বিক্ষোভে বলপ্রয়োগের অভিযোগ: ‘কুখ্যাত’ পুলিশ ইউনিট ভেঙে দিলেন মামদানি
নির্বাচনী প্রচারণার সময়ই পুলিশ বিভাগের ‘স্ট্র্যাটেজিক রেসপন্স গ্রুপ’ (এসআরজি) বিলুপ্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মামদানি।
নিউ ইয়র্ক পুলিশের একটি বিশেষ ইউনিট বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে সমালোচিত হওয়ার পর সেটি বিলুপ্ত করছেন নগরীর মেয়র জোহরান মামদানি।
এখন থেকে বড় ধরনের জনবিক্ষোভ সামাল দিতে ওই ইউনিটটির পরিবর্তে ‘বেসামরিক নেতৃত্বাধীন নতুন ব্যবস্থা’ চালু করা হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।
গত বছর নির্বাচনী প্রচারণার সময়ই পুলিশ বিভাগের ‘স্ট্র্যাটেজিক রেসপন্স গ্রুপ’ (এসআরজি) বিলুপ্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মামদানি।
এক দশকের পুরোনো এই সন্ত্রাসবাদবিরোধী ইউনিটটি রাজপথের বিক্ষোভ ঠেকাতে কঠোর কৌশল প্রয়োগের কারণে আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছিল। ইউনিটটির বিরুদ্ধে দাঙ্গাবিরোধী সরঞ্জামে সজ্জিত সশস্ত্র সদস্যদের মাধ্যমে পেপার স্প্রে ছোড়া এবং গণগ্রেপ্তারের মতো অভিযোগ রয়েছে।
নিউ ইয়র্ক নগরীর পুলিশ কমিশনার জেসিকা টিশকে সঙ্গে নিয়ে দেওয়া এক যৌথ ঘোষণায় মামদানি জানান, তিনি ‘কমিউনিটি ডায়ালগ অ্যান্ড ডি-এস্কেলেশন ডিভিশন’ নামে বেসামরিক নেতৃত্বাধীন একটি নতুন দল গঠন করছেন। এই দলের সদস্যরা নিরস্ত্র থাকবেন এবং কাউকে গ্রেপ্তার করার ক্ষমতা থাকবে না তাদের।
মেয়র জানান, নিউ ইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) বিলুপ্ত হতে যাওয়া এসআরজি ইউনিটের আংশিক স্থলাভিষিক্ত হবে ‘প্যাট্রোল সাপোর্ট ডিভিশন’ নামের একটি নতুন ইউনিট। এই ইউনিটটি ভিন্নভাবে বিক্ষোভ সামাল দেওয়ার দায়িত্ব পালন করবে।
এক বিবৃতিতে মেয়র মামদানি বলেন, “নিউ ইয়র্কবাসীর প্রতিবাদের সাংবিধানিক অধিকার চর্চার ক্ষেত্রে পুলিশের আচরণ কোনো সন্ত্রাসী হুমকি মোকাবেলার মতো হওয়া উচিত নয়।”
২০২০ সালের গ্রীষ্মে পুলিশি সহিংসতার প্রতিবাদে চলা বিক্ষোভে অংশগ্রহণকারী, সাংবাদিক ও আইনি পর্যবেক্ষকদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ ওঠে এসআরজির বিরুদ্ধে।
এর জেরে মামলা করেছিলেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশা জেমসসহ নিউ ইয়র্ক সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এনওয়াইসিএলইউ) ও আরও কয়েকটি পক্ষ।
ওই মামলার পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের এক আইনি সমঝোতায় এসআরজি ইউনিটটি তিরস্কারের মুখে পড়ে।
এনওয়াইসিএলইউ এবং অন্যান্য নাগরিক অধিকার সংগঠন মামদানির এই ঘোষণাকে সতর্কতার সঙ্গে স্বাগত জানিয়েছে।
তবে তাদের আশঙ্কা, নতুন গঠিত প্যাট্রোল সাপোর্ট ডিভিশন শেষ পর্যন্ত এসআরজির বিলুপ্তির বদলে কেবল নতুন নামে পুরোনো ইউনিটটিরই রূপান্তর হয়ে দাঁড়াতে পারে।
নগরীর বৃহত্তম সরকারি আইনি সহায়তাকারী সংস্থা ‘লিগ্যাল এইড সোসাইটি’ সোমবার এক বিবৃতিতে ‘এনওয়াইপিডির অন্যতম কুখ্যাত একটি ইউনিট’ বিলুপ্ত করার পদক্ষেপের প্রশংসা করেছে।
তবে সংস্থাটি বলেছে, এসআরজির পুরোনো কৌশলগুলোর পুনরাবৃত্তি যেন না ঘটে, তা নিশ্চিত করতে নতুন ইউনিটটির ওপর ‘সতর্ক নজরদারি রাখতে হবে’।
এনওয়াইসিএলইউ জানিয়েছে, সিটি কর্তৃপক্ষের সঙ্গে ২০২৩ সালে হওয়া আইনি সমঝোতা যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখাসহ তারা নতুন এই ইউনিটটিকে ‘নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে’।
বিশ্বের অন্যতম বৃহৎ পুলিশ বাহিনী এবং এর প্রায় ৭০০ কোটি ডলারের বার্ষিক বাজেট পরিচালনাকারী কমিশনার জেসিকা টিশ জানান, এসআরজিতে প্রায় ৫০০ কর্মকর্তা রয়েছেন। আগামী বসন্তের আগেই তাদের পুলিশ বিভাগের ভেতরেই অন্যত্র বদলি করা হবে।
তাদের মধ্যে একটি অংশকে বিদ্যমান কাউন্টারটেররিজম ব্যুরোতে (সন্ত্রাসবাদবিরোধী শাখা) পাঠানো হবে বলেও জানান তিনি।
এবিসির ‘আইউইটনেস নিউজ’-কে মামদানির সঙ্গে দেওয়া এক যৌথ সাক্ষাৎকারে টিশ বলেন, “ভিড় নিয়ন্ত্রণের ক্ষেত্রে এনওয়াইপিডি যেভাবে সাড়া দেয়, তাতে কোনো পরিবর্তন আসবে না।”
নতুন প্যাট্রোল সাপোর্ট ডিভিশনটি এসআরজি থেকে কীভাবে আলাদা হবে কিংবা এতে এসআরজির সাবেক কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হবে কি না, এমন প্রশ্নের কোনো জবাব দেননি মেয়রের এক মুখপাত্র।
এদিকে পুলিশ ইউনিয়নগুলো মেয়রের এই পদক্ষেপের সমালোচনা করে বলেছে, এর ফলে পুলিশ কর্মকর্তা ও সাধারণ মানুষের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে।
পুলিশ সদস্যদের কল্যাণমূলক ও পেশাজীবী সংগঠন ‘পুলিশ বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশন’ এর প্রেসিডেন্ট প্যাট্রিক হেনড্রি এক বিবৃতিতে বলেছেন, “আগামীতে যখন বিক্ষোভকারীরা সেতু ও সড়ক অবরোধ করে বা রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করে আপনাদের জীবনযাত্রা ব্যাহত করবে, তখন মনে রাখবেন, মেয়র মামদানি তাদের পক্ষেই আছেন, আপনাদের পক্ষে নন।”
