Published : 23 Jul 2026, 06:58 PM
পিরোজপুরের ভান্ডারিয়ায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় মামলার আসামি একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার পিরোজপুর শিশু সহিংসতা দমন ট্রাইবুনাল আদালতের বিচারক এসএম মনিরুজ্জামান এ রায় দেন।
মামলার বিবরণে বলা হয়, ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি সকালে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রী অঙ্কের প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়।
সকাল সাড়ে ৮টার দিকে পথে দণ্ডপ্রাপ্ত আসামি তন্ময় মিস্ত্রী ওই কিশোরীর মুখ চেপে ধরে স্থানীয় অমল মিস্ত্রীর রান্নাঘরে নিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে না বলার জন্য তাকে ভয়ভীতি দেখানো হয়।
পরে ঘটনাটি জানাজানি হলে ভুক্তভোগী কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ভান্ডারিয়া থানায় মামলা হয়।
তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচারিক কার্যক্রম শেষে আদালত তন্ময় মিস্ত্রিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দেন।
মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট রহিমা আক্তার হাসি এবং আসামিপক্ষে অ্যাডভোকেট মো. শওকত হোসেন শুনানি করেন।