Published : 19 Jun 2026, 04:24 PM
অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর থেকেই তুরস্কের খেলোয়াড়দের দিকে ধেয়ে আসছে সমালোচনার তীর। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল চর্চা। দলে বয়সী যারা, তারা ক্ষত-বিক্ষত হচ্ছেন কম, কিন্তু কম বয়সীদের উপর প্রভাব পড়ছে ভয়ঙ্কর। সমালোচকদের উদ্দেশে তুরস্ক কোচ ভিনচেনজো মন্তেল্লা তাই ক্ষোভ উগরে দিলেন। শিষ্যদের আগলে রাখতে বললেন- এরা মানুষ, রোবট নয়, যন্ত্র নয়।
ভ্যানকুভারে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরে উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরু করেছে তুরস্ক। ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় শনিবার সকাল ১০টায় তারা মুখোমুখি হবে প্যারাগুয়ের। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪-১ গোলে হেরে গ্রুপ পর্ব শুরু করেছে প্যারাগুয়েও।
এখন পর্যন্ত পয়েন্টের খাতা খুলতে না পারা তুরস্ক ও প্যারাগুয়ের জন্য স্যান ফ্রান্সিসকোর ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ। এ ম্যাচে হারলে, গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট পর্বে যাওয়ার স্বপ্ন আটকে যেতে পারে দুঃস্বপ্নের চোরাবালিতে।
গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সমালোচকদের তোপের তোড়ে, মানসিকভাবে মুষড়ে পড়া শিষ্যদের আত্মবিশ্বাস ফেরানোর দিকেই এখন মনোযোগ মন্তেল্লার।
“সমালোচনা আমাকে তেমন একটা বিরক্ত করে না, কেননা, আমি একটু বয়সী এবং এগুলো পাত্তা না দেওয়ার সামর্থ্য আমার আছে। কিন্তু দলে, অনেক খেলোয়াড়েরই বয়স ২০ বছরের কম। তারা তরুণ। এ ধরণের পরিস্থিতিতে তারা ভুগতে পারে (মানসিকভাবে)।”
“আমি মনে করি, নিজ ঘরেই আমরা বেশ কঠোর এবং কর্কশভাবে সমালোচনার শিকার হচ্ছি, এবং গত কয়েকদিনে, তা নিশ্চিতভাবে ছেলেদের মনোবলে প্রভাব ফেলেছে। তারা মানুষ; রোবট নয়; যন্ত্র নয়। বাড়াবাড়ি রকমের প্রতিক্রিয়া প্রভাব ফেলছে তাদের উপর।”
প্যারাগুয়ে ম্যাচ সামনে রেখে খেলোয়াড়দের সতেজ করে তুলতে ক্যাম্পে তাদের পরিবার-পরিজনদের প্রবেশের অনুমতি দিয়েছিলেন মন্তেল্লা। প্রথম ম্যাচের মলিনতা মেনে নিয়ে, এই ইতালিয়ান কোচ জানালেন আশাবাদ। ঘুরে দাঁড়াবে তার দল।
“আমরা দুই ঘণ্টা খুবই উপভোগ্য সময় কাটিয়েছি। যে সময়টুকুতে আমরা আগামীকাল মাঠে গিয়ে কী করতে হবে, সেটা নিয়ে একদমই ভাবিনি।”
“এই দলটি গত তিন বছর ধরে, দারুণ কিছু ফলাফল এনে দিয়েছে এবং আমি মনে করি, আরেকটু বেশি শ্রদ্ধা আমাদের প্রাপ্য। যদিও, (অস্ট্রেলিয়া ম্যাচে) আমরা আরেকটু ভালো করতে পারতাম।”