‘অপরাধী’ ম্যানচেস্টার সিটির পাশে থাকার বার্তা গুয়ার্দিওলার
দু:সময়ে সবাই মিলে সব প্রতিকূলতা কাটিয়ে ওঠার ব্যাপারে আশাবাদী এই স্প্যানিশ কোচ।
ম্যানচেস্টার সিটি ছেড়ে গেলেও, ক্লাবের দু:সময়ে পাশে থাকার বার্তা দিয়েছেন পেপ গুয়ার্দিওলা। প্রিমিয়ার লিগের আর্থিক আইন ভাঙার অপরাধে ক্লাবটি দোষী প্রমাণিত হওয়ার পর এই স্প্যানিশ কোচ বলেছেন, তিনি সবসময় ক্লাবকটির মালিকপক্ষ এবং নেতৃত্বের পাশে আছেন।
ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে প্রিমিয়ার লিগের আনা ১১৫টি অভিযোগের বিশদ তদন্তে ২০২৩ সালে একটি স্বাধীন কমিশন গঠন করা হয়। একটি বাদে সব অভিযোগের সত্যতা মিলেছে।
তদন্ত ও শুনানি শেষে মঙ্গলবার কমিশনের পক্ষ থেকে জানানো হয়, ওই নির্দিষ্ট সময়কালে বিভিন্ন ব্যবসায়িক অংশীদারের সঙ্গে ‘প্রতারণামুলক চুক্তি’ করে সিটি, একই সঙ্গে কৃত্রিমভাবে ক্লাবের আয় বাড়াতে ও খরচ কমিয়ে দেখাতে ওইসব চুক্তির আশ্রয় নেওয়া হয়।
ক্লাবটি অবশ্য শুরু থেকেই নিজেদের নির্দোষ দাবি করে আসছে। তবে এতে সমালোচনা কমছে না মোটেও। সাবেক দলের এমন কোণঠাসা অবস্থায় তাদের পক্ষে নিজের অবস্থান জানালেন গুয়ার্দিওলা।
“সারা বিশ্বের সব ম্যানচেস্টার সিটি ভক্তকে জানাতে চাই যে আমি এখানেই আছি; আগের চেয়ে আরও বেশি।
“আমি সবসময় তাই ছিলাম, সবসময় তাই থাকব, ক্লাবের পাশে, ক্লাবের মালিক, চেয়ারম্যান, (প্রধান নির্বাহী) ফেররান (সোরিয়ানো), খেলোয়াড়, স্টাফ, (কোচ) এন্টসো মারেস্কার এবং আমাদের অনন্য সমর্থকদের পাশে আছি। স্পষ্ট করে বলি: আমরা একত্রে এই প্রতিকূলতা কাটিয়ে উঠব। আপনাদের সবাইকে ভালোবাসি।”
সিটির বিরুদ্ধে আর্থিক সংক্রান্ত অভিযোগগুলো ২০০৯-১০ থেকে ২০১৭-১৮ মৌসুমের সময়কালের; পাশাপাশি ২০১৮ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রিমিয়ার লিগের তদন্তে সহযোগিতা না করার অভিযোগও রয়েছে সিটির বিরুদ্ধে।
আর গুয়ার্দিওলা দলটির দায়িত্ব নেন ২০১৬ সালের গ্রীষ্মে এবং দ্বিতীয় মৌসুমেই পান প্রিমিয়ার লিগ জয়ের স্বাদ। তার কোচিংয়ে ১০ বছরে ২০২০-২১ থেকে টানা চারবারসহ মোট ছয়বার লিগ চ্যাম্পিয়ন হয় সিটি। এছাড়া দলটিকে তিনি একটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি এফএ কাপ ও পাঁচটি লিগ কাপ জিতিয়েছেন।
সাফল্যে ভরা এক দশকের অধ্যায় শেষে, গত মৌসুম শেষে বিদায় নেন গুয়ার্দিওলা।
দোষী প্রমাণিত হলেও, এর বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত জানিয়েছে সিটি। তবে তাদের সম্ভাব্য শাস্তি কী হতে পারে, তা নিয়ে জল্পনা চলছে আগে থেকেই। ওই অভিযোগের সময়কালে মোট তিনটি লিগ শিরোপা জিতেছিল ক্লাবটি, সেগুলো কেড়ে নেওয়ার দাবিও উঠেছে। আবার এমন শঙ্কাও আছে যে, তাদের নিচের স্তরে নামিয়ে দেওয়া হতে পারে।
২০২৪ সালের নভেম্বরে গুয়ার্দিওলা বলেছিলেন, (শাস্তিস্বরূপ) ক্লাবের অবনমন হলেও ‘তিনি এখানেই থাকবেন।’
