Published : 18 Jul 2026, 06:39 PM
একটি ফ্রি কিক, নিখুঁত কোনো ফিনিশিং কিংবা মাপা কোনো ক্রসে লিওনেল মেসির ম্যাচে ব্যবধান গড়ে দেওয়ার নজির অহরহ। বিশ্বকাপ ফাইনালে তাকে সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখছে স্পেন। আর্জেন্টাইন জাদুকরকে থামাতে কী পরিকল্পনা করছে স্প্যানিশরা? ম্যাচের আগে সেটার কিছুটা খোলাসা করলেন দলটির অধিনায়ক রদ্রি।
নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ জেতার লক্ষ্যে আগামী ২০ জুলাই বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন। নিউ ইয়র্কে হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ১টায় (এএম)।
২০২২ সালে কাতারে মেসির কাঁধে ভর করেই ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। সেবার টুর্নামেন্ট সেরার পুরস্কার গোল্ডেন বল জেতা এই ফুটবলার এবারও আছেন দুর্দান্ত ছন্দে। কিলিয়ান এমবাপের সঙ্গে যৌথভাবে করেছেন সর্বোচ্চ আটটি গোল, সঙ্গে চারটি অ্যাসিস্ট করে গোল্ডেন বুটের লড়াইয়ে সবার আগে এই ফরোয়ার্ড। তৃতীয়বারের মতো পেতে পারেন বিশ্বকাপের গোল্ডেন বলও।
মেসিকে সর্বকালের সেরা ফুটবলার মনে করেন রদ্রি। যেকোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন মেসি, ভালো করেই জানেন তিনি। তবে শুধু মেসি নয়, ফাইনালে পুরো আর্জেন্টিনা দলকে নিয়েই সতর্ক থাকতে হবে বলে মনে করেন স্পেনের মিডফিল্ডার।
“আমার কাছে তিনি সর্বকালের সেরা খেলোয়াড়। তিনি এমন একজন, যিনি জাতীয় দলকে বিশ্বকাপ জেতাতে নেতৃত্ব দিয়েছেন এবং এবারও দলকে ফাইনালে নিয়ে এসেছেন। তবে আর্জেন্টিনা মানে স্রেফ মেসি নয়... অবশ্যই আমাদের তার দিকে নজর রাখতে হবে, তবে একই সঙ্গে অন্য অনেকের দিকেও চোখ রাখতে হবে।”
মেসিকে কীভাবে নিষ্ক্রিয় রাখবে স্পেন? কীভাবে কেড়ে নেবে আর্জেন্টিনা অধিনায়কের আলো? এসব প্রশ্নের উত্তরে নিজেদের পরিকল্পনার কিছুটা খোলাসা করেন রদ্রি।
“প্রথমত, তাকে বক্স থেকে দূরে রাখতে হবে। আর দ্বিতীয়ত, যখন আমাদের রক্ষণে নামতেই হবে, তখন তার আরও কাছে থাকতে হবে এবং আরও আগ্রাসী হতে হবে। সম্ভবত, খুব বেশি নিচে নামা যাবে না। আমরা এমন একটি দল যারা প্রতিপক্ষকে পেছনে ঠেলে দিতে মাঠের ওপরের দিকে চাপ সৃষ্টি করি, এবং আমার মনে হয় রোববারের ম্যাচের মূল চাবিকাঠি এটাই। তবে লিওর মতো একজন খেলোয়াড়ের ক্ষেত্রে—যিনি প্রায় অননুমেয়, তাকে নিয়ে আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে।”
রেকর্ড আটবারের ব্যালন দ’র জয়ী মেসি। গত দশ-পনেরো বছরে তিনি ছাড়া এই স্বীকৃতি পেয়েছেন হাতেগোনা কয়েকজন। তার মধ্যে একজন রদ্রি। তিনি কি মেসির থেকে একটি ব্যালন দ’র ছিনিয়ে নিয়েছেন? এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে আর্জেন্টাইন মহাতারকার উচ্ছ্বসিত প্রশংসা করেন স্পেনের তারকা।
“আমি তার কাছ থেকে কিছুই কেড়ে নেইনি… মেসির পরিচয় মেসি নিজে। তবে ব্যক্তিগত অর্জনের ঊর্ধ্বে, তার ক্যারিয়ারই তার হয়ে কথা বলে। এতগুলো বছর ধরে ফুটবলের সর্বোচ্চ স্তরে খেলে যাওয়া অসাধারণ ব্যাপার। আমি ঠিক জানি না এখন তার বয়স কত (৩৯)- ওই বয়সে এমন দুর্দান্ত ফর্মে থাকা এবং বিশ্বকাপের সেরা খেলোয়াড় হওয়াটা সত্যিই অবিশ্বাস্য। তাদের (আর্জেন্টিনার) কাছে তিনি একজন খেলোয়াড়ের চেয়েও বেশি কিছু। তাদের আদর্শ, তাদের নেতা। তবে আর্জেন্টিনাকে রুখতে হলে মাঠের প্রতিটি বিভাগেই তাদের শক্তভাবে চেপে ধরতে হবে।”