২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ বছরের সাজা এড়াতে ১২ বছর পলাতক, অবশেষে পুলিশের হাতে ধরা

অর্থ আত্মসাতের মামলায় ২০১৪ সালে আসামিকে সাজা দেয় ব্রাহ্মণবাড়িয়ার আদালত।

৩ বছরের সাজা এড়াতে ১২ বছর পলাতক, অবশেষে পুলিশের হাতে ধরা
গ্রেপ্তার মুর্শেদ খাদেম ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বাসিন্দা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2026, 06:51 PM

Updated : 11 Sep 2026, 03:43 PM

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অর্থ আত্মসাতের মামলায় তিন বছরের সাজা পাওয়া এক আসামি ১২ বছর পালিয়ে থাকার পর অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।

বুধবার রাতে উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান সরাইল থানার এএসআই আমান উল্লাহ।

গ্রেপ্তার মুর্শেদ খাদেম ওই গ্রামের প্রয়াত ফরিদ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ২০১২ সালে ইট দেওয়ার শর্তে উপজেলার হরলাল দেবনাথের কাছ থেকে স্ট্যাম্পে লিখিত দিয়ে সাড়ে তিন লাখ টাকা নেন মুর্শেদ। টাকা গ্রহণের পর ইট না দিয়ে হরলাল দেবনাথের সঙ্গে তালবাহানা করতে থাকেন তিনি। এক পর্যায়ে মুর্শেদ এলাকা থেকে লাপাত্তা হয়ে যান।

পরে বাধ্য হয়ে ২০১৩ সালে মুর্শেদের স্বাক্ষর করা স্ট্যাম্প দিয়ে অর্থ আত্মসাতের মামলা করেন হরলাল দেবনাথ। এ মামলায় ২০১৪ সালে আদালত মুর্শেদকে ৩ বছরের সাজা প্রদান করেন। গ্রেপ্তার ও সাজা এড়াতে সেই সময় থেকে মুর্শেদ পালাতক ছিলেন।

গোপন খবর পেয়ে বুধবার রাত ১০টার দিকে উপজেলার শাহজাদাপুর গ্রামে অভিযান চালিয়ে মুর্শেদকে গ্রেপ্তার করে সরাইল থানার-পুলিশ।

এএসআই আমান উল্লাহ বলেন, একটি মামলায় ১২ বছর আগে সাজা পেয়ে আত্মগোপনে ছিলেন মুর্শেদ। তার নামে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।