২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

অশান্ত পাকিস্তানের সিন্ধু, প্রদেশ ভাগের পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ-স্বাধীনতার স্লোগান

সিন্ধু প্রদেশ ভেঙে নতুন প্রশাসনিক ইউনিট তৈরির পরিকল্পনা ঘিরে ফুঁসছে করাচি। ‘সিন্ধু এক ছিল, এক আছে এবং চিরকাল এক থাকবে’- বিক্ষোভ থেকে এই ঘোষণার পাশাপাশি উঠেছে ‘সিন্ধুদেশ’ স্লোগানও।

অশান্ত পাকিস্তানের সিন্ধু, প্রদেশ ভাগের পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ-স্বাধীনতার স্লোগান

করাচির রাস্তায় জিয়ে সিন্ধ রাহবার কমিটির মিছিল। ছবি: দ্য ডন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 09:45 PM

Updated : 24 Nov 2026, 09:46 PM

পাকিস্তানে সিন্ধু প্রদেশকে ভাগ করে নতুন প্রদেশ বা প্রশাসনিক ইউনিট তৈরির পরিকল্পনার প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল হয়েছে করাচি।

রোববার চারটি সিন্ধি জাতীয়তাবাদী দলের জোট ‘জিয়ে সিন্ধ রাহবার কমিটি’র (জেএসআরসি) ডাকে প্রাদেশিক রাজধানী করাচির রাজপথে নেমে আসে হাজারো মানুষ।

পাকিস্তানের ডন পত্রিকা জানায়, বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মিছিল করেন; সাচাল এলাকা থেকে শুরু করে গুলিস্তান-ই-জওহর এবং শাহরাহ-ই-ফয়সাল অতিক্রম করে ফাওয়ারা চকে গিয়ে মিছিল শেষ হয়, যেখানে তাদের নেতারা সমাবেশে বক্তব্য রাখেন।

জাতীয়তাবাদী নেতা ড. নিয়াজ কালানি ও রিয়াজ চান্দিওসহ জেএসআরসি জোটভুক্ত দলগুলোর শীর্ষ নেতারা বিক্ষোভে নেতৃত্ব দেন। পাশাপাশি আইনজীবী ও সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরাও এই প্রতিবাদ-বিক্ষোভে একাত্মতা প্রকাশ করেন।

হাতে ব্যানার নিয়ে এবং স্লোগানে স্লোগানে বিক্ষোভকারীরা সিন্ধু প্রদেশ ভাগ করা কিংবা নতুন প্রদেশ ও প্রশাসনিক ইউনিট গঠনের যে কোনও পদক্ষেপ প্রত্যাখ্যান করেন। সেইসঙ্গে তারা প্রদেশটির ঐতিহাসিক, ভৌগোলিক ও সাংস্কৃতিক অখণ্ডতা রক্ষার দাবি জানান।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই বিক্ষোভের ভিডিও ফুটেজে মিছিল থেকে বিক্ষোভকারীদেরকে স্বাধীন ‘সিন্ধুদেশ’-এর স্লোগান দিতেও শোনা গেছে এবং কয়েকটি স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, সিন্ধুর অখণ্ডতার প্রশ্নে কোনও আপস করা হবে না। তারা দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন—সিন্ধু এক ছিল, এক আছে এবং চিরকাল এক থাকবে। তারা সিন্ধু প্রদেশকে নিজেদের মাতৃভূমি হিসেবে উল্লেখ করে বলেন, এই ভূখণ্ড ভাগ করার কোনও অপচেষ্টা সিন্ধুর জনগণ কখনও মেনে নেবে না।

বক্তারা বলেন, সিন্ধুর ঐতিহাসিক অখণ্ডতা নিছক কোনও প্রশাসনিক বিষয় নয়; বরং এটি হাজার বছরের ইতিহাস, সভ্যতা, সংস্কৃতি ও সামষ্টিক আত্মপরিচয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

তারা পাকিস্তানের কেন্দ্রীয় সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সিন্ধুর মানুষের আবেগ ও আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানানোর আহ্বান জানান। একইসঙ্গে প্রদেশে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা উসকে দিতে পারে—এমন যে কোনও সিদ্ধান্ত থেকে বিরত থাকার অনুরোধ করেন।

নতুন প্রদেশ ও প্রশাসনিক ইউনিট গঠনের বিষয়ে প্রস্তাবিত গণভোটের উদ্যোগও সরাসরি প্রত্যাখ্যান করেন বক্তারা। তাদের যুক্তি, আগে থেকেই ঠিক করে রাখা কোনও রাজনৈতিক বা প্রশাসনিক উদ্দেশ্যকে বৈধতা দেওয়ার হাতিয়ার হিসেবে জনমতকে ব্যবহার করা অনুচিত।

আসিম মুনিরের পরিকল্পনা:

ভারতীয় পত্রিকা এনডিটিভি জানিয়েছে, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং দেশটির সামরিক-বেসামরিক ক্ষমতা বলয় (এস্টাবলিশমেন্ট)-এর বিরুদ্ধে দেশের মানচিত্র নতুন করে সাজাতে চারটি প্রধান প্রদেশ ভেঙে ছোট প্রশাসনিক ইউনিট তৈরির পরিকল্পনার অভিযোগ উঠেছে।

মূলত এই পরিকল্পনার বিরুদ্ধে ক্ষোভ থেকেই এই বিশাল বিক্ষোভ শুরু হয় এবং একপর্যায়ে আন্দোলনকারীদের কণ্ঠে ‘সিন্ধুদেশ’ বা স্বাধীনতার স্লোগান ওঠে।

পরিকল্পনাটির লক্ষ্য হল: পাকিস্তানের চারটি প্রদেশকে ভেঙে এক ডজন বা তারও বেশি প্রদেশে বিভক্ত করা। যদিও এখন পর্যন্ত আসিম মুনীরের অনুমোদন সম্বলিত কোনও আনুষ্ঠানিক রূপরেখা প্রকাশিত হয়নি, তবুও এই প্রস্তাবের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের নাম জড়িয়ে গেছে—যার ওপরের পদে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী থাকার পরও তিনিই দেশের প্রকৃত ক্ষমতার অধিকারী।

প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, সুশাসন নিশ্চিত করা এবং জনগণের দোরগোড়ায় রাষ্ট্রীয় সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ হিসেবে এই পরিকল্পনা সামনে আনা হয়েছে। তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, এটি বাস্তবায়িত হলে পাকিস্তানের বিদ্যমান ফেডারেল কাঠামো পুরোপুরি বদলে যাবে।

এ বিষয়ে গত ৮ অক্টোবর প্রকাশিত এক সম্পাদকীয়তে ব্রিটিশ সাময়িকী ‘দ্য ইকোনমিস্ট’ মন্তব্য করেছে, এই উদ্যোগের আসল উদ্দেশ্য হল, দেশের রাজনৈতিক বিরোধীদের বিভক্ত করা এবং সেনাপ্রধানের ক্ষমতা ও কর্তৃত্ব আরও সুসংহত করা।

বিলাওয়াল ভুট্টোর বিরোধিতা:

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জোর করে সিন্ধু প্রদেশ ভাগ করা বা ভাঙা হলে সাধারণ মানুষ অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হবে।

করাচি প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, সাংবিধানিক ও আইনি প্রক্রিয়া বাদ দিয়ে বলপ্রয়োগের মাধ্যমে প্রদেশ বিভাজনের যে কোনও চেষ্টার তীব্র বিরোধিতা করবে তার দল।

পাকিস্তানের জিও টিভির প্রতিবেদনে বলা হয়, বিলাওয়াল ভুট্টো বলেছেন, জনগণের ইচ্ছা, সংবিধান ও আইন মেনে নতুন প্রদেশ গঠনের পক্ষে রয়েছে পিপিপি। তবে জোরজবরদস্তি বা বলপ্রয়োগ করে কোনও বিভাজন তারা মেনে নেবেন না।

তিনি আরও বলেন, নতুন প্রদেশ গঠনের সুনির্দিষ্ট প্রক্রিয়া সংবিধানেই উল্লেখ আছে। তাই এর জন্য গণভোটের প্রস্তাব দেওয়ার মানে হল অসাংবিধানিক পথ খোঁজা। পাকিস্তানে এর আগেও অগণতান্ত্রিক উদ্দেশ্য হাসিলের জন্য গণভোটকে কাজে লাগানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: দ্য ডন, এনডিটিভি