিল।
