পেটের পীড়ায় অনিশ্চিত ফন পের্সি
আর্জেন্টিনার বিপক্ষে সেমি-ফাইনালের আগেই নেদারল্যান্ডস শিবিরে দুশ্চিন্তা - পেটের পীড়ায় পড়েছেন দলের তারকা স্ট্রাইকার রবিন ফন পের্সি। তার খেলাটা অনিশ্চিত বলে জানিয়েছেন কোচ।
ফাইনালে ওঠার লড়াইয়ের বুধবার আর্জেন্টিনার মুখোমুখি হবে গতবারের রানার্সআপ নেদারল্যান্ডস।
আগের দিন মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি ৩০ বছর বয়সী ফন পের্সি।
দলের অধিনায়কের অসুস্থতার বিষয়ে সংবাদ সম্মেলনে কোচ লুইস ফন গাল জানান, ফন পের্সি পেটের সমস্যায় ভুগছে। দুইবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে তার খেলার বিষয়টি তাই অনিশ্চিত।
বিশ্বকাপের এই আসরে নিজেদের প্রথম ম্যাচে স্পেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করতে জোড়া গোল করেন ফন পের্সি। টুর্নামেন্টে নেদারল্যান্ডসের করা ১২ গোলের ৩টি করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা।
আরিয়েন রবেনের পাশে ডাচ আক্রমণের অন্যতম মূল ভরসা ৩০ বছর বয়সী এই স্ট্রাইকার। তাই শেষ চারের গুরুত্বপূর্ণ ম্যাচে পের্সিকে না পেলে নেদারল্যান্ডসের জন্য তা হবে হতাশার।
ডাচ শিবিরে স্বস্তির খবরও আছে- চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন নাইজেল ডি ইয়োং, রুন ভ্লার ও লেরোয় ফের। তবে এই তিনজন খেলার মতো ফিট কি না, তা জানায়নি দলটি।
