ডেলিভারি আইন ঠেকাতে প্যাকেটের স্টিকারেই লড়াই অ্যামাজনের
নিউ ইয়র্কের প্রস্তাবিত আইনের ফলে প্রতিটি অর্ডারে ৫ ডলার পর্যন্ত অতিরিক্ত খরচ লাগতে পারে বলে গ্রাহকদের সতর্ক করছে কোম্পানিটি।
নিউ ইয়র্ক সিটির প্রস্তাবিত এক ডেলিভারি আইনের বিরোধিতায় এবার পণ্যের প্যাকেটে সতর্কবার্তার স্টিকার লাগানোর কৌশল নিয়েছে মার্কিন ই কমার্স জায়ান্ট অ্যামাজন।
প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, প্রস্তাবিত এই আইনের ফলে প্রতিটি অর্ডারে ৫ ডলার পর্যন্ত অতিরিক্ত খরচ পড়তে পারে বলে গ্রাহকদের সতর্ক করছে কোম্পানিটি।
নিউ ইয়র্ক সিটির ‘ডেলিভারি প্রোটেকশন অ্যাক্ট’ নামের এ আইনের বিরুদ্ধে সর্বশেষ পদক্ষেপে শহরটির বাসিন্দাদের সমর্থন আদায়ে এই নতুন কৌশল নিল অ্যামাজন।
প্রযুক্তি সাইট ভার্জ ও সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটের একাধিক পোস্ট অনুসারে, কোম্পানিটি তাদের পণ্যের প্যাকেটে বিশেষ স্টিকার লাগাতে শুরু করেছে।
স্টিকারের সতর্কবাণী বলছে, নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের প্রস্তাবিত ‘লাস্ট-মাইল ডেলিভারি’ বা গ্রাহকের দোরগোড়ায় পণ্য পৌঁছানোর শেষ ধাপ সংক্রান্ত পরিবর্তনের ফলে প্রতিটি অর্ডারে ‘৫ ডলার পর্যন্ত’ অতিরিক্ত খরচ যোগ হতে পারে।
মোবাইল অ্যাপে সম্ভাব্য অতিরিক্ত ফি’র বিষয়ে নোটিফিকেশন চালুর পর এবার দামবৃদ্ধির একই ধরনের সতর্কবার্তা দিয়ে প্যাকেটে স্টিকার লাগানো শুরু করল কোম্পানিটি।
ওই বার্তায় কিউআর কোডও যোগ করা হয়েছে, যার মাধ্যমে গ্রাহকরা তাদের স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে প্রস্তাবিত এই পরিবর্তনের প্রতিবাদ জানাতে পারবেন।
কয়েক মাস আগে প্রস্তাবিত ‘ডেলিভারি প্রোটেকশন অ্যাক্ট’ আইনের প্রতি নিজের সমর্থনের কথা গেল অগাস্টে ঘোষণা করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।
বিপুল পরিমাণ পণ্য সরবরাহকারী কোম্পানিগুলো, বিশেষ করে অ্যামাজন গ্রাহকদের হাতে পণ্য পৌঁছে দেওয়ার শেষ ধাপে নিজস্ব কর্মীর বদলে ঠিকাদারদের ওপর নির্ভর করে।
প্রস্তাবিত এ আইনে ওই শেষ ধাপের ডেলিভারি কার্যক্রমের জন্য নতুন লাইসেন্সিং নিয়ম চালুর পাশাপাশি ডেলিভারি কর্মীদের ঠিকাদারের পরিবর্তে সরাসরি কোম্পানির স্থায়ী কর্মী হিসেবে নিয়োগ দেওয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে।
টিমস্টার্স ইউনিয়ন ও বিলটির অন্যান্য সমর্থকদের যুক্তি হচ্ছে, এই আইন কার্যকর হলে অ্যামাজনের মতো বিভিন্ন করপোরেট ডেলিভারির ক্ষেত্রে দায়বদ্ধ থাকবে এবং একইসঙ্গে যারা পণ্য পৌঁছে দেন, সেই পেশাজীবীদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়বে।
তবে অ্যামাজনের দাবি, বিলটি পাস হলে গ্রাহকদের খরচ বেড়ে যাবে ও পণ্য পৌঁছাতে আগের চেয়ে বেশি সময় লাগবে। পাশাপাশি এই নিয়ন্ত্রণ এড়াতে নিউ ইয়র্ক সিটি থেকে নিজেদের ডিস্ট্রিবিউশন সেন্টার সরিয়ে নেওয়ার হুমকিও দিয়েছে অ্যামাজন।
মামদানির জনপ্রিয়তা ও বড় প্রযুক্তি কোম্পানিগুলোর প্রতি মার্কিনীদের বিরূপ মনোভাবের প্রেক্ষাপটে অ্যামাজনের এই সাম্প্রতিক কৌশলটি ব্যর্থতায় পর্যবসিত হতে পারে।
রেডিট ব্যবহারকারী ‘ইউ/স্কিপিরেডিট’ লিখেছেন, “নিউ ইয়র্কবাসীরা এই আইনকে সমর্থন করে। অ্যামাজনের প্রচারযন্ত্র আমাদের ভিন্ন কিছু ভাবাতে চাইছে।”
